ফোন বিড়ম্বানা
সকাল থেকে আজিম সাহেবের পেটে চক্কর দিচ্ছিল। ইতিমধ্যে বেশ কয়েকবার তিনি টয়লেট-অভিযান সম্পন্ন করেছেন। হঠাৎ তাঁর মাথায় আইডিয়া এল, ‘আরে! হেলথ কেয়ারে ফোন দিই না কেন?’ তাই তো, শুধু শুধু চিকিৎসকের কাছে যাওয়ার কোনো মানে হয় না। এতে ৫০০ টাকার ভিজিট বেঁচে যায়। হা হা! দেশ এগিয়ে যাচ্ছে। কত সহজে আজকাল চিকিৎসক পাওয়া যায়; তাও আবার মোবাইল ফোনে। আসলে টিভির বিজ্ঞাপন দেখে আজম সাহেবের মাথায়ও চক্কর মারা শুরু করেছে। বুদ্ধি করে হেলথ *৪২০ নম্বরে ডায়াল করলেন তিনি। ওপাশ থেকে একটা মধ্যবয়সী মেয়ের কণ্ঠ ভেসে এল।—হেলথ কেয়ারে আপনাকে স্বাগত। বাংলায় শোনার জন্য ১ চাপুন, ইংলিশে শোনার জন্য ২ চাপুন ...।কথা শোনার টাইম নাই, দ্রুত তিনি চেপে দিলেন। আসলেই দেশ ও দেশের মোবাইল ফোন কোম্পানিগুলো এগিয়ে যাচ্ছে। একেকজন কাস্টমার কেয়ার অফিসার একেকজন ড. মুহাম্মদ শহীদুল্লাহ—ভাষাগত দক্ষতা কী! আবার ওপাশ থেকে ভেসে এল,—দয়া করে আপনার অসুস্থতা নির্ণয়ে মাথাব্যথা হলে ১, কান ব্যথা হলে ২, মুখ ব্যথা হলে ৩, নাক ব্যথা হলে ৪, হাত ব্যথা হলে ৫, দাঁত ব্যথা হলে ৬... (প্রায় ১০ মিনিট পর) ...পেট ব্যথা হলে ১০১ চাপুন।—অনুগ্রহপূর্বক গ্যাস্ট্রিক প্রবলেম হলে ১, আলসার প্রবলেমে ২, আন্ত্রিক প্রবলেমে ৩... (২ মিনিট পর) ...ডায়রিয়াজনিত প্রবলেম হলে ২০ চাপুন।আজিম সাহেব বোঝা শুরু করেছেন যে দেশ এগিয়েছে ঠিকই, তবে পেছনের দিকে। দ্রুত ২০ ডায়াল করলেন তিনি। এর সঙ্গে ২ আর ৫ও ডায়াল করলেন।—আপনার পেটের মধ্যভাগ, দুই কান ও এক হাত ব্যথার জন্য... চাপুন, পেটের নিম্নভাগ, দুই হাত, দুই কান ব্যথার জন্য... চাপুন, পেটের উপরিভাগ... (১০ মিনিট পর) ...সম্পূর্ণ পেট, দুই কান ও দুই হাত ব্যথার জন্য ৪০ চাপুন। ইতিমধ্যে আজিম সাহেবের মোবাইল ফোনসহ দুই কান, দুই হাত ও পুরো মাথাই গরম হয়ে উঠেছে। তাঁর ধৈর্যের বাঁধে চিড় ধরা শুরু করেছে। তিনি ৪০ চাপলেন। —অনুগ্রহপূর্বক ঢাকা মেডিকেলের চিকিৎসকের জন্য ১, রাজশাহী মেডিকেলের জন্য ২।তাঁর আর শোনার প্রয়োজন নেই। দ্রুত চাপলেন। —একটু অপেক্ষা করুন। আজিম সাহেব অপেক্ষা করতে লাগলেন। তাঁর অবস্থা হালুয়াটাইট নয়তো বা কেরোসিন। হঠাৎ ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে এল। —দুঃখিত, এই মুহূর্তে চিকিৎসক সাহেব ব্যস্ত আছেন, কিছুক্ষণ পর আবার ডায়াল করুন, ধন্যবাদ। আজিম সাহেব আর থাকতে পারলেন না। তাঁর ধৈর্যের বাঁধ পুরোটাই ভেঙেচুরে একাকার হয়ে গেল। তিনি জ্ঞান হারালেন। মোবাইল ফোনের ওপাশ থেকে কণ্ঠ ভেসে আসছে, আপনার মোবাইল ফোনে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই, দয়া করে রিচার্জ করুন।ততক্ষণে আজিম সাহেবের নিজের চার্জ শেষ। তিনিই ব্যালেন্স হারিয়েছেন। সেনপাড়া পর্বতা, মিরপুর, ঢাকা।