ফ্যাশন নিয়ে লেখাপড়া
ছোট্ট তাহসিনের খুব পছন্দ ছিল বারবি ডলটা। ওর প্রিয় পুতুলটার পরনের জামাটা হওয়া চাই সবচেয়ে সুন্দর। তাই নিজেই তৈরি করত ওর ফ্রকটা; তাতে লাগিয়ে দিত ফুল বা তারা। একটা ফুল ক্লিপ দিয়ে গুঁজে দিত পুতুলটার এলো চুলেও। ফ্রকের সঙ্গে রং মিলিয়ে বেছে নিত পুতুলের জুতাজোড়াও। তাহসিন আর ছোট্টটি নেই। এখন আর বারবি ডল নয়, এবার সত্যি সত্যি পোশাকে আর অনুষঙ্গে সাজিয়ে তোলার বিদ্যাটা আয়ত্ত করছেন তিনি। পড়ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজিতে (বিআইএফটি)। নিজের দক্ষতা বৃদ্ধি করতে ফ্যাশন ডিজাইনার তৌহিদা তহুও এখানে পাঠ নিয়েছেন। এখানে ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়া শেষ করে গড়ে তুলেছেন নিজস্ব প্রতিষ্ঠান।ফ্যাশন ডিজাইন কী: পোশাক, অলংকার, সাজ আর অনুষঙ্গে সেজে কিংবা সাজিয়ে তোলার বিদ্যা হচ্ছে ফ্যাশন ডিজাইন। মানুষ এখন অনেক বেশি সৌন্দর্য-সচেতন। হাল ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে পোশাক-পরিচ্ছেদটি বেছে নেন সবাই। একজন ফ্যাশন ডিজাইনারের কাজ হচ্ছে সবাইকে এই হাল ফ্যাশনটির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। শুধু হাল ফ্যাশন নয়, পুরোনো ঐতিহ্য আর সংস্কৃতির রূপটি তিনি ফুটিয়ে তুলতে পারেন তাঁর ডিজাইনের মাধ্যমে। তাই এটি যুগোপযোগী ও সৃষ্টিশীল একটি পেশা।বাংলাদেশের বস্ত্রশিল্পের সম্ভাবনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তাই পেশা হিসেবে ফ্যাশন ডিজাইনের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল বলে মনে করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির (বিআইএফটি) সহকারী অধ্যাপক মাহমুদা বেগম।শিক্ষা কার্যক্রম: ফ্যাশন ডিজাইন নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন বছর মেয়াদি শিক্ষাকার্যক্রম পরিচালিত রয়েছে। চার বছরের অনার্স কোর্স। দুই বছরের ডিপ্লোমাসহ সার্টিফিকেট কোর্স। চার বছরের অনার্স কার্যক্রম হিসেবে ছয় মাস মেয়াদি আটটি সেমিস্টারে মোট ১২০ ক্রেডিট পড়ানো হয় বিআইএফটিতে। ফ্যাশন সম্পর্কিত তত্ত্বীয় আলোচনা, ডিজাইনের উপাদান, কাটিং, ডাইং, টেক্সটাইল, গার্মেন্টস প্যাটার্ন, ড্রেপিং, ফ্যাশন ইলাসট্রেশনসহ পদার্থ, রসায়ন, সাহিত্য প্রভৃতি বিষয়ও এর অন্তর্ভুক্ত।কোথায় পড়বেন: ঢাকাস্থ উত্তরায় অবস্থিত বিজিএমইএ পরিচালিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজিতে (বিআইএফটি) রয়েছে ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়ার সুযোগ। এ ছাড়া শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদি কোর্স রয়েছে। এর বাইরে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন, ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজিতেও বিভিন্ন মেয়াদে পড়ার সুযোগ রয়েছে।পড়ার যোগ্যতা: ফ্যাশন ডিজাইন বিষয়টি নিয়ে পড়তে হলে শিক্ষার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।খরচাপাতি: ফ্যাশন ডিজাইনের চার বছর অনার্স কার্যক্রম শেষ করতে খরচ পড়বে তিন লাখ ৭৫ হাজার থেকে চার লাখ টাকা। দুই বছর মেয়াদি ডিপ্লোমা করতে প্রায় দেড় লাখ টাকার মতো লাগবে।কাজের সুযোগ: বর্তমানে দেশে ও দেশের বাইরে ফ্যাশন ডিজাইনারদের ব্যাপক কদর রয়েছে। ফ্যাশন হাউস, টেক্সটাইল মিলস, গার্মেন্টস খাতের উন্নতির সঙ্গে সঙ্গে এ পেশার চাহিদা বেড়ে যাচ্ছে দিন দিন। এ বিষয়ে পড়া শেষ করে চাকরির সুযোগ রয়েছে বিভিন্ন বায়িং হাউসে, বড় ফ্যাশন হাউসে, বুটিক হাউসে ও গার্মেন্টসে। এ ছাড়া নিজে নিজে ফ্যাশন হাউস বা বুটিক হাউস খুলে আত্মকর্মসংস্থানও সম্ভব এ বিষয়ে শিক্ষা গ্রহণ করে।