ফ্যাশন শিল্প নিয়ে আলোচনা
‘আমরা চার বছর ধরে একটা স্বপ্ন নিয়ে বাংলাদেশের ফ্যাশন জগতে কাজ করছি। কিন্তু এ বছর ঈদে সেই স্বপ্নে কিছুটা ধাক্কা লেগেছে। আশা করছি, সামনের ঈদে ভালো ব্যবসা হবে।’ বলছিলেন লা রিভের বিক্রয়প্রধান নাসরিন সুলতানা।এ কথার সঙ্গে একমত হলেন সেদিন গোলটেবিল বৈঠকে উপস্থিত অতিথিরাও। আলোচনায় ঈদে বিক্রিতে ভাটার কারণ হিসেবে উঠে আসে প্রতিবেশী দেশগুলো থেকে অবৈধ পথে পোশাক আমদানি, সরকারি পৃষ্ঠপোষকতার অভাব, কাঁচামালের মূল্যবৃদ্ধি, করের ব্যাপারে যথাযথ আইন প্রয়োগের অভাব, উৎপাদনের খরচ বৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতাসহ নানা বিষয়। এসব সমস্যা থেকে উত্তরণের উপায় নিয়েও তাঁরা আলোচনা করেন।বাংলাদেশের ফ্যাশন শিল্পের নানা সমস্যা জানতে এবং সমাধান বের করতেই ২৪ আগস্ট লাইফ স্টাইল-বিষয়ক ম্যাগাজিন ক্যানভাস আয়োজন করে এক বিশেষ আলোচনা অনুষ্ঠানের। ‘ফ্যাশন ইন্ডাস্ট্রির ঈদ বিজনেস রিভিউ ২০১৩: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠানে এভাবেই নিজেদের ব্যবসায়িক অবস্থা তুলে ধরেন বক্তারা।অনুষ্ঠান শুরু হয় ক্যানভাস-এর নির্বাহী সম্পাদক শেখ সাইফুর রহমানের শুভেচ্ছা বক্তব্য দিয়ে। পরে ডিজাইনার চন্দ্রশেখর সাহা ফ্যাশন শিল্পের সার্বিক চিত্র তুলে ধরেন। তাঁর বক্তব্যের সূত্র ধরে অতিথিরা মূল আলোচনায় অংশ নেন।আলোচনায় অংশ নেন শিল্প মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম রফিকুল ইসলাম, নিপুণ ক্র্যাফটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুর রহমান, কে ক্র্যাফটের পরিচালক খালিদ মাহমুদ খান, ক্যাটস আইয়ের বিক্রয়-প্রধান কামাল উদ্দীন, স্টুডিও এমদাদের ডিজাইনার এমদাদ হক, সাদা-কালোর ব্যবস্থাপনা পরিচালক আজহারুল হক, কীত্তনখোলার ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান, ইন্ডিগোর পরিচালক শৈবাল সাহা, রঙের ব্যবস্থাপনা অংশীদার সৌমিক দাস, এম ক্র্যাফটের পরিচালক মো. মাঈন উদ্দিন, গ্রামীণ ইউনিক্লোর প্রধান ফ্যাশন ডিজাইন বাবু আরিফ, অন্যমেলার পরিচালক মাজহারুল ইসলাম, এসএমই ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক ইয়াশনা চৌধুরী, ট্রেন্ডজের বিপণনপ্রধান মো. মহসীন আলম, ম্যাকয়ের প্রেসিডেন্ট মো. মেসবাহ-উল-আলম, আড়ংয়ের খুচরা বিক্রয় পরিচালনের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবদুর রউফ, চরকার প্রধান নির্বাহী ও ডিজাইনার জাভেদ কামাল, বিবিয়ানার ব্যবস্থাপনা পরিচালক লিপি খন্দকার, এনআরবি ব্যাংকের ব্র্যান্ড ম্যার্কেটিং স্ট্রাটেজিস্ট আফতাব মাহমুদ, বাংলার মেলার ব্যবস্থাপনা পরিচালক গোলাম মাওলা, এশীয় উন্নয়ন ব্যাংকের উপদেষ্টা এহতেশামুল হক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের বিনোদন সম্পাদক রবিন শামস।