ফেসবুকের শিরোপা শিকারিরা!

আগেকার দিনে বনে-জঙ্গলে পশু শিকার করে ড্রয়িরুমে কিংবা ঘরের দেয়ালে সেই পশুর চামড়া, শিং অথবা মাথা অনেকেই ঝুলিয়ে রাখতেন। হালের ভার্চুয়াল সমাজে ফেসবুক বা টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছবি শেয়ার করার বিষয়টিও নাকি একই মানসিকতা থেকে এসেছে। অন্তত সাম্প্রতিক এক গবেষণা এমনটিই বলছে। গবেষণায় বলা হয়েছে, ছবি পোস্ট করার চিন্তায় ব্যস্ত হওয়ায় বাস্তব জীবনের দারুণ সব মুহূর্তগুলো থেকে নিজেদের বঞ্চিত করছি আমরা। এই প্রবণতা যাদের মধ্যে আছে, গবেষকেরা তাঁদের নাম দিয়েছেন ‘শিরোপা শিকারি’। খবর জিনিউজের।
যুক্তরাষ্ট্রে পরিচালিত ওই জরিপে অংশ নেওয়া ৫৮ ভাগ মানুষই বলেছেন, ‘সবচেয়ে সেরা ছবিটা পোস্ট করার তাড়না মাথায় থাকায় মুহূর্তগুলো উপভোগের চেয়ে সে সময় ছবি তোলা নিয়েই ব্যস্ত থাকেন তাঁরা!’
সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের ব্যক্তি জীবনকে কতটা প্রভাবিত করে তা নিয়ে নিউইয়র্ক টাইমসের জনপ্রিয় লেখক জোসেফ গেনি ও ডেভিড ম্যাক্সফিল্ড ওই জরিপটি পরিচালনা করেন। এক হাজার ৬২৩ জন প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ ওই জরিপে অংশ নেন।
সম্প্রতি নিজের ৬০তম জন্মদিন পালন করতে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে অবকাশ যাপনে গিয়ে এ বিষয়টি নজরে পড়ে জনপ্রিয় লেখক জোসেফ গেনির। তিনি লক্ষ করেন, ছুটি উদযাপনের সময় নানা ঘটনা ও দৃশ্যাবলি যথাযথভাবে ছবিতে ধরে রাখা নিয়েই তিনি ব্যস্ত থাকছেন আর তখন তাঁর মাথায় ছিল ছবিগুলোকে ফেসবুক-টুইটারে পোস্ট করার ভাবনা!
বিষয়টি নিয়ে বন্ধু লেখক ডেভিড ম্যাক্সফিল্ডের সঙ্গে আলাপ করেন তিনি। দুই লেখক মিলে এ প্রবণতার একটা নামও দিয়েছেন। তাঁদের মতে, এই প্রবণতাকে ‘শিরোপা শিকার’ এবং এই প্রবণতায় আক্রান্তদের ‘শিরোপা শিকারি’ বলে আখ্যায়িত করা যায়। তাঁরা মনে করছেন, এ যেন আগেকার দিনের বনে-জঙ্গলে পশু শিকার করে ঘরের দেয়ালে পশুর চামড়া বা শিং-মাথা ঝুলিয়ে রাখার মতোই ব্যাপার।
জরিপে অংশ নেওয়া ৯১ ভাগই বলেছেন, পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকেরা ছবি তোলা নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে তাতে দর্শনীয় অনেক কিছুই হয়তো তাঁদের নজর এড়িয়ে যেতে পারেন। আবার দেখা যায় একটা ‘অসাধারণ ছবি’ তোলার জন্য কেউ কেউ অনৈতিক বা ঝুঁকিপূর্ণ আচরণ করছেন, প্রাচীর ডিঙিয়ে বা দেয়ালে উঠে ছবি তুলছেন। ম্যাক্সফিল্ড বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শিরোপা শিকারের’ চিন্তা মাথা থেকে ঝেড়ে আমাদের আরও বেশি করে বাস্তব সমাজের অভিজ্ঞতায় মনোনিবেশ করা প্রয়োজন।