ফৌজদারহাট-বন্দর সড়কের দুর্দশা কাটছেই না

চট্টগ্রাম বন্দরের প্রবেশদ্বার ফৌজদারহাট-বন্দর সড়কের দুর্দশা কাটছেই না। গেল অক্টোবরে বর্তমান ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের মেয়াদ শেষে নতুন ঠিকাদার নিয়োগ ও সড়কটির সংস্কারকাজ শুরু করার কথা থাকলেও ঠিকাদারই এখনো নিয়োগ হয়নি। ফলে দুর্ভোগ, আতঙ্ক ও ঝুঁকি থেকে শিগগিরই মুক্তি মিলছে না ভুক্তভোগী ব্যক্তিদের। এতে হতাশ হয়ে পড়েছেন তাঁরা।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকার ফৌজদারহাট-বন্দর সংযোগস্থল থেকে শুকতারা রেস্টুরেন্ট পর্যন্ত প্রায় ৭০০ মিটার সড়কে বড়-বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। টোল কার্যালয়ের কাছের কিছু অংশেও রয়েছে ছোট-বড় বেশ কিছু খানাখন্দ। এসব খানাখন্দ সাময়িকভাবে সংস্কার করা হয়েছে এলোমেলোভাবে আস্ত ইট দিয়ে।
যানবাহন চালকেরা জানান, এসব গর্তের ওপর দিয়ে ভারী গাড়ি চালাতে দিয়ে অনেক সময় যন্ত্রাংশ ভেঙে যায়। ফলে সড়কের ওপর গাড়ি আটকে পড়ায় দেখা দেয় যানজট। বর্ষায় অবস্থা ভয়াবহ হয়ে ওঠে। তাঁদের অভিযোগ, এ সড়কে চলাচলকারী যানবাহন থেকে বিপুল অঙ্কের রাজস্ব আদায় হলেও এটি সংস্কারের ব্যাপারে কর্তৃপক্ষ উদাসীন।
কনটেইনারবাহী লড়িচালক সঞ্জয় রাহা ও ট্রাকচালক মো. রফিক বলেন, ‘দীর্ঘদিন থেকে সড়কটি সংস্কার হবে বলে শুনছি। কিন্তু সংস্কারের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। পণ্যবোঝাই গাড়ি নিয়ে এ এলাকায় এলে আমরা দুর্ঘটনার ভয়ে আতঙ্কিত হয়ে পড়ি।’ তাঁরা জরুরি ভিত্তিতে সড়কটি স্থায়ীভাবে সংস্কারের দাবি জানান।
সড়ক ও জনপদ বিভাগের (সওজ) কর্মকর্তারা স্বীকার করেন, ফৌজদারহাট থেকে বন্দর পর্যন্ত ১২ কিলোমিটার দীর্ঘ সড়কটির ৭০০ মিটার এলাকায় বড় ধরনের খানাখন্দ সৃষ্টি হয়েছে। সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির সাময়িক (রুটিন ওয়ার্ক) সংস্কারকাজ করবে। আর স্থায়ী (পিরিয়ডিক ওয়ার্ক) সংস্কারকাজ করবে সরকার। সড়কটি নির্মাণের সাত বছরের মধ্যে বেশ কয়েকবার সাময়িক সংস্কার করা হলেও একবারও স্থায়ী সংস্কার হয়নি। যদিও পাঁচ বছর পর পর স্থায়ী সংস্কার করার নিয়ম আছে।
জানা গেছে, চুক্তি অনুযায়ী গত অক্টোবর মাসে বর্তমান ঠিকাদারি প্রতিষ্ঠান এশিয়ান ট্রাফিক টেকনোলজির (এটিটি) মেয়াদ শেষ হয়ে গেছে। এর মধ্যে নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে সড়কটি সংস্কারের কথা থাকলেও ঠিকাদার নিয়োগ এখনো হয়নি।
জানতে চাইলে সওজ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী রাশেদুল আলম প্রথম আলোকে বলেন, ‘সড়কটি সংস্কারের লক্ষ্যে ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ৬ জানুয়ারি দরপত্র খোলা হবে। আশা করি জানুয়ারির শেষ সপ্তাহে কাজ শুরু করতে পারব।’
স্থায়ী সংস্কারের ব্যাপারে রাশেদুল আলম জানান, সড়কটি পণ্য পরিবহনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খানাখন্দের ধরন বুঝে এবং গুরুত্ব অনুসারে ঢালাই করে স্থায়ী সংস্কার করা হবে।
এদিকে এ সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনগুলো থেকে এখনো টোল আদায় করছেন মেয়াদোত্তীর্ণ ঠিকাদারি প্রতিষ্ঠান এটিটির লোকজন। এ বিষয়ে টোল কার্যালয়ের ব্যবস্থাপক শাকিল আহমেদ প্রথম আলোকে জানান, নতুন ঠিকাদার দায়িত্ব না নেওয়া পর্যন্ত তাঁরা টোল আদায়ের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।