ফেসবুক যদি ক্রিকেট খেলা হতো আর সেই খেলার যদি ধারাভাষ্য দেওয়া হতো, তাহলে কেমন হতো? সেটাই জানাচ্ছেন মো. মিকসেতু

চ্যাট
সুপ্রিয় দর্শকমণ্ডলী, স্বাগত জানাচ্ছি আজকের ধারাভাষ্যে। সঙ্গে আছি আপনাদের প্রিয় কণ্ঠ আমি বকাউল্লাহ বোকি। স্মার্টফোন হাতে ইতিমধ্যেই আঙুলের মৃদু ছোঁয়ায় ওয়াই-ফাই সংযোগের দিকে এগোচ্ছেন হামিম ইকবাল। আপনারা জানেন, হামিম একজন মারকুটে ফেসবুকার। ওয়াই-ফাই কানেক্টেড হওয়ামাত্রই তিনি আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করলেন। একটি মেসেজ আর দুটি ফ্রেন্ড রিকোয়েস্টও এসেছে। তিনি ঠিক কোনটি আগে চেক করবেন, বলা মুশকিল। চারদিকে পিনপতন নীরবতা। না জানি কী হয়! হামিম কি আগে ফ্রেন্ড রিকোয়েস্ট চেক করবেন? নাকি মেসেজ? না দর্শক, সবার উৎকণ্ঠা দূর করে ইতিমধ্যে হামিম ইকবাল মেসেজ ওপেন করেছেন। ‘দুঃখী রাজকন্যা’ তাঁকে একটি ফুলটস ‘Hi’ ডেলিভারি দিয়েছেন। ফুলটস ডেলিভারিটি কীভাবে ফেস করবেন হামিম, সেটাই এখন দেখার অপেক্ষা। ওভার বাউন্ডারি মারবেন নাকি সিন করে ডট দেবেন? নাকি পাল্টা আক্রমণ চালিয়ে ‘Hello’ লিখবেন? হামিম ইকবালকে এই মুহূর্তে দারুণ আত্মবিশ্বাসী মনে হচ্ছে। সজোরে কি–প্যাডে আঙুল চালালেন হামিম এবং মিড উইকেটের ওপর দিয়ে ‘Hello’ লেখা মেসেজটি চলে গেল ‘দুঃখী রাজকন্যা’র সীমানায়!
লাইক
অ্যাঞ্জেল পিয়ার টাইমলাইনে অবস্থান করছেন তরুণ ফেসবুকার অ্যাকটিভ লাইকার মোস্তাহিদ। অ্যাঞ্জেল পিয়ার প্রোফাইল পিকটা বেশ কিছুক্ষণ ধরে দেখলেন এই তরুণ উদীয়মান ফেসবুকার। লাইক অপশনের ওপরে তিনি তাঁর মাউসটি ধরে আছেন শক্ত করে। বেশ কয়েকটা রিঅ্যাকশন দেখা গেল। লাভ, ওয়াও, স্যাড...ঠিক কোনটা বেছে নেবেন মোস্তাহিদ? তাঁর স্নায়ুর ওপর ক্রমশ চাপ বাড়ছে। চাপ বাড়ছে মাউসের ওপরেও। সেটা আবার সংক্রমিত হচ্ছে দর্শকদের মধ্যে। ‘ওয়াও’ দিতে গিয়েও থেমে গেলেন মোস্তাহিদ। তবে কি তিনি লাইক দেবেন না? নাহ্, দর্শকমণ্ডলী, চিন্তার কোনো কারণ নেই। এইমাত্র মোস্তাহিদ লাভ রিঅ্যাকশনের ওপর মাউসটি ক্লিক করেছেন এবং এরই সঙ্গে অ্যাঞ্জেল পিয়ার ঝুলিতে যোগ হলো আরও একটি লাভ রিঅ্যাকশন।
কমেন্ট
দর্শক, এই মুহূর্তে হোমপেজ ঘাঁটছেন সেরা কমেন্টার বাসির হোসেন। থানা প্রান্ত থেকে হোমপেজ ঘাঁটা শুরু করেছেন তিনি। যতই ঘাঁটছেন, একের পর এক সুন্দরী মেয়ের রংবেরঙের ছবি চলে আসছে তাঁর হোমপেজে। বাসির হোসেন প্রতিটি ছবিতে লাইক দিচ্ছেন এবং কমেন্ট করে বেরিয়ে আসছেন। চলে যাচ্ছেন পরের ছবিতে। সেখানেও একই কাণ্ড। বাসির হোসেনকে আজ আটকানোর সাধ্য কারও নেই। মনে হচ্ছে ফোনে যতক্ষণ মেগাবাইট থাকবে ততক্ষণ তিনি এই লাইক-কমেন্টের খেলা চালিয়ে যাবেন। ৭৯তম ছবিতে কমেন্ট করলেন বাসির হোসেন। এখন তাঁর হোমপেজে শোভা পাচ্ছে আরেক সুন্দরী ‘সবার আমি সাথি’র শাড়ি পরা ছবি। বাসির হোসেন বোধ হয় খানিকটা ক্লান্তি অনুভব করছেন। তবে কি তিনি আর কমেন্ট করবেন না? মাউস ছেড়ে পানির বোতল হাতে তুলে নিলেন বাসির হোসেন। দুই ঢোঁক পানি খেয়ে আবারও আমাদের মধ্যে ফিরে এলেন তিনি। ৭৯টি ছবিতে যে ধরনের কমেন্ট করেছেন, ‘সবার আমি সাথি’র ছবিতেও করলেন সেই কালজয়ী কমেন্ট, ‘nyc lagca appi’। এন্টার চাপলেন এবং এরই সঙ্গে বাসির হোসেনের স্কোরবোর্ডে ৮০টি কমেন্ট যোগ হলো। সেঞ্চুরি থেকে তিনি আর মাত্র ২০ কমেন্ট দূরে।
ব্লক
ব্লকার হিসেবে বেশ নাম কুড়িয়েছেন ফেসবুক সেলিব্রিটি স্যাম আলম। কারণে-অকারণে ব্লক করে থাকেন বলেই আজ তিনি পরিচিতি পেয়েছেন ব্লকার হিসেবে। দর্শক, এ মুহূর্তে স্যাম আলমের ভুরু কুঁচকে আছে। কাউকে ব্লক করার সময় তাঁর ভুরু কুঁচকে যায়। এবারও তা-ই হতে যাচ্ছে। নিজের স্ট্যাটাসের নিচে বিরুদ্ধাচরণ করে কমেন্ট করায় একজনের কমেন্ট ডিলিট করলেন স্যাম। তারপর ওই আইডিতে গিয়ে ধীরে ধীরে মাউস নিয়ে গেলেন অ্যাড ফ্রেন্ড অপশনের দিকে। তবে কি ঘৃণার পরিবর্তে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন স্যাম? না দর্শক, ওই তো, ওই তো, অ্যাড ফ্রেন্ড অপশনের পাশেই চারকোনা বক্সে ক্লিক করলেন স্যাম। আর বেছে বেছে একদম নিচের ব্লক অপশনে গিয়ে আলতো করে মাউস চালালেন তিনি। এরই সঙ্গে পতন ঘটল আরও একটি তরতাজা উইকেটের!