ফ্যাশন আর স্টাইলের পাইলট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টাইল বলতে কী বোঝেন? শুরুতেই কায়দা করে প্রশ্নটা ছুেড় দিই। একটুও সময় না নিয়ে ক্যাচ লুফে নেওয়ার মতো করে আনন্দময় ভঙ্গিতে উত্তর দিলেন ঝটপট। ‘নিজেকে সুন্দর গুছিয়ে পরিবেশন করাটাই হলো স্টাইল। শুধু পোশাক সুন্দর হলেই চলবে না, বরং ব্যবহার ও চলাফেরা মিলিয়েই একটা স্টাইল তৈরি হয়। একটি থেকে অন্যটিকে আলাদা করলে স্টাইল পরিপূর্ণতা পায় না।’ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও উইকেট কিপার খালেদ মাসুদ পাইলটের কাছে স্টাইলের সংজ্ঞাটা এমনই। অন্যদের থেকে খানিকটা ভিন্ন ধরনের পোশাক পরতেই পছন্দ করেন তিনি।রুচিশীল ও সময়োপযোগী—পোশাক পরার সময় এ দুটি বিষয় খেয়াল রাখেন পাইলট। সময় ও জায়গা বুঝে তিনি পোশাক ও এর রংকে প্রাধান্য দেন। গরমে তাঁর পছন্দ পাতলা কাপড়ের তৈরি খাটোহাতা শার্ট ও ট্রাউজার। ফতুয়া কখনো পরেননি। আনুষ্ঠানিক দাওয়াতে স্যুট-টাই পরেন। ঘরোয়া কিংবা বন্ধুদের আড্ডায় আটপৌরে পোশাক হিসেবে টি-শার্ট, জিনস বেছে নেন। বিয়ের কোনো অনুষ্ঠান থাকলে পাঞ্জাবি পরেন। পোশাকে আরামকেই প্রাধান্য দেন তিনি। ব্র্যান্ডের প্রতি আকর্ষণ নেই। তিনি বলেন, ‘কেনাকাটা করার সময় যদি কোনো পোশাক ব্র্যান্ডের মধ্যে পড়ে যায়, তাহলে সেটা কিনে ফেলি। কিন্তু ব্র্যান্ডের বলেই যে সেই পোশাকটি কিনতে হবে, এমন কোনো বিষয় নেই আমার মধ্যে।’কাজপাগল মানুষ পাইলট। সারা দিন কাজের মধ্যে থাকতেই ভালোবাসেন। অবসর পেলে চলে যান রাজশাহীতে মা-বাবার কাছে। তাঁদের সঙ্গে সময় কাটান। ছিপ দিয়ে মাছ ধরেন। ঢাকায় থাকলে ঘুম থেকে উঠেই যান কর্মক্ষেত্রে। সন্ধ্যায় বাড়ি ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফুটবল খেলতে বেরিয়ে যান। এসব কিছুর বাইরে তো ক্রিকেট খেলাটা আছেই। এ রকম সাধারণ জীবনযাপনেই অভ্যস্ত পাইলট।পছন্দের সুগন্ধির মধ্যে আছে হুগো বস, কেলভিন ক্লেইন, জুপ ও মন্ট ব্লাঙ্ক। রোদচশমার প্রতি কিছুটা দুর্বল পাইলট। সংগ্রহে আছে পোলো, প্রাডা, ওকলে ও রিবকের রোদচশমা। ঘড়ির মধ্যে টিসট ব্র্যান্ডকেই বেশি পছন্দ করেন। অপচয় একদমই পছন্দ করেন না। যেটা দরকার, সেটাই কেনেন বলে জানান তিনি। দেশের বাইরে শ্রীলঙ্কা থেকেই বেশি কেনাকাটা করা হয় তাঁর।ক্রিকেট খেলোয়াড়দের সই করা ব্যাট, বল ও স্টাম্প সংগ্রহ করা পাইলটের শখ। খালেদ মাসুদ পাইলট জানান, ‘আমার কাছে ১৯৯৯, ২০০৩ ও ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেওয়া সব অধিনায়কের স্বাক্ষর আছে।’ এসব সংগ্রহ দিয়ে একটি সংগ্রহশালা গড়ে তোলার চেষ্টা আছে পাইলটের।