ফেসবুকেই উদ্যোগের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরুতে শুধু ফেসবুকেই সীমাবদ্ধ ছিল ঝিঁঝিপোকা। সেই উদ্যোগ থেকে দোকান হয়েছে। ছবি: অধুনা
শুরুতে শুধু ফেসবুকেই সীমাবদ্ধ ছিল ঝিঁঝিপোকা। সেই উদ্যোগ থেকে দোকান হয়েছে। ছবি: অধুনা

২০১০ সালের কথা। সে সময় ফেসবুক প্রোফাইলে নিজের তৈরি বিভিন্ন পোশাকের ছবি দিতেন আর সেসবে ট্যাগ করতেন বন্ধুদের। ধীরে ধীরে ছবিগুলোতে লাইক বাড়তে থাকে। প্রথমে করতেন ব্লকপ্রিন্টের কাজ। বছর দুই পরে আনস্টিচড নামে ফেসবুক পেজই খুলে ফেলেন। এতে সেলাই ছাড়া পোশাকের ছবি দেওয়া হতো। পেজেই অর্ডার নিতেন। এভাবেই নিজের তৈরি পোশাক বিক্রি করছেন ফ্যাশন ডিজাইনার মণিদীপা দাশগুপ্ত। ঘরে বসেই ফেসবুক পাতা দিয়ে নিজের ব্যবসায় উদ্যোগ চালাচ্ছেন মণিদীপা।
এখন এমনটা বেশ দেখা যাচ্ছে। যিনি যে কাজটা পারেন, সেটাকে পেশা হিসেবে নিতে বা ব্যবসায় উদ্যোগ শুরু করতে ফেসবুক জনপ্রিয় একটা জায়গা হয়ে উঠেছে। ফেসবুকে শুরু করে পরে দোকান করে ফেলার উদাহরণও আছে। শুরুতে দোকান নিয়ে ব্যবসায়িক উদ্যোগ শুরু করার পুঁজি হয়তো থাকে না। সেই কাজটা সহজেই করা যায় ফেসবুক ব্যবহার করে। মণিদীপা বললেন, ‘আমি দেশি কাপড়ে হাতের কাজ করে বিক্রি করি, পণ্যগুলো মানসম্মত এবং রঙের নিশ্চয়তা আছে। কাপড় সংগ্রহ করি ঢাকার ইসলামপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ থেকে। ফেসবুকের মাধ্যমে ব্যবসা করতে হলে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই সৎ হতে হবে।’
চাইলে আপনিও করতে পারেন এ রকম সৃজনশীল কাজ। ফেসবুক পেজেই শুরু করুন প্রচারণা। হতে পারে হাতের কাজ, কুটিরশিল্প, পোশাক কিংবা নানা রকম সুস্বাদু খাবার তৈরি। ধৈর্য, আস্থা আর বিশ্বাস নিয়ে লেগে থাকুন। সাহস করে নিজের সৃজনশীলতাকে মেলে ধরুন। মানসম্পন্ন ও ব্যতিক্রমধর্মী পণ্য তৈরি করুন, যা সহজেই অন্যকে আকর্ষণ করবে।
গয়না বিক্রির আরেকটি পেজ শৈলী। চালু হয় ২০০৯ সালে। বাহারি রং আর বিচিত্র নকশায় হাতে তৈরি বালা, চুরি, মালা, লকেট, কোমরের বিছা ইত্যাদি বিক্রি হয় এখানে। পেজ থেকে বর্তমানে শৈলীর রয়েছে একটি ওয়েবসাইট। রেডিও জকি হিসেবে কাজ করার পাশাপাশি পেজটি চালাচ্ছেন তাহমীনা খান। তিনি বলেন, ‘ভালোবাসা ও শখ থেকেই গয়না তৈরির শুরু। কাজটির শৈল্পিকতায় আমি মুগ্ধ হই, পরবর্তী সময়ে এটি ব্যবসায়িক রূপ লাভ করে। অনলাইন, জায়গাটা বিশাল এবং যোগাযোগপদ্ধতিও অনেক সহজ।’
হাতে তৈরি উপহারসামগ্রী বিক্রির ফেসবুক পেজ ঝিঁঝিপোকা, চালু হয় ২০১১ সালে। বছর ঘুরে ২০১২ সালের সেপ্টেম্বরে শুরু হয় অনলাইন শপের কার্যক্রম। নিজস্ব কারুকার্য ও চিত্রকর্ম ব্যবহার করে বৈচিত্র্যময় কাঠের পণ্য তৈরি করে প্রতিষ্ঠানটি। পাওয়া যায় ড্রেসিং টেবিল, অফিস ডেস্ক ও গৃহসজ্জার বিভিন্ন উপকরণ। আরও আছে শুভেচ্ছাপত্র এবং কাগজের তৈরি নানা রকমের জিনিস। এখন ঝিঁঝিপোকার দোকানও আছে। ঢাকার ধানমন্ডিতে গড়ে উঠেছে তাদের নিজস্ব শোরুম। ফেসবুকের মাধ্যমে ব্যবসায়িক সাফল্য পাওয়া ঝিঁঝিপোকার পরিচালক ফাহমিদা সিদ্দিকী বলেন, ‘ফেসবুক শপ খুলতে কোনো অর্থের প্রয়োজন হয় না। ফেসবুকে ক্রেতারা যেমন তাঁদের প্রতিক্রিয়া জানাতে পারেন, তেমনি বিক্রেতারাও তাঁদের পণ্যের প্রচার ও অভিনবত্ব নিয়ে পর্যবেক্ষণ করার সুযোগ পান। ফেসবুকের মাধ্যমে পণ্য পরিচিতি খুব দ্রুত হয়।’
নতুনদের জন্য কিছু পরামর্শ
 অনলাইনে এ ধরনের ব্যবসা শুরু করতে হলে প্রথমত, লাগবে একটি কম্পিউটার, ভালো ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ।
 ফেসবুকে দেওয়া ছবিগুলো পেশাদার আলোকচিত্রীর তোলা হলে ভালো হয়। কারণ, ছবিই আপনার পণ্যটিকে তুলে ধরবে।
 দেশের বিভিন্ন স্থানে পণ্য পৌঁছে দিতে নির্দিষ্ট একটি কুরিয়ার সার্ভিসের সঙ্গে চুক্তি করুন।
 ঢাকার ভেতরে পণ্য পরিবহনের জন্য পরিবহনকর্মী থাকলে ভালো হয়।
 পরীক্ষামূলকভাবে আপনার তৈরি পণ্যের বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আগ্রহ ও পছন্দ সম্পর্কে ধারণা নিয়ে নিন।
 পণ্যে নতুনত্ব নিয়ে আসুন এবং যোগাযোগে সক্রিয় থাকুন।
 নিজের প্রতি বিশ্বাস, আস্থা ও সাহস রেখে ব্যবসা চালিয়ে যান।
 ফেসবুকে পেজের প্রচারণা নিয়ে কাজ করতে হবে।
 পণ্যের দাম নির্ধারণে সতর্ক হতে হবে।