ফেসবুকের নিরাপত্তা বিষয়ে প্রচারাভিযান
নগরের নন্দনকানন, দেবপাহাড়, কাতালগঞ্জ ও চান্দগাঁও বৌদ্ধমন্দিরে গত ২৯ অক্টোবর ফেসবুকের নিরাপত্তাবিষয়ক প্রচারণা কর্মসূচি পালন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধ ছাত্রসংসদ আয়োজিত দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।দিনব্যাপী প্রচারাভিযানে বিনা মূল্যে ফেসবুক নিরাপত্তা নির্দেশিকা বিতরণের পাশাপাশি ফেসবুক ব্যবহারকারীদের পরামর্শ ও ল্যাপটপের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সুকর্ণ বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের শিক্ষক সুবর্ণ বড়ুয়াসহ বৌদ্ধ সংগঠনের বিভিন্ন নেতা। তাঁরা বলেন, ইন্টারনেট এবং ফেসবুক এখন মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। ফেসবুকে কীভাবে নিজেকে নিরাপদ রাখা য়ায় তার জন্য একটি কোর টিম গঠন করা হয়েছে। এতে দেশের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞেরা যুক্ত রয়েছেন। প্রচারাভিযানে কর্মসূচিতে সহযোগিতা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্রপরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্রসংসদ, বাংলাদেশ বুড্ডিস্ট হিউম্যানিটি অ্যাসোসিয়েশন, বুয়েট, নর্থসাউথসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নিজস্ব প্রতিবেদক।