১১ ও ১২ ডিসেম্বর ‘ফোকলোর জনগণের ধমনীর স্পন্দন’ স্লোগানকে প্রতিপাদ্য করে উদ্যাপিত হলো ফোকলোর বিভাগের যুগপূর্তি উৎসব।প্রাতিষ্ঠানিক পর্যায়ে এখন পর্যন্ত বাংলাদেশে কেবল রাজশাহী বিশ্ববিদ্যালয়েই ফোকলোর বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।‘কত কিছুই যে শিখেছি এখানে! সমাজতত্ত্ব, নৃতত্ত্ব, ভাষাতত্ত্ব, নন্দনতত্ত্ব, প্রত্নতত্ত্ব, ইতিহাস, সাহিত্য, দর্শন, জাদুঘরতত্ত্ব, পর্যটনবিদ্যা...কী পড়িনি আমরা!’ এভাবেই বলছিলেন বিভাগের সাবেক শিক্ষার্থী মোর্শেদ লিখন। ফোকলোর বিভাগের শিক্ষার্থী মানিক সরকার, কাজী রোকসানা পারভীন, আলী আজগর খোকন, জান্নাতুল ফেরদৌস, নাসরিন আহমেদ, আয়েশা আক্তার, তপন কুমার অধিকারীর সঙ্গে আলাপকালে জানা যায়, হাজার বছরের বাঙালি সংস্কৃতি ও সমাজ-ভাবনা নিয়ে কাজ-কারবার এ বিভাগের। ফোকলোর কথা বলে ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতির। মাটি, মানুষ ও সমাজ সাহিত্যের উন্নয়নের সঙ্গে সংহতি রাখে ফোকলোর। ১৯৯৮ সালে বিভাগটি চালুর পর থেকেই ফোকলোরকে সমৃদ্ধ করতে এ দেশের গণমানুষের কাছে গিয়ে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির মূলকে নিরন্তর অনুসন্ধান করে চলছেন এ বিভাগের শিক্ষার্থীরা। ফোকলোর কী বা ফোকলোর বলতে কী বোঝায়—এ প্রশ্নের জবাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক সাইফুদ্দীন চৌধুরী বলেন, এটা এমন এক প্রকারের বিদ্যা, যা মানুষের প্রাত্যহিক জীবনের বিদ্যা, যা যুগ যুগ ধরে অথবা বংশপরম্পরায় বর্তমানে এসে পৌঁছে। এটা হতে পারে সমাজ মানুষের লোকাচার, শ্রুতি, সংস্কার-কুসংস্কার থেকে শুরু করে সবকিছু। যে জাতি ফোকলোর তথা সংস্কৃতিচর্চায় যত এগিয়ে রয়েছে, জাতি হিসেবেও তারা ততটাই উন্নত।’ফোকলোর বিভাগের চেয়ারপারসন অধ্যাপক শহীদুর রহমান বলেন, একটি ফোকসংগীত বা লোকগীতি বা লোকনৃত্য বিশ্বের দরবারে দেশের জন্য যতটা সম্মান বয়ে আনতে পারে অন্য কোনো মাধ্যম দিয়ে সেটা অর্জন করা সহজ নয়।’ দেশের একমাত্র এ ফোকলোর বিভাগকে যুগোপযোগী ও অধিকতর কার্যকর করতে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান বলেন, এ বিশ্ববিদ্যালয়ে ফোকলোর বিভাগের প্রতিষ্ঠা এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত ফোকলোর বিভাগ হচ্ছে এমন একটি বিভাগ, যা ফোকলোরের প্রাতিষ্ঠানিক শিক্ষা ও চর্চার ক্ষেত্রে দেশের প্রথম ও একমাত্র বিভাগ হিসেবে দাবিদার। এ বিভাগের আধুনিকায়ন, যুগোপযোগী করার ক্ষেত্রে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছা রয়েছে।সম্ভাবনা ও সুযোগ-সুবিধা: ফোকলোর বিষয়ে পড়ালেখা শেষে সম্ভাবনা ও সুযোগ-সুবিধা সম্পর্কে বলতে গিয়ে ওই বিভাগের শিক্ষক জাহাঙ্গীর হোসেন ও আবদুল্লাহ আল মামুন জানান, একটি স্বতন্ত্র বিষয় হিসেবে ফোকলোর বিষয়ের জন্ম উন্নত দেশে। ফলে সংগত কারণেই ওই সব দেশে এর একটা বড় রকমের কদর রয়েছে। এ বিষয়ের ওপর ভালো ফলাফলসহ গ্র্যাজুয়েশন শেষ করে বৃত্তি নিয়ে সহজেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মান, জাপান, আফ্রিকা, ফিনল্যান্ড, নরওয়ে, স্কটল্যান্ড, ফ্রান্সসহ বিশ্বের উন্নত দেশগুলোর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নেওয়া যায়। তা ছাড়া এ বিষয়ে পড়ালেখা শেষ করে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগের পাশাপাশি লোকজ-সাংস্কৃতিক, পুরাকীর্তিভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান, মিউজিয়াম বা জাদুঘরসহ বিভিন্ন জায়গায় অগ্রাধিকারের ভিত্তিতে এ বিভাগের শিক্ষার্থীদের চাকরির সুযোগ রয়েছে।ফোকলোর বিভাগের সৃষ্টিশীল উদ্যোগ: ১৯৯৮ সালে বিভাগটি প্রতিষ্ঠা হওয়ার পর এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংস্কৃতিচর্চার অন্যতম পাদপীঠ হিসেবে স্বীকৃতি পায়। এ বিভাগের শিক্ষার্থীরা নতুন নতুন অনেক কিছুই প্রতিষ্ঠা করে চলেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ দেয়ালিকা চন্দ্রবিন্দু প্রকাশ, লালন চর্চাকেন্দ্র, দেশের একমাত্র ফোকলোর মিউজিয়াম প্রতিষ্ঠা প্রভৃতি।২০০৫ সালের ১৪ জুন এ বিভাগের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তৈরি করেন ৩১ ফুট দৈর্ঘ্য আর ১২ ফুট প্রস্থবিশিষ্ট চন্দ্রবিন্দু নামের দেয়ালিকা। শিক্ষার্থীদের দাবি, দেয়ালিকাটি এখন পর্যন্ত বিশ্বের সর্ববৃহৎ দেয়াল পত্রিকা। এ দেয়ালিকায় স্থান পায় শিক্ষার্থীদের রচিত কবিতা, গল্প, কৌতুক, গানসহ নানা বিষয়। আর চন্দ্রবিন্দুতে এ যাবৎ স্থান পাওয়া বিভিন্ন বিষয়কে একত্র করে ভবিষ্যতে তা একটি ভলিউম আকারে প্রকাশ করার চিন্তাভাবনা রয়েছে চন্দ্রবিন্দু পরিবারের।শুধু চন্দ্রবিন্দুই নয়, বাউলসম্রাট লালন শাহর দর্শনে উজ্জীবিত হয়ে এ বিভাগের শিক্ষার্থীরা ‘লালন দর্শনে মানবিক জয়’ স্লোগানকে সামনে রেখে সম্মিলিতভাবে প্রতিষ্ঠা করেছেন লালন চর্চাকেন্দ্র। প্রতি সপ্তাহে চলে এর গ্রুপওয়ার্ক। নিজেরা ক্যাম্পাসে আয়োজন করেন লালনসংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার প্রভৃতির।এসবের পাশাপাশি ২০০৬ সালে এ বিভাগে প্রতিষ্ঠা করা হয় দেশের প্রথম ফোকলোর মিউজিয়াম। এখানে বাঙালির লোকায়ত জীবনের সঙ্গী ঢোল, খোল, তবলা, বেহালা, একতারা, মন্দিরা, জিপসি, খঞ্জনি, দোতারা, ঘুঙুর, ডমরু, বায়া, কাঁসি, শঙ্খ, শিঙা, বাঁশি, করতাল, বাজু ইত্যাদি লোকবাদ্যযন্ত্র ছাড়াও নানা ধরনের বাদ্যযন্ত্র রয়েছে। রয়েছে মুখোশ, ফুলদানি, মাটির তাওয়া, মাটির ব্যাংক, ফল-ফলারি, জাঁতা, কলসি, দুষ্প্রাপ্য পুতুল, নকশিকাঁথা, তালপাতার পাখা, পাপোশ, পান থেঁতলানিসহ লোকশিল্পের নানা উপকরণের সমাহার।এ ছাড়া এ মিউজিয়ামে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশিষ্ট ফোকলোরবিদ মনসুর উদ্দীন, গুরু সদয় দত্ত, আশুতোষ ভট্টাচার্য ও দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের প্রতিকৃতি। বিভিন্ন সময়ে বিভাগীয় শিক্ষার্থীদের ফিল্ডওয়ার্কের ভিডিও ফুটেজও সংরক্ষিত রয়েছে এখানে।