ফোনে আঁকা ছবি

‘এই দিকটাতে স্যামসাংয়ের এখনো কিছু নেই বললেই চলে। তৃতীয় পক্ষের অ্যাপের জন্য প্রতিবছর বড় অঙ্কের টাকা খরচ করতে হচ্ছে। এতে প্রতিটি ফোনের দামও বেড়ে যায়। আমরা সবাই স্যামসাং পরিবারেরই সদস্য। তাই চিন্তা করে দেখলাম কীভাবে খরচ আরও কমিয়ে আনা যায়। আর্টেকচারের শুরুটা সে ভাবনা থেকেই।’ স্যামসাং গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউট বাংলাদেশের (এসআরবিডি) প্রধান প্রকৌশলী জুয়েল নন্দী বলছিলেন কথাগুলো। ২৫ জানুয়ারি রাজধানীর পান্থপথের কার্যালয়ে কথা হয় তাঁর সঙ্গে।
জুয়েল নন্দীর নেতৃত্বে এসআরবিডির একদল সফটওয়্যার প্রকৌশলী তৈরি করেছেন ‘আর্টেকচার’ নামের ছবি আকার স্মার্টফোন অ্যাপলিকেশন (অ্যাপ)। তাঁদের প্রচেষ্টা যদি সফল হয়, তবে সারা বিশ্বেই স্যামসাংয়ের ফোনগুলোর সঙ্গে অ্যাপটি ইনস্টল করে বাজারজাত করা হবে।
শুরুর কথা
এসআরবিডির সব কাজ স্যামসাংয়ের প্রধান কার্যালয়কে জানিয়ে করা হয়। তবে কোনো নতুন প্রকল্প শুরু করতে হলে সেই কাজ যে প্রতিষ্ঠানটির জন্য গুরুত্বপূর্ণ, তা বোঝাতে হয়। আর্টেকচার বা এ ধরনের অ্যাপগুলোর মূল কাজ ছবি প্রক্রিয়াজাতকরণ (ইমেজ প্রসেসিং), কারিগরি ভাষায় বিটম্যাপ ইঞ্জিনও বলা হয়। হঠাৎ করেই এমন কঠিন একটা কাজের অনুমতি প্রধান কার্যালয় থেকে মিলবে না, তা আগেই অনুমান করেছিলেন জুয়েল নন্দী। তিনি বলেন, ‘আমরা এখানে সাধারণত মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় বাজারজাত করা স্যামসাং স্মার্টফোনগুলোর জন্য অ্যান্ড্রয়েডের পরিবর্তিত সংস্করণ তৈরি করে থাকি। আর্টেকচারের মতো কঠিন একটা কাজ যে আমরা করতে পারব, তা বোঝানোর জন্য আমার দলের কয়েকজন সদস্য মিলে নিজেরাই কাজ শুরু করি। ২০১৪ সালের শুরুর ঘটনা এটি। প্রধান কার্যালয়ে না জানিয়েই কাজটা শুরু করতে হয়েছে।’
কাজ কিছুটা এগিয়ে গেলে বছরের মাঝামাঝি সময়ে প্রধান কার্যালয়ে প্রকল্পটির ব্যাপারে জানান তাঁরা। অনুমতি মেলে মোবাইল গবেষণা ও উন্নয়ন কার্যালয়ের তৎকালীন প্রধানের কাছ থেকে। জুয়েল বলেন, ‘তখনো তাঁরা দোটানার মধ্যে ছিলেন। তবে কাজের প্রতি আমাদের উৎসাহ-উদ্দীপনা দেখেই হয়তো অনুমতি মিলেছিল আমাদের।’ এরপর দীর্ঘদিন এটি নিয়ে কাজ করে যান তাঁরা। অবশেষে গত বছরের ১৫ সেপ্টেম্বর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য অ্যাপস্টোরে উন্মুক্ত করে দেওয়া হয় আর্টেকচার। অ্যাপটি তিন মাসে প্রায় ৪০ হাজার বার নামানো হয়েছে।
আর্টেকচার তৈরিতে জুয়েল নন্দীর সঙ্গে ছিলেন সামসাদ-উল-ইসলাম, বেইগ সজল রহমান, আসাদুজ্জামান রুবেল মণ্ডল, মো. সাইফুদ্দিন, ইমন বিশ্বাস, সামসুল আরেফিন মজুমদার, মো. সুজন মিয়া, রেজা-উল-করিম, সিফাত আফরোজ, মেহেদী হাসান ও নিজাম-উদ্দিন আহমেদ।

ডিজিটাল চিত্র প্রদর্শনী
অ্যাপটি কারিগরি দিক থেকে চমৎকার মনে হলেও একজন শিল্পীর কাছে তা কেমন হবে, চিত্রশিল্পী অ্যাপটি দিয়ে ছবি আঁকতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কি না, তা জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সঙ্গে যৌথভাবে এক কর্মশালার আয়োজন করা হয়। এ কর্মশালায় আঁকা ছবি দিয়ে গত বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে চারুকলার জয়নুল গ্যালারিতে প্রথমবারের মতো ‘অ্যাস্থেটিক’ নামের ডিজিটাল চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্রদর্শনীর সব ছবিই চারুকলার শিক্ষার্থীরা এঁকেছিলেন আর্টেকচার অ্যাপে। এ সময় সবার মতামত নিয়ে অ্যাপটি আরও উন্নত করা হয় বলেই জানান জুয়েল নন্দী।
অনন্য আর্টেকচার
স্যামসাংয়ের স্মার্টফোনে ‘এস নোট’ এবং নির্দিষ্ট মডেলগুলোতে স্কেচ করার জন্য অটোডেস্কের ‘স্কেচআপ’ অ্যাপ আগে থেকেই ইনস্টল করা থাকে। সেগুলোর সঙ্গে আর্টেকচারের পার্থক্য? জুয়েল জানান, অন্যান্য অ্যাপে ছবি এঁকে ফেললে পরে তা সম্পাদনা করা যায় না, আর্টেকচারে সে সুবিধা আছে। সিমেট্রি বা মিরর, অর্থাৎ একদিকে আঁকলে অপর দিকে একই রকম প্রতিচ্ছবি তৈরির সুবিধা মোটামুটি সব ছবি আঁকার অ্যাপেই থাকে। তবে আর্টেকচারে সে সুবিধা পাওয়া যাবে চারদিক থেকে। অর্থাৎ একদিকে আঁকলে, সেটা চারদিকেই তৈরি হবে স্বয়ংক্রিয়ভাবে। জুয়েল জানান, অন্য অ্যাপগুলো হয় স্কেচ করার জন্য, না-হয় রং করার কাজে লাগানো যায়। আর্টেকচারে একসঙ্গে দুটি কাজই করার সুযোগ আছে। শুধু অ্যান্ড্রয়েডের ৪.১ বা জেলিবিন এবং পরবর্তী সংস্করণ চালিত স্মার্টফোনেই আর্টেকচার ব্যবহার করা যাবে।
আর্টেকচার অ্যাপটি সবচেয়ে বেশি নামানো হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। এর পরেই আছে দক্ষিণ আফ্রিকা, ভারত ও ব্রাজিলের অবস্থান। বাংলাদেশের একটি অ্যাপ বাংলাদেশে কেন কম নামানো হচ্ছে—এ প্রসঙ্গে জুয়েল বলেন, ‘শুরুর দিকে স্যামসাংয়ের বিপণন দল বাংলাদেশে অ্যাপটির প্রচার করলে সে সময় বাংলাদেশ থেকে নামানো হয় বেশি। এখন যুক্তরাষ্ট্র এগিয়ে গেছে। অ্যাপস্টোরের এন্টারটেইনমেন্ট বিভাগে আর্টেকচার লিপিবদ্ধ করা আছে। এ বিভাগের অ্যাপগুলো যুক্তরাষ্ট্র থেকে বেশি নামানো হয়।’ অ্যাপটি নামানোর ঠিকানা: http://bit.ly/ArtectureApp