ফেসবুকের অপব্যবহার বন্ধে সাইকেল শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকের অপব্যবহার বন্ধে সাইকেল শোভাযাত্রা বের করে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এলাকার সামাজিক সংগঠন ‘ফেসবুক বন্ধুরা’–এর সদস্যরা l প্রথম আলো
ফেসবুকের অপব্যবহার বন্ধে সাইকেল শোভাযাত্রা বের করে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এলাকার সামাজিক সংগঠন ‘ফেসবুক বন্ধুরা’–এর সদস্যরা l প্রথম আলো

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের অপব্যবহার বন্ধে সাইকেল শোভাযাত্রা করেছে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এলাকার সামাজিক সংগঠন ‘ফেসবুক বন্ধুরা’। গত শুক্রবার জুমার নামাজের পর শতাধিক স্কুল-কলেজের শিক্ষার্থী সাইকেল নিয়ে এই প্রচারণা চালায়।

 শোভাযাত্রাটি ঈদগাঁও বাজারের আলমাছিয়া ফাজিল মাদ্রাসা গেট থেকে শুরু হয়ে সাত কিলোমিটার দূরে চৌফলদণ্ডী ইউনিয়ন ঘুরে আসে। এ সময় পথে বিপুলসংখ্যক মানুষ শিক্ষার্থীদের অভিনন্দন জানায়।

পরে ফেসবুকের অপব্যবহার নিয়ে সচেতনতামূলক পথসভায় বক্তব্য দেন সংগঠনের পরিচালক সাজ্জাদুল ইসলাম, সদস্য মিজানুর রহমান, রুবেল কান্তি দে, মো. রুবেল উদ্দীন, নাইমুল ইসলাম, রেজাউল করিম, মিজবাহ উদ্দীন, সাহাব উদ্দীন প্রমুখ।

সাজ্জাদুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির বদৌলতে দুর্গম এলাকার মানুষও এখন ফেসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমকে কাজে লাগিয়ে উপকৃত হচ্ছেন। আবার অনেকে ফেসবুকের অপব্যবহারও করছেন। সরকার তথ্যপ্রযুক্তি ব্যবহার নিরাপদ করতে আইসিটি আইন করেছে। ফেসবুকের অপব্যবহারের কারণে অনেকে সেই আইন লঙ্ঘন করছেন। তা ছাড়া জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ে ফেসবুকে নানা অপপ্রচার চলছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে। অনেকে মন্তব্য ও লাইক দিয়ে বিপদে পড়ছে। তাই ফেসবুক ব্যবহার সম্পর্কে লোকজনকে সচেতন করতেই এই ব্যতিক্রমধর্মী শোভাযাত্রার আয়োজন।