ফ্যাশন দুনিয়ার হালচাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফ্যাশন উইকে রিয়ান্না
নিউইয়র্ক ফ্যাশন উইকের আগামী মৌসুমে সিজনে হাঁটবেন রিয়ান্না। রানওয়েতে পুমার জন্য তৈরি করা নিজস্ব সংগ্রহ মেলে ধরবেন তিনি। কিছুদিন আগে নিজের টুইটার অ্যাকাউন্টে ডায়মন্ড বল নিলামের একটি লিংক শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন এই সংগীত তারকা। ওই নিলামেই উঠবে তাঁর সংগ্রহ। যাঁরা কিনবেন তাঁদের জন্য উপহার হিসেবে থাকবে রিয়ান্নার সই করা বাজারে এখন নেই এমন জুতা, পোশাক ​এবং দাওয়াতের আমন্ত্রণ। ভাগ্যে থাকলে শো শেষে ব্যাকস্টেজে তাঁর সঙ্গে দেখা করার সুযোগও পাওয়া যাবে। ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই শো আর নিলামের জন্য মুখিয়ে থাকবেন রিয়ান্নার ভক্তরা, সে আর বলতে বাকি আছে কী!
সূত্র: ডব্লিউডব্লিউডি

দিওর: দ্য নিউ লুকস
বেলজিয়ান ফ্যাশন ডিজাইনার র‌্যাফ সাইমনের পর কে হবেন বিশ্বখ্যাত ফরাসি ফ্যাশন ব্র্যান্ড দিওরের নতুন ক্রিয়েটিভ ডিরেক্টর? ফ্যাশন বিশ্ব যখন নতুন নামের অপেক্ষায়, দিওর বলে দিল, না ভাই, নতুন কেউ নন। আগামী দুই মৌসুমের দায়িত্ব নিয়ে নিয়েছে এর ঘরোয়া ডিজাইন দল। আর নতুন দল অতীতকে সেলিব্রেট করতে এসেই ঝটপট নামিয়ে দিল নতুন ট্যাগলাইন, দিওর: দ্য নিউ লুকস! আগামী শীত ও শরৎকালে তাঁরা যে বেশ ভালোই নজর কাড়বেন, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখনই।

সূত্র: এল নিউজ

শো শেষে সেলফিতে সামিল কাইরা
শো শেষে সেলফিতে সামিল কাইরা

কাইরার হোঁচট
ভ্যালেন্টিনোর পোশাক যেমন মন মাতানো, পরিচালকের নামও সেই রকম রাশভারী। বলা ভালো, বেশ ভারী। নইলে ব্রিটিশ অভিনেত্রী কাইরা নাইটলি কেন নাম বলতেই হোঁচট খাবেন? তা-ও এক সম্মাননা অনুষ্ঠানে! ব্যাপারখানা এই, সম্প্রতি লিংকন সেন্টার গালায় সম্মাননা জানানো হয় ভ্যালেন্টিনোর দুই ডিরেক্টর মারিয়া গ্রাজিয়া আর পিয়েরপাওলো পিচ্চিওলিকে। তো বেচারি কাইরা স্টেজে উঠলেন, নাম ঘোষণা করতে গিয়ে আর পিয়েরপাওলোর নাম মুখে আসে না। শেষে ওখানেই বলে ফেললেন, ওহ, আমি জানি না এত কঠিন নাম কীভাবে উচ্চারণ করে! দর্শক তো হেসেই খুন। দুই ডিরেক্টর অবশ্য এ নিয়ে রাগ করেননি মোটেই, বরং শো শেষে সেলফি তুলতে দেখা গেল কাইরাকে নিয়ে। কাইরার আর কী দোষ! নামই বটে!
সূত্র: ভোগ নিউজ

সার্জিও রোসির হাতবদল
জুতার ব্র্যান্ড সার্জিও রোসি অবশেষে ডুবল দেনার দায়ে। সম্প্রতি কোম্পানিটি কিনে নিল ইনভেস্টইন্ডাস্ট্রিয়াল নামে ইউরোপের একটি বিনিয়োগ প্রতিষ্ঠান। ইতালিয়ান এই জুতার ব্র্যান্ডটি বিক্রয় হওয়ার গুজব শোনা যাচ্ছিল বছরের শুরু থেকেই। প্রতিষ্ঠাতার মৃত্যু আর একের পর এক ক্রিয়েটিভ হেডের অদলবদলে জুতার মান কমছিল দিন দিন। কিছুদিন আগেও গুচি, সেন্ট লরেন্টের মতো কোম্পানির শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল তারা। তাই ইনভেস্টইন্ডাস্ট্রিয়ালের জ্যেষ্ঠ অংশীদার আন্দ্রে নি বোনোমি এখনো আশাবাদী, সময়ে ঠিকই ফিরিয়ে আনা যাবে এর সাফল্য।

দেখা যাক কী হয়। ভালো হলেই তো ভালো।

সূত্র: নিউইয়র্ক টাইমস

কার্টুনে ফ্যাশন উইক

নিউইয়র্ক ফ্যাশন উইকের বসন্ত আয়োজন শুধু পোশাকে নয়, বর্ণিল হয়েছে রংতুলিতেও। যাঁরা হেঁটেছেন আর যাঁরা দেখতে এসেছেন, সবাই বন্দী হয়েছেন কার্টুনিস্টদের হাতে। দ্য কার্টুনিয়ালিস্টের কার্লি কুনের কার্টুন নিয়ে এর মধ্যে ছাপা হয়ে গেছে ফিচারও। ফ্যাশনের বর্ণময়তার যথার্থ উদাহরণই বটে।

সূত্র: স্লেট ডট কম

নাইকির প্রশিক্ষণ জুতা

বাজার কাঁপাতে চলে এসেছে নাইকির দ্য মেটকন ওয়ান পিআর হান্টার শ‌ু। কালো, কমলা আর বাদামির মিশ্রণে তৈরি এ জুতা তৈরি হয়েছে যেকোনো ধরনের শক্ত প্রশিক্ষণের উপযোগী করে। ফ্লাইওয়্যারের গাঁথুনিতে এ জুতার সাপোর্ট বাড়িয়েছে হাজার গুণ। ডুয়েল ডেনসিটির মিডসোল দেবে স্টেবল লিফটিং প্ল্যাটফর্মের নিশ্চয়তা।

সূত্র: ফুটওয়্যার নিউজ