
সপ্তদশ শতাব্দীর শেষ দিকে কেবল অভিজাত ধনীরাই কৃত্রিম দাঁত ব্যবহার করতেন। তখন বৃত্ত অঙ্কনের যন্ত্র দিয়ে মুখের মাপ নেওয়া হতো। সিল্কের সুতা দিয়ে আটকে রাখা হতো আংশিক নকল দাঁত। দামি ধাতু, যেমন সোনা বা হীরার দাঁত ব্যবহার করা ছিল আভিজাত্যের লক্ষণ।বর্তমানে কৃত্রিম প্লেটের জন্য অ্যাক্রিলিক রেজিন ব্যবহার করা হয়। দন্ত চিকিৎসক মুখের মাপের মডেলটি একটি গ্রন্থিবদ্ধের মধ্যে রেখে দাঁতগুলো বসিয়ে দেন। কৃত্রিম দাঁত যথাস্থানে বসানোর আগে মুখের গঠন, দাঁতের রং পরীক্ষা করা হয়। পোরসোলিন দাঁত সাধারণত অ্যাক্রিলিক প্লেটে বসানো হয়। তবে অনেকের মুখে দাঁত খাপ খায় না, অ্যালার্জি হয়। তাই আরও আধুনিক ও উন্নত পদ্ধতিতে দাঁত প্রতিস্থাপন চালু হয়েছে। এতে চোয়ালের হাড়ে স্প্লিন্ট বসিয়ে বেশ কিছুক্ষণ পর তার ওপর কৃত্রিম দাঁত স্থাপন করা হয়। প্রতিস্থাপিত দাঁত ব্যয়সাপেক্ষ হলেও স্থায়িত্ব ও সুবিধা বেশি।এবার জেনে রাখুন কেন কৃত্রিম দাঁত ব্যবহার করা জরুরি। একটি দাঁত হারানোর পর অন্য দাঁতের অনেক ক্ষতি হতে পারে। যেমন নিচের পাটির মাড়ির দাঁত হারানোর কারণে ওপরের পাটির প্রথম মাড়ির দাঁতটি নিজের অবস্থান ছেড়ে নেমে আসতে পারে। সেই সঙ্গে দাঁতের অবস্থান নড়বড়ে হয়ে ফাঁক বেড়ে যেতে পারে। দাঁতের স্বাভাবিক অবস্থান নষ্ট হওয়ার কারণে মাড়ি ও হাড়ে সংক্রমণ বা প্রদাহ হতে পারে। সৃষ্টি হতে পারে দন্তমল বা ডেন্টাল প্ল্যাক। সব মিলে দাঁতের পারিপার্শ্বিক অবস্থাকে অসুস্থ করে তুলতে পারে। তাই ফোকলা বা অনুপস্থিত দাঁত মোটেই স্বাস্থ্যকর নয়। এ জন্য চিকিৎসা জরুরি।
দন্ত বিভাগ, ইব্রাহিম মেডিকেল কলেজ ও বারডেম হাসপাতাল।