ফোনে চলে অগভীর নলকূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত দিন গবেষণা করে মোবাইল ফোনের মাধ্যমে বিদ্যুত্চালিত অগভীর নলকূপ চালু ও বন্ধ করার পদ্ধতি তৈরি করেছেন ঝিনাইদহের এমদাদুল হক। নিজেদের একটি অগভীর নলকূপে তিনি এ গবেষণা চালান। বিদ্যুত্ সরবরাহ থাকুক বা না থাকুক তাঁর পরিবারের কাউকে আর পানি তোলার যন্ত্রের ঘরে যেতে হচ্ছে না। এমদাদুল হক এর আগেও নানা কিছু নিয়ে কাজ করেছেন।নিজেদের রেডিও-টেলিভিশন, ভিসিডি প্লেয়ার নষ্ট হলে নিজেই মেরামত করেন। অগভীর নলকূপ, পাওয়ারটিলার মেরামতের কাজও তিনি করেন। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জোকা গ্রামের আবদুল মান্নানের ছেলে এমদাদুল হক। ১৯৮২ সালে তাঁর জন্ম। বর্তমানে তিনি যশোর এমএম বিশ্ববিদ্যালয় কলেজে ইসলামের ইতিহাসে স্নাতকোত্তর শ্রেণীতে পড়ছেন। এমদাদুল হক জানান, বারবার বিদ্যুত্ আসা-যাওয়া করায় অগভীর নলকূপের কাছে একজনকে বসে থাকতে হয়। এ থেকে বাঁচতে তিনি ভাবতে থাকেন কীভাবে দূর থেকে যন্ত্রটি চালু-বন্ধ করা যায়। ভাবতে ভাবতে বের করেন মোবাইল ফোনের মাধ্যমে এটা করা সম্ভব। ২ ফেব্রুয়ারি তিনি বাড়িতে বসে এ নিয়ে কাজ করা শুরু করেন, ৭ ফেব্রুয়ারি তিনি সফল হন। এখন মোবাইল ফোন থেকে কল করলেই তার অগভীর নলকূপ চলে। আবার কল করলে সেটা বন্ধ হয়ে যায়। এ কাজে দুটি মোবাইল ফোন ব্যবহার করতে হচ্ছে এমদাদুল হককে। একটি ফোন তার অগভীর নলকূপের ঘরে রাখা আছে, আরেকটি ফোন বাড়িতে থাকছে। তিনি জানান, নলকূপের কাছে একটি কাঠের বাক্স রাখা হয়েছে। বাক্সের মধ্যে আছে ছয় ভোল্টের দুটি মোটর, তিনটি সুইচসহ কিছু বৈদ্যুতিক যন্ত্রাংশ। বাক্সের ওপর রাখা হয়েছে একটি মোবাইল ফোন। যে মোবাইল থেকে সংযোগ নিয়েছেন তার ওই বাক্সে। পুরো এ ব্যবস্থা তৈরিতে খরচ হয়েছে তিন হাজার টাকা।