ফোরামের আড়ালে দলীয় নির্বাচন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশন নির্বাচনে দলের নাম ব্যবহারে বিধি-নিষেধ থাকায় প্রার্থীরা প্রচার-প্রচারণায় কৌশলে সামাজিক সংগঠন বা ফোরামের নাম ব্যবহার করছেন। ফোরামের আড়ালেই দল থেকে ঠিক করা হচ্ছে প্রার্থী মনোনয়ন থেকে শুরু করে নির্বাচনের নীতিনির্ধারণী নানা সিদ্ধান্ত। তবে ভোটারেরা ঠিকই মনে করেন, আসলে ফোরামের আড়ালে নির্বাচন হচ্ছে দলীয়ভাবে। জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে এবিএম মহিউদ্দিন চৌধুরী নির্বাচন করছেন নাগরিক কমিটির ব্যানারে। মূলত তিনি নগর আওয়ামী লীগের সভাপতি ও ১৪ দলের প্রার্থী। আগের দুবারও তিনি নাগরিক কমিটির ব্যানারে নির্বাচন করেছেন। অন্যদিকে, সদ্য দলে যোগদানকারী বিএনপির প্রার্থী এম মঞ্জুর আলম চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন নামে একটি সংগঠনের ব্যানার ব্যবহার করছেন। এ ছাড়া, জামায়াত ইসলামীর প্রার্থী আফসার উদ্দিন চৌধুরী নির্বাচন করছেন সম্মিলিত নাগরিক ফোরামের ব্যানারে। জামায়াতের সঙ্গে এ নির্বাচনে আরও সাতটি দল রয়েছে বলে জানা গেছে। নাগরিক কমিটির সাবেক সহসভাপতি ও বিশিষ্ট আইনজীবী রানা দাশগুপ্ত প্রথম আলোকে বলেন, রাজনীতি সবকিছুকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করে। সিটি করপোরেশন নির্বাচন দলগত নির্বাচন না হলেও প্রার্থী মনোনয়ন দেওয়া হচ্ছে দল থেকে। তবে দলের নাম বা প্রতীক না থাকায় সাধারণ জনগণের অন্তত ৪০ শতাংশ ভোট দেওয়ার ক্ষেত্রে ব্যক্তিকে বিবেচনায় রাখেন বলে মন্তব্য করেন তিনি।সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা ২০১০-এ বলা হয়েছে, ‘নির্বাচনী প্রচারণায় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজ ছবি ও প্রতীক ব্যতীত কোনো রাজনৈতিক দলের নাম বা প্রতীক বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নাম বা ছবি ছাপাতে কিংবা ব্যবহার করতে পারবেন না।’ জানা গেছে, নির্বাচন এলেই শুধু এ ধরনের মোর্চা গঠন করা হয়। নির্বাচনের পর এসব ফোরামের নাম বা কার্যক্রম তেমন শোনা যায় না। এ প্রসঙ্গে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, ‘কোনো দলীয় নাম, নেতার ছবি কিংবা নাম নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না। প্রার্থী দলের পক্ষ থেকে মনোনয়ন নিলেও কেউ দলীয় নাম ব্যবহার করতে পারবেন না।’জানা গেছে, মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর উভয়ক্ষেত্রে প্রার্থী নির্বাচনে দলীয় বিবেচনা প্রাধান্য পেয়েছে। দলের মধ্যে প্রকাশ্যে এ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ফোরাম থেকে নিয়োগ দেওয়া হয় দুই বড় দলের প্রার্থী। আওয়ামী লীগ এবিএম মহিউদ্দিন চৌধুরীকে প্রার্থী মনোনীত করেছে সর্বোচ্চ দলীয় ফোরাম থেকে। অন্যদিকে অনেক আলোচনার পর সদ্য দলে যোগদানকারী এম মঞ্জুর আলমকে মনোনয়ন দিয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটি। শুধু তাই নয়, প্রতিদিন দলের নামে চলছে প্রার্থীর পরিচিতি সভাও। তাতে কোনো রাখঢাক ছাড়াই দলের নাম এবং দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। ২৩ মে নগর যুবদলের একাংশ গিয়ে মেয়র প্রার্থী মঞ্জুর আলমকে ফুল দিয়ে সমর্থন জানিয়েছে। এদিকে, বাংলাদেশ ছাত্রলীগ নগর কমিটি মহিউদ্দিনকে পুনরায় নির্বাচিত করার জন্য তৎপরতা শুরু করেছে। বিভিন্ন কর্মসূচিও হাতে নিয়েছে তারা।