ফেসবুকের বুকে তুমি নেই
প্রিয় শজারু,পয়লা এপ্রিল, ২০০৯। তোমার বাবা পরিচয় করিয়ে দিয়ে বললেন, এই তোমার ছাত্রী।মোটা কাচের পেছনে এক জোড়া কৌতূহলী চোখ, বেণি করা চুল, সঙ্গে বেশ স্বাস্থ্যবান রেজাল্ট কার্ড। কয়েক দিন যেতে না-যেতেই মুখে কথার খই ফুটল। রাজ্যের যত গল্প। জানেন, ‘স্কুলে ব্যাডমিন্টন খেলতে গিয়ে...ক্লাসে ম্যাডাম অমুক কাণ্ড ঘটিয়েছেন...আফ্রিকানরা না সব খায়, হাতের কলমটা দ্যাখেন, এটা পেলে এটাও খেয়ে ফেলবে।’ আমি হাসি। গল্প বলার ভঙ্গি অদ্ভুত সুন্দর! হাত নাড়িয়ে মাথা ঝাঁকিয়ে...অসাধারণ। আমি বরাবরই জনপ্রিয় শ্রোতা। মুগ্ধ হয়ে শুনি। টিউশনির সময় ফুরোয়, কিন্তু তোমার গল্পের ঝুড়ি ফুরোয় না। ‘এই প্রথম কাউকে আবিষ্কার করলাম’, যে হাসলে তার চোখ হাসে।পিংক কালারের প্রতি তোমার মারাত্মক দুর্বলতা। পায়ের জুতা, থ্রিপিস, কলম, ব্যাগ, জ্যামিতি বক্স থেকে চুলের ক্লিপ পর্যন্ত পিংক। তুমি ভবিষ্যতে পিংক কালারের যে বাড়িটা করবে, তার সদর দরজায় বড় করে লেখা থাকবে ‘পিংক প্যালেস’। তোমার স্বপ্নে কি আমিও স্বাপ্নিক হই?!১৫ মার্চ, ২০১০ তোমাকে শেষবারের মতো পড়াতে গেলাম। বিশেষ কোনো কথা হলো না। বাসা পরিবর্তন করে নতুন মেসে উঠলাম। বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষার চাপ, বন্ধুদের আড্ডা, ঢাকার চিরন্তন যানজট, হল উদ্ধার আন্দোলন, মেসের ডাল-ভাত ও নিরাবেগী পিছুটানহীন চলাফেরা রুটিনে পরিণত হলো। হঠাৎ একজনকে খুব অনুভব করা শুরু করলাম। সভায় লক্ষ করলাম, বেণি চুলের তুমিই হূদয়ের মণিকোঠায় বিনা অনুমতিতে বসে রয়েছো!প্রিয় শজারু,আমার এমন কোনো বন্ধু নেই, যারা আমার কাছে তোমার গল্প শোনেনি, তোমার নাম জানে না। ফেসবুকে আমার অ্যালার্জি আছে। তবু শুধু তোমাকে খোঁজার জন্য ফেসবুক অ্যাকাউন্ট খুললাম। তোমার তখনো মুঠোফোন ছিল না।০১ সেপ্টেম্বর, ২০১১ তোমার সঙ্গে আবারও দেখা হলো। কিশোরী তোমার তরুণী অবয়ব আড়মোড়া ভাঙছে। গল্পরাজ্যে অদ্বিতীয়া তোমায় দেখে আমি আবারও মুগ্ধ।তোমার নাম নিয়ে গবেষণার একপর্যায়ে তোমার নাম পরিবর্তন। তোমার পুরো নামে তিনটি শব্দ। আদ্যক্ষরগুলো নিয়ে উল্টো করলেই ম্যাজিক। ফলাফল, আমার ‘শজারু’ আবিষ্কার! চমৎকৃত হলে। কিন্তু জানলে না, আমার সেলফোনের মেমোরি কার্ড ভরে গেছে ডাউনলোড করা ‘কিউট’ সব শজারুর ছবিতে।ভ্যালেন্টাইন’স ডে, ২০১২। তুমি খুব ব্যস্ত ছিলে পরীক্ষা নিয়ে। তবু বিশেষ এক অজুহাতে তোমার সঙ্গে দেখা করলাম খুব অল্প সময়ের জন্য। ওটা ছিল আমার জীবনের সেরা ১৪ তারিখ। সেরা মঙ্গলবারও নয় কি?এফএম রেডিও আমি খুব একটা শুনি না। কিন্তু তোমার একটা প্রিয় অনুষ্ঠান টানা আট সপ্তাহ রেকর্ড করে তোমাকে সারপ্রাইজ দিলাম। জানতাম, তুমি ব্যস্ত ছিলে, তাই শুনতে পারোনি। বললে, এখন আর ওটা তুমি শোনো না। তবু অনুষ্ঠানটির সময়ে প্রতি সপ্তাহে এখনো আমার মোবাইলে অ্যালার্ম বাজে।৪ জুন, ২০১২। অনেক কষ্টে তোমার মুঠোফোন নম্বরটা সংগ্রহ করলাম। সাহস করে করে ফোন করলাম ৮ তারিখ! ফোনে কতটা সাবলীল তুমি। পরিস্থিতির শিকার আমার অনিচ্ছাকৃত ভুলগুলো নির্দ্বিধায় ক্ষমা করে দিলে। অথচ কত টেনশনেই না আমি ছিলাম। অনেক এসএমএস চালাচালি হলো। মুঠোফোনের ইনবক্স ভরে যাওয়ায় তোমার প্রথম ৫৪টি এসএমএস ‘শজারু বার্তা’ শিরোনামে আমার ডায়েরির পাতায় জ্বলজ্বল করছে। ৮ জুন থেকে ১১ আগস্ট তোমার সঙ্গে যখন যতটুকু কথাই হয়েছে, তোমার অনুমতি না নিয়েই রেকর্ড করে রেখেছি। কারণ, তোমাতে মুগ্ধ আমি তোমার কথাগুলো হারিয়ে যেতে দিতে চাইনি। তোমার মুঠোফোন নম্বরটা এখন বন্ধ।প্রিয় শজারুতোমাকে বলা হয়নি। ২০১১ সালে তোমার জন্মদিনে তোমার দেওয়া চকলেট দুটোর মোড়ক এখনো আমার কাছে যত্ন করে রাখা। আমার প্রথম মুঠোফোনটা কেনার দিন কাকতালীয়ভাবে তোমার জন্মদিন। বন্ধুদের সঙ্গে চিড়িয়াখানায় গিয়ে সব থেকে বেশি সময় কেটেছে শজারুর খাঁচার সামনে। তোমার আঁকা কার্টুনটা আমার জীবনে কারও কাছ থেকে পাওয়া সেরা গিফট। চশমার পেছনে তোমার চোখ জোড়া আমার দেখা পৃথিবীর সেরা মায়াবী চোখ। আমার সাদা-কালো পৃথিবীতে কেবল তোমার ছবিটিই রঙিন। তোমার মুখ দেখতে সারা জীবন অপেক্ষা করতে হলেও ক্লান্তি আমাকে স্পর্শ করবে না। একমাত্র তোমাকে ফোন দেওয়ার আগেই আমি দ্বিতীয়বার ভাবতাম, তুমি বিরক্ত হবে না তো?তোমার সঙ্গে মুঠোফোনে আমার মোট বলা কথা সময়ের হিসাবে ৩২ হাজার মিনিট ৪৫ সেকেন্ড। কত কথা হলো...কত শুনলাম...কত বললাম...অথচ পৃথিবীর সব থেকে সুন্দর মেয়েটাকে বলা হলো না...‘ভালোবাসি।’ নাম প্রকাশে অনিচ্ছুকদক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা।