ফেসবুকের মন্তব্য গড়াল হাইকোর্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে চট্টগ্রামের আইনজীবী জেসিকা ইরফানের একটি মন্তব্যকে আমলে নিয়ে স্বপ্রণোদিত আদেশ দিয়েছেন হাইকোর্ট। ব্র্যাক হাসপাতালের চিকিৎসক সাদিয়া আফরিন ওরফে ইভার মৃত্যুর ঘটনায় রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনী কী ব্যবস্থা নিয়েছে, তা জানতেই হাইকোর্ট এ আদেশ দেন।গত ১ ডিসেম্বর ঢাকার দক্ষিণখান এলাকায় ব্র্যাক হাসপাতালের তৃতীয় তলায় খুন হন ইভা। হাসপাতালের পিয়ন ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে তাঁকে খুন করেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, জেসিকা ইরফান তাঁর ফেসবুকে ইভার মৃত্যুর ঘটনা নিয়ে কিছু মন্তব্য করেন। ইভাকে বক্তার আসনে বসিয়ে তিনি ছয়টি প্রশ্ন করেন। প্রশ্নগুলো ছিল ১. ‘ব্র্যাক দক্ষিণখান ক্লিনিকের কি কোনো দায়িত্ব ছিল না আমার জীবন সম্ভ্রমের নিরাপত্তা দেওয়ার? এ ব্যাপারে আইন আমার পরিবারকে কী সহযোগিতা করতে পারে? ২. আমার জীবনের মূল্য কত? আমার পরিবারকে কে পরিশোধ করবে এ মূল্য? কারণ, আমারই তো আমার বুড়ো বাবা-মা, বোনকে দেখাশোনা করার কথা ছিল ৩. আমি সিলেট মেডিকেল কলেজের ছাত্রী ছিলাম। আমার মৃত্যুর পর তারা পালন করল সিলেট মেডিকেল কলেজের ৫০ বছর পূর্তি উৎসব। আমার কি কোনো দাবি নেই কলেজের ওপর? তারা কি সরকারের কাছে আমার হত্যাকাণ্ডের বিচার চাইতে পারত না? ক্ষতিপূরণ চাইতে পারত না ব্র্যাকের কাছে? ৪. আমি তো তোমাদের মতো একজন নারী। একবারও কি আমার জন্য তোমরা দুই কলম লিখতে পারতে না? আজ আমার এ করুণ পরিণতি কাল তোমার হবে না, কে বলতে পারে? আমি নিজেও কি জানতাম আমার এ পরিণতির কথা? ৫. এতগুলো নারী সংগঠন, রাজনৈতিক দল আছে। কত দাবি নিয়ে তারা রাস্তায় নামে। হাতে প্ল্যাকার্ড নিয়ে সরব-নীরব মিছিল করে। কই, আমার বেলায় তো কেউ কিছু বলল না? ৬. আমার সংগঠন বিএমএ যেখানে আমি চিকিৎসক হওয়ার পর থেকে চাঁদা দিয়ে আসছি, তাদের কি কোনো দায়িত্ব নেই?হাইকোর্ট প্রশ্নগুলোকে আমলে নেন। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে ইভা হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানাতে পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন।পাশাপাশি ব্র্যাক ইভার ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে কি না, ক্লিনিকে নারী কর্মীদের নিরাপত্তার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা-ও জানতে চেয়েছেন আদালত। নারীর নিরাপত্তার জন্য কী ভূমিকা নেওয়া হয়েছে, এনজিও ব্যুরোর কাছে তা-ও জানতে চেয়েছেন আদালত।আইনজীবী জেসিকা ইরফান আদালতের এ ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আদালত আমার মতামতকে গুরুত্ব দিয়ে এত বড় আদেশ দেবেন, তা আমি ভাবিনি। একজন নারী ও আইনজীবী হিসেবে আমার মনে হয়েছে ইভার সঙ্গে আমাদের সব কর্মজীবী নারীর মিল রয়েছে। আমি আইন পেশা ছাড়াও আইন কলেজে পড়াই। কাজ শেষ করে বাসায় ফিরতে রাত হয়ে যায়। রাতে ফেরার পথে আমি কিংবা অন্য যেকোনো নারী একই ঘটনার শিকার হতে পারি। আমি ইভার বাবার সঙ্গে কথা বলেছি। মেয়েটি হিজাব পরতেন। নিয়মিত নামাজও পড়তেন। কিন্তু তাঁর পর্দাপ্রথাও তাঁকে বাঁচাতে পারেনি। এতে মনে হয়েছে, নারীকে রক্ষার জন্য পোশাক-আশাকই যথেষ্ট নয়।’ফেসবুকে ক্ষোভ প্রকাশের কারণ সম্পর্কে জেসিকা ইরফান বলেন, ‘ওই ঘটনার পর আমি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে পড়ি। আমি দেখলাম, এত বড় ঘটনা ঘটে গেল, অথচ দুজন মানুষও এর প্রতিবাদ করল না। তাহলে এতগুলো সংগঠন কী করছে? আমরা ভারতে ধর্ষণের ঘটনা নিয়ে লেখালেখি করছি, অথচ ইভাকে নিয়ে কারও কোনো কথা নেই। এ ক্ষোভ থেকে আমি ফেসবুকে লিখি মনকে শান্ত করতে।’