ফোনালাপের খরচ প্রসঙ্গে দুই দলের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>খবর: মোবাইল ফোনে ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ হলে মোবাইলে কথা বলা বা ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়বে। ১০০ টাকার কথা বলা বা সমপরিমাণ টাকার ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত পাঁচ টাকা খরচ করতে হবে গ্রাহকদের। (সূত্র: প্রথম আলো, ৫ জুন ২০১৫)

সরকারদলীয় জোটের বক্তব্য

কবি বলেছেন, ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে/ কথায় না বড় হয়ে কাজে বড় হবে।’ অথচ তরুণসমাজের বড় একটি অংশ লেখাপড়া ও কাজ বাদ দিয়ে মোবাইল ফোনে কথা বলায় ব্যস্ত থাকে। প্রেমিকার সঙ্গে রাত জেগে কথা বলতে গিয়ে অনেক তরুণ ক্লাস মিস করছে, অনেকে অফিসে দেরিতে যাচ্ছে। তাই এসব তরুণকে মোবাইল ফোনে প্রয়োজনের অধিক কথা বলা থেকে বিরত রাখতে মোবাইল ফোনে ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।

বিরোধীদলীয় জোটের বক্তব্য
প্রিয় দেশবাসী, এই অবৈধ সরকারকে আমরা বারংবার সংলাপের আহ্বান জানিয়েছি। কিন্তু তারা তাতে সাড়া না দিয়ে আমাদের দলের নেতা–কর্মীদের জেলে পাঠিয়েছে। এই সরকার দেশের জনগণের মোবাইল ফোনের সংলাপও দমিয়ে রাখতে চায়। এখনো সময় আছে, জনগণের মোবাইল ফোনের সংলাপের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার করুন! তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে ঈদের পর দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। আগামী ঈদের পর জানিয়ে দেওয়া হবে কোন ঈদের পর আমাদের আন্দোলন শুরু হবে!