ফ্যাশনে ঈদের আগমনী বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাশন মানে বিদেশি পোশাকের ওপর নির্ভরতা—এমন ধারণা পুরোপুরি পাল্টে দিয়েছেন দেশের ডিজাইনাররা। দেশি পোশাকে ফ্যাশনের বৈচিত্র্য মন কাড়ছে সবার। নুরজাহান-আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতায়ও ছিল দেশি পোশাকের জয়গান। গত বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বসেছিল চট্টগ্রামে ফ্যাশনের সবচেয়ে বড় এ আয়োজন। ঈদের আগমনী বার্তা নিয়ে আসা জমকালো এ অুনষ্ঠানের শুরু বাবুল জলদাসের ঢোলের বাদনে। আদিবাসী নাচ, কথামালা, মডেলদের ক্যাটওয়াক আর গান মুগ্ধ করে রাখে দর্শকদের। শুরুতেই বক্তব্যে প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘এই ১৩ বছরে একটি নতুন রূপ পরিগ্রহ করেছে চট্টগ্রাম। আগে বিদেশি পোশাকের প্রতি মানুষের আগ্রহ ছিল বেশি। আর এখন তরুণ-তরুণী থেকে শুরু করে বয়স্করাও গতানুগতিক পোশাক বাদ দিয়ে আমাদের ফ্যাশন ডিজাইনারদের পোশাক পড়েন।’চোখ-ধাঁধানো আয়োজনে আলো-আঁধারির খেলায় কিউ শুরু হয় বাঙালির চিরায়ত পোশাক শাড়ি দিয়ে। তবে মন কেড়ে নেয় শিশুদের কিউ। তাদের ক্যাটওয়াকের সময় করতালিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন। এ ছাড়া সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট ও ফিউশনের ক্যাটওয়াকও মুগ্ধ করে দর্শকদের। প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানের স্পনসর ছিল নুরজাহান গ্রুপ। সহযোগিতা করেছে পারসোনা ও বন্ধুসভা। মিডিয়া পার্টনার ছিল আরটিভি। আর যে মঞ্চে আলো ছড়ালেন মডেলরা, তার পেছনে কাজ করেছে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ইন বিটুইন চট্টগ্রাম। চমৎকার এ মঞ্চসজ্জা আয়োজনে এনে দেয় পরিপূর্ণতা।ক্যাটওয়াকের ফাঁকে ফাঁকে চলে আদিবাসী নাচ, গান ও বক্তৃতাপর্ব। প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন বলেন, ‘ফ্যাশনে বৈপ্লবিক পরিবর্তন এনেছে চট্টগ্রাম। একসময় পোশাকের জন্য আমাদের তাকিয়ে থাকতে হতো প্রতিবেশী দেশের দিকে। আর আমরা এখন শুধু স্বাবলম্বী নই, পোশাক কিনতে তাঁরাও আসছেন এখানে।’ অনুষ্ঠানে অতিথি ছিলেন অভিনয়শিল্পী জয়া আহসান। গালে টোল পড়া হাসি নিয়ে বলেন, ‘ফ্যাশন মানে বৈচিত্র্য। এ বৈচিত্র্যে নিজেকে ফুটিয়ে তুলতে যে কেউ চায় সেরা পোশাকটি। চট্টগ্রামের ডিজাইনাররা তার শতভাগ পূরণ করতে পেরেছেন।’ তিনি বলেন, ‘প্রথম আলো আর নুরজাহানের অনুষ্ঠানকে আমি আমার নিজের অনুষ্ঠান মনে করি। তাই আসতে পেরে ভালো লাগছে।’ কবি কামরুল হাসান বাদলের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নুরজাহান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ, প্রথম আলোর সহকারী ফিচার সম্পাদক কবির বকুল ও আরটিভির প্রধান প্রতিবেদক মাজহারুল ইসলাম খান।ঈদের আগে এ প্রতিযোগিতার জন্য অপেক্ষায় থাকেন চট্টগ্রামের ফ্যাশন ডিজাইনার ও দর্শকেরা। তাই আয়োজন নিয়ে উৎসাহের কমতি ছিল না। আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় এ নিয়ে ছয় বার এসেছেন ডাচ বাংলা ব্যাংকের জুবিলি সড়ক শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদুল আমিন। তিনি বলেন, ‘প্রতিবছর গোছানো আয়োজনটাই আমার ভালো লাগে বেশি। চট্টগ্রামের ডিজাইনারদের জন্য এটি চমৎকার আয়োজন। এর মাধ্যমে তাঁরা নিজেদের তুলে ধরার সুযোগ পাচ্ছেন। আর আমরা পাচ্ছি নিত্যনতুন ডিজাইনের পোশাক।’ প্রথম বারের মতো অনুষ্ঠানে এসে মুগ্ধ মনীষা নাথ। তিনি বলেন, ‘তরুণ-তরুণীদের ধার করা ফ্যাশনে চলার দিন শেষ। এখন নিজেকে ফ্যাশনেবল করতে দেশি পোশাকেই সবার ভরসা।’ গৃহিণী মিতা খানম বলেন, ‘এ আয়োজন ঈদের আগে উৎসবের আমেজ এনে দিয়েছে।’এভাবে ঘুরতে থাকে ঘড়ির কাঁটা। সবশেষে আসে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার দেওয়ার পালা। প্রতিযোগিতায় বিচারকদের চুলচেরা বিশ্লেষণে ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ৪৩ জন ডিজাইনার। সেরাদের সেরা হয়েছেন তাজনুর বুটিক হাউসের সুলতানা নুরজাহান। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। শুধু যে ডিজাইনাররা পুরস্কার পেয়েছেন তা না, দর্শকদের জন্য ছিল র‌্যাফেল ড্র। এতে সাতজন দর্শক জিতে নেন মুঠোফোন সেট।