ফ্যাশন ভিকটিম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কিনি জিনস বা শরীরে শক্তভাবে লেপ্টে থাকা জিনস পরে টানা কাজ করতে গিয়ে চলৎশক্তি হারিয়ে চার দিন হাসপাতালে ছিলেন অস্ট্রেলিয়ার এক নারী। প্রতীকী ছবি।
স্কিনি জিনস বা শরীরে শক্তভাবে লেপ্টে থাকা জিনস পরে টানা কাজ করতে গিয়ে চলৎশক্তি হারিয়ে চার দিন হাসপাতালে ছিলেন অস্ট্রেলিয়ার এক নারী। প্রতীকী ছবি।

এত দিন হোক বা না হোক এখন থেকে হয়তো ‘ফ্যাশন ভিকটিম’ কথাটা চিকিৎসা জগতেও চালু হয়ে যাবে। অন্য কোনো অসুস্থতা নয় বরং স্রেফ ‘স্কিনি জিনস’ বা শরীরে শক্তভাবে লেপ্টে থাকা জিনস পরে কাজ করতে গিয়েই চলৎশক্তি হারিয়ে চার দিন হাসপাতালে থাকতে হয়েছে এক নারীকে। চিকিৎসকেরা তাকে বলছেন ফ্যাশন ভিকটিম বা ফ্যাশনের শিকার। এ ঘটনার পর চিকিৎসকেরা হুঁশিয়ার করেছেন আঁটসাঁট পোশাক পরার কারণে সৃষ্ট স্নায়বিক জটিলতার ঝুঁকি নিয়ে।


অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ৩৫ বছরের এক নারী স্কিনি জিনস পরে সারা দিন ধরে কাজ করেন এক আত্মীয়ের বাড়িতে। আত্মীয়কে বাড়ি বদলের কাজে সাহায্য করতে সকাল থেকেই গোছ-গাছ আর বাঁধা-ছাদায় ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হতে থাকলে ক্রমশ দুর্বল হয়ে পড়ে তার শরীর।

সন্ধ্যায় গোছ-গাছ শেষে বাড়ি ফেরার পথে তিনি আর হাঁটতে পারছিলেন না। একপর্যায়ে পা নাড়াতেও অক্ষম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পায়ের আঙুল বা গোড়ালি কিছুই নাড়াতে পারছিলেন না তিনি এবং তাঁর হাঁটুর নিচ থেকে পা পর্যন্ত পুরো অংশই অবশ হয়ে গিয়েছিল। কয়েক ঘণ্টা খোলা আকাশে নিচেই পড়েছিলেন ওই নারী। পরে তাকে রয়্যাল অ্যাডিলেড হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

চিকিৎসকেরা জানিয়েছেন, ‘ওই নারীর পরনের জিনস এতটাই আঁটসাঁট আর এতটাই শক্তভাবে তা শরীরে লেপ্টে গিয়েছিল যে, না কেটে তা পা থেকে খোলার উপায় ছিল না।’ পায়ের পেশি শিথিল করা এবং স্নায়ু সচল করার জন্য চার দিনের চিকিৎসার পর ওই নারী পুনরায় হাঁটার ক্ষমতা ফিরে পান।

অস্বাভাবিক এই ঘটনা নিয়ে রয়্যাল অ্যাডিলেড হাসাপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি নিবন্ধ সম্প্রতি ব্রিটিশ চিকিৎসা সাময়িকী নিউরোলজি নিউরোসার্জারি ও সাইকিয়াট্রিতে প্রকাশিত হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, শরীরে লেপ্টে থাকা অতিরিক্ত আঁটসাঁট জিনস এবং দিনমান উবু হয়ে বসে থেকে কাজ করার কারণে ওই নারীর পায়ে রক্ত সঞ্চালন কমে যায় এবং পেশিগুলো আড়ষ্ট হয়ে পড়ে। একইসময়ে দীর্ঘক্ষণ ধরে চেপে থাকার কারণে তার পায়ের স্নায়ুরজ্জু গুলো বিকল হয়ে গেলে সে হাঁটার ক্ষমতা হারায়।

হাসপাতালটির বিশেষজ্ঞ নিউরোলজিস্ট থমাস কিমবার তাঁর এই রোগীকে ‘ফ্যাশন ভিকটিম’ হিসেবে আখ্যায়িত করেন। আর স্নায়ুরোগ বিশেষজ্ঞরা এই ঘটনা নিয়ে লেখা নিবন্ধটিতে বলেছেন,‘এই ঘটনাটি আঁটসাঁট জিনস পরা থেকে তৈরি হওয়া একটা নতুন স্নায়বিক জটিলতার প্রতিনিধিত্ব করছে।’ ফ্যাশন সচেতনরা পোশাক-আশাক বা সাজসজ্জার কারণে স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়টি মাথায় রাখলে হয়তো এমন ফ্যাশন ভিকটিমদের সংখ্যা বাড়বে না।
এএফপি ও আইএএনএস অবলম্বনে