ফ্যাশন এখন ট্রাকে!

নিজের স্টাইলের সঙ্গে মানিয়ে কেমন ফ্যাশনের পোশাক-আশাক পরবেন তা নিয়ে ক্রেতারা সব সময়ই ভাবেন। ডিজাইনার আর বিক্রেতারাও ভাবেন কীভাবে নিজেদের বানানো ও বাছাই করা পোশাক ক্রেতাদের হাতে পৌঁছে দেবেন। উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগিয়ে একটা খুদে বুটিকও ফ্যাশনের জগতে তোলপাড় ফেলে দিতে পারে। দুনিয়াজুড়ে এসব নিয়ে পরীক্ষা-নিরীক্ষাও হয়েছে বিস্তর। কিছুদিন ধরে মার্কিন মুল্লুকের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এখন চলছে চাকাওয়ালা-দোকানের রমরমা। এতে পিছিয়ে নেই ফ্যাশনওয়ালারাও। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে লস অ্যাঞ্জেলেসের ফ্যাশন-ট্রাকের কথা।
ভাঙাচোরা বা লক্কড়-ঝক্কড় হলেও ক্ষতি নেই, ইঞ্জিনটা সচল আছে এমন একটা ট্রাক-ভ্যান হলেই চলে। ভ্যানের ভেতর-বাহির ভালো করে পরিষ্কার করে বাহারি রঙে সাজিয়ে নেওয়া। ভেতরে কায়দা করে বানানো কয়েক সারি তাক, আয়না, পর্যাপ্ত আলোর জন্য প্রয়োজনীয় বাতি। বহনযোগ্য কয়েকটা হ্যাঙ্গার-স্ট্যান্ডও লাগবে। আর লাগবে ট্রাকে ওঠানো-নামানোর জন্য সুবিধাজনক ছোট সিঁড়ি। ব্যস, ফ্যাশন-ট্রাক প্রস্তুত। এবার বানানো আর বাছাই করা পোশাক সাজিয়ে রওনা দিতে পারেন ভ্রাম্যমাণ ফ্যাশনওয়ালা।
ভাবনাটা খুবই সরল। ভ্রাম্যমাণ ফ্যাশনওয়ালা তাঁর ফ্যাশন-ট্রাক নিয়ে চলে যাবেন জনসমাগমের স্থানে। সে রাস্তার ধারে গ্রামের বাজারেই হোক বা লোক-কারুশিল্পের মেলায় কিংবা শহরের কোনো উন্মুক্ত শিল্প প্রদর্শনীর স্থানে। ক্রেতারা আসবেন, ট্রাকের পাশে সাজিয়ে রাখা হ্যাঙ্গার-স্ট্যান্ডে জামা-কাপড়-টুপি-জুতা-ব্যাগ ইত্যাদি দেখবেন, ট্রাকে উঠে ভেতরের সংগ্রহেও চোখ বুলিয়ে নেবেন। পোশাক পরে দেখতে হলে ট্রাকের ভেতরের ট্রায়াল-কর্নারে গিয়ে পরে দেখে নেবেন। এই তো সবকিছুই সাধারণ দোকানের মতোই, কিন্তু এটা ফ্যাশন-ট্রাক, এটা ভ্রাম্যমাণ এই যা।
পুরোনো গাড়ি-ট্রাক নানা কায়দায় কাজে লাগিয়ে ব্যবহার করার চর্চা দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন কিছু নয়। ওই অঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্যই হয়তো এর কারণ। বিশাল খোলা প্রান্তর আর দূর-দূরান্তে একেকটা শহর-নগর-গ্রাম। ফুড-ট্রাক বা ট্রাকে ভ্রাম্যমাণ খাবারের দোকানের সংস্কৃতি সেখানে ইতোমধ্যেই খুব ভালোভাবেই প্রতিষ্ঠিত। হয়তো এই জনপ্রিয়তার হাত ধরেই এখন চলছে ফ্যাশন-ট্রাকের বিস্তার। কয়েক বছর ধরেই সেখানে একের পর এক এমন ফ্যাশন-ট্রাক দেখা যাচ্ছে বিভিন্ন লোকালয়ে আর জনসমাগম স্থানে।
লস অ্যাঞ্জেলেসের প্রথম ভ্রাম্যমাণ বুটিক ‘লা ফ্যাশন ট্রাক’-এর সহ-প্রতিষ্ঠাতা স্টেস স্টেফি। প্রায় ১০ বছর ধরে বিভিন্ন মেলায় হাতে বানানো ব্যাগ ও অন্যান্য কারুপণ্য বিক্রির ব্যবসা করতেন স্টেফি। ২০১১ সালের জানুয়ারিতে বন্ধু জিয়ানি রোমোর সঙ্গে মিলে লা ফ্যাশন ট্রাক চালু করেন তিনি। এখন লস অ্যাঞ্জেলেসে এমন প্রায় ৩০টি ফ্যাশন-ট্রাক চালু আছে। এই ফ্যাশন-ট্রাকের একটা বিশেষ দিকের কথাও জানালেন স্টেফি, ‘দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৯৫ ভাগ ভ্রাম্যমাণ বুটিকই নারীরা চালান এবং মূলত নারীদের পোশাক ও ব্যবহার্য দ্রব্যাদিই বিক্রি করেন।’