ফ্যাশন আর ঐতিহ্যে শাঁখা
কিছুদূর পরপরই তোরণের কাঠামো। কোথাও কোথাও চলছে প্রতিমা নির্মাণ। ঢাকার শাঁখারীবাজারে সরু রাস্তাজুড়ে পূজা উৎসবের আমেজ। শাঁখার পাশাপাশি রয়েছে পূজার বিভিন্ন দরকারি জিনিসপত্রের পসরা। পূজার আগে এই চিত্র দেখা গেলেও সারা বছর শাঁখা নিয়েই সরগরম থাকে শাঁখারীবাজার। এখন আর শুধু সনাতন ধর্মাবলম্বী বিবাহিত নারীরাই নয়, শাঁখা কেনা বা শাঁখা পরার প্রবণতা এখন অনেকটাই সর্বজনীন। শাঁখা পেয়েছে ভিন্ন মাত্রা, হয়ে উঠেছে ফ্যাশনের শৈল্পিক অনুষঙ্গ। নারীর হাতে ঐতিহ্য উঠে এসেছে নতুনভাবে।এরই খোঁজে সেদিন বেরিয়েছিলাম। সরু রাস্তার দুই পাশের দোকানগুলোতে চলছে বিকিকিনি। পূজার জিনিসপত্রই কেনাবেচা চলছে বেশি। ঘুরতে ঘুরতেই ঢুকে পড়লাম ঢাকেশ্বরী শঙ্খ ভান্ডারে। এ দোকানের স্বত্বাধিকারী শঙ্খবণিক অলক ধর জানালেন, সারা বছরই শাঁখা-পলা বিক্রি হয়। যেকোনো বাঙালি ঐতিহ্যবাহী উৎসবের আগে বিক্রি বাড়ে। আগে শুধু সনাতন বিবাহিত নারীরা শাঁখা পরতেন। এখন আর সেটি নেই। সনাতন অবিবাহিত মেয়েরা শাঁখা না পরলেও পলা পরেন। তবে অন্যান্য ধর্মের মেয়েরা প্রায়ই শাঁখা-পলা কিনতে আসেন। পয়লা বৈশাখের সময় সবচেয়ে বেশি চাহিদা থাকে। লাল-খয়েরি রঙের পলা ছাড়াও সবুজ আর সাদা রঙের পলা হয়ে থাকে।তিনি আরও জানান, শাঁখার নকশা আর মানের ওপর নির্ভর করে এর দাম। ভালো মানের কম কারুকার্যের নকশা করা শাঁখারও দাম রয়েছে। সোনাবাঁধানো শাঁখার আবেদন সব সময়ই। এই সময়ে নানা রঙের পাথর বসানো শাঁখার চাহিদা বেশি। পলার ক্ষেত্রে মকরমুখ পলা বেশি আকর্ষণীয়। এ ধরনের পলায় দুটো হাতির মুখ নকশা করে লাগানো থাকে। কেউ সিটি গোল্ড, কৃত্রিম সোনা কিংবা শুধু সোনা দিয়েও বানিয়ে নেন এ মুখ। এই সময়ে দোকানে শাঁখা কিনতে আসেন নিতু। শুধু একটি শাঁখা বিক্রি হয় কি না জানতে চাইলেন। দোকানি অলক ধর বললেন, একটি শাঁখা বিক্রি হয় না। জোড়া হিসেবেই শাঁখা-পলা বিক্রি হয়।কোন ধরনের শাঁখা পরতে পছন্দ করেন, জিজ্ঞাসা করলে নিতু জানান, ‘প্রতিদিনের ব্যবহারের জন্য সাধারণ নকশা করা শাঁখাই পরি।’ অনুষ্ঠান বা উৎসবে সোনাবাঁধানো, পাথর বসানো শাঁখা-পলা পরা হয়। ভালো মানের শাঁখা কিনলে প্রায় দুই বছর তা পরা যায়।দামদরঢাকেশ্বরী শঙ্খ ভান্ডারে পাথর বসানো শাঁখা পাবেন ৬০০-২৫০০ টাকায়। সোনাবাঁধানো পলা পাবেন ৮৩০-২৫০০ টাকায়। সাধারণ শাঁখা-পলা পাবেন ১২০-৪০০ টাকায়।৪৫ বছর ধরে শাঁখাশিল্পের সঙ্গে জড়িত শাঁখারি শম্ভু। তিনি বললেন, ‘আগের মতো ব্যবসা নেই। শাঁখার বিক্রি কমে গেছে। এখন তো পেশা বদলাতে পারব না। শাঁখা-পলা এখন সর্বজনীন হয়ে গেছে। সবাই পরে।’ তাঁর কাছ থেকেই জানলাম ২৩ নম্বর কারিগরি সমিতিতে গেলে শাঁখাশিল্প নিয়ে আরও জানা যাবে। সেখানেই রয়েছে শাঁখের করাত। কিছুদূর হেঁটে যেতেই ডান দিকে দেখতে পেলাম সেই ঠিকানার বাড়িটি। তবে কৌতূহলী মনটা চুপসে গেল। লোহার গ্রিলের গেটে বড় তালা ঝুলছে। ওখানে বসে থাকা একজন লোক বললেন, ‘কাজ নাই তো, তাই বন্ধ।’ আশপাশের দোকানিকে জিজ্ঞাসা করলেও পাওয়া যায় একই উত্তর। তাহলে কি শাঁখা বানানো দেখতে পাব না! হতাশ হয়ে ঘুরছিলাম। শাঁখারীদের কাছে খোঁজ করছিলাম। কোথায় গেলে শাঁখা না হোক নকশা তৈরি দেখতে পাব। এ সময়ই খোঁজ মিলল মা মনসা শঙ্খ শিল্পালয়ের। অন্যান্য দোকানের চেয়ে তুলনামূলকভাবে এখানে ভিড় বেশি। এ দোকানের স্বত্বাধিকারী অমৃত নাগের কাছ থেকে জানা গেল, বাবার ব্যবসা এখন তিনি দেখছেন। ভারত মহাসাগরে উৎপন্ন হয় এ শঙ্খ। সাধারণত শ্রীলঙ্কা আর মাদ্রাজ থেকে এটি আমদানি করা হয়। এরপর এখানে মেশিনে কেটে নকশাশিল্পীরা নানা রূপ দেন। ক্রেতারা নিজের পছন্দের নকশায়ও শাঁখা-পলা করিয়ে নিতে পারেন। ফরমায়েশ দেওয়ার দুই দিনের মধ্যে তৈরি করা হয়।পূজার এ সময়ে সাত দিন আগে ফরমায়েশ দিতে হয়। পূজার সময় কাজের চাপ বেশি থাকে। তবে সোনা বাঁধানোর কাজটি করেন মূলত স্যাকরা বা স্বর্ণকারেরা। এখান থেকে শাঁখা স্বর্ণকারের কাছে নিয়ে গেলে তাঁরা সোনা দিয়ে তা বাঁধিয়ে দেন। পলাও তেমনি। তবে কেউ যদি সেটিও করতে বলেন, তবে তাঁরা তা করে দেন। শাঁখার জন্য সোনা বাঁধাতে সাধারণত এক হাজার টাকা নেওয়া হয়।সন্ধ্যার পর শঙ্খধ্বনি ভেসে আসতে লাগল বাড়িগুলো থেকে। নাকে এসে লাগল ধূপের গন্ধ। এরই মধ্যে মা মনসা শঙ্খ শিল্পালয়ের কর্মচারী নিয়ে গেলেন তাঁদের কারখানায়। সেখানে দুই নকশাশিল্পী শাঁখাতে ফুটিয়ে তুলছেন সূক্ষ্ম সব নকশা। উদ্ভব রক্ষিত ও অজিত জানালেন, এক দিনেই এক জোড়া শাঁখার নকশা করা যায়। এখন নকশায় এসেছে আধুনিকতা। পুরোনো আর নতুনের মিশ্রণও ঘটে। ক্রেতার রুচি ও পছন্দ অনুযায়ী শাঁখা-পলার ওপর নকশা করা হয়। শাঁখারীবাজারে শাঁখা-পলা তো পাওয়া গেল। কিন্তু তাতে যদি সোনা, রুপা বাঁধাতে চাই তাহলে তো যেতে হবে স্বর্ণকারের কাছে। মনসা জুয়েলার্সের নন্দ কিশোর বললেন, চার পুরুষ ধরে তাঁরা শাঁখা-পলায় সোনা-রুপা বাঁধানোর কাজ করেন। তিনি বলেন, সোনার দাম বেড়ে যাওয়ায় সোনা বাঁধানোর কাজ কমে গেছে। কৃত্রিম সোনা, সোনার প্রলেপ আর রুপার চাহিদা বেশি। সোনা বাঁধাতে প্রতি ভরিতে তিন হাজার টাকা নেওয়া হয়।রুপা বা অন্যান্য ধাতুতে প্রতি ভরিতে পড়বে ৬০০ টাকা। তবে পলা বা শাঁখার সোনা, রুপা কালচে হয়ে গেলে স্বর্ণকারের কাছে ঘষে নিতে হয়। শাঁখারীবাজারের সারি সারি দোকানে বাহারি রকমের নানা কারুকার্যের নকশা করা শাঁখা-পলা পাওয়া যায়। প্রদীপ শাঁখা, বরফি শাঁখা ও হূদয়াকৃতির নকশা করা শাঁখার চাহিদা বেশি। পলাতেও মনোরম নকশা করা যায়।শাঁখা পরতে হলে এর মুখের বিপরীত পাশ দিয়ে হাতের সঙ্গে খাপ খাইয়ে পরতে হবে। পর্যায়ক্রমে শাখা-পলার পর কেউ চাইলে এক গোছা সোনার চুরি পরতে পারেন। লাল পাড়ের সাদা শাড়ি, শাঁখা-পলা আর কপালে লাল টিপ—ব্যস, হয়ে গেল পরিপূর্ণ সাজ। যেকোনো উৎসবেই এই সাজ আপনাকে ভিন্ন মাত্রা দেবে। বিশেষ করে দুর্গাপূজায়।কৃতজ্ঞতা: মা মনসা শঙ্খ শিল্পালয় ও ঢাকেশ্বরী শঙ্খ ভাণ্ডার