আলো ঝলমলে আয়োজন। গুণী সম্মাননা, ফ্যাশন ক্যাটওয়াক, নাচ, আবৃত্তি, ডিজে শো—অনেক কিছুই ছিল। তারপরও দর্শকের অনুযোগ শব্দবিভ্রাট, সময়ক্ষেপণ, অগোছালো উপস্থাপনা অনুষ্ঠানের মান ক্ষুণ্ন করেছে। গত ৩১ জুলাই নগরের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে হয়ে গেল ডিজাইনার্স ফোরামের ঈদ উৎসব।উপস্থাপক রুমানা ও রানা শুরুতে মঞ্চে ডাকলেন ফোরামের প্রেসিডেন্ট রওশন আরা চৌধুরীকে। তিনি বললেন, ‘২০০৯ সালের জুলাইতে ডিজাইনার্স ফোরামের আত্মপ্রকাশ। আমাদের মূল উদ্দেশ্য দেশি কাপড়, তাঁত ও মৌলিক ডিজাইনের প্রচার-প্রসার। প্রশিক্ষণ দিয়ে দক্ষ ডিজাইনার তৈরি করতে চাই আমরা। বিদেশে আমাদের পোশাক নিয়ে মেলা করতে চাই।’এরপর ফ্যাশন, শিশুদের কিউ। ১০টি ‘মিষ্টি পাখি’ ১০টি ফ্যাশন হাউসের নামের প্লেকার্ড নিয়ে মঞ্চে ঢুকল। সালেহ জনের কোরিওগ্রাফিতে শিশু মডেলদের ক্যাটওয়াক দর্শকদের আনন্দ দিয়েছে। এবার মঞ্চে এল এমদাদ হকের পোশাকে ‘স্পেশাল’ ফ্যাশন কিউ। ‘মেরে...নাচনেওয়ালি’ গানের সঙ্গে প্রথমে হলুদ গাঁদা ও হলুদ ওড়না পরে এক নারী ও জমকালো পোশাক পরে এক পুরুষ মডেল এলেন মঞ্চে। দুই মডেল মাতিয়ে গেলেন মঞ্চ। হঠাৎ ছন্দপতন, শব্দযন্ত্রের গোলযোগ। এবার চমক! খাপখোলা তলোয়ার নিয়ে মঞ্চে এলেন আরেক পুরুষ মডেল। তলোয়ারের নানান কসরত প্রদর্শন শেষে জয় করলেন রাজকন্যা। মঞ্চে এল আট বেহারার রাজকীয় পালকি। কোথায় রাখবেন পালকি, বুঝতে পারছেন না বেহারারা। সুন্দরী কন্যা কয়েকবার হাতে ইশারা করলেন। নামার সময় পালকির পেরেকে আটকে গেল ওড়না! কিন্তু রূপসী কন্যার রূপের মায়ায় মন্ত্রমুগ্ধ হলেন মিলনায়তনভর্তি দর্শক। এরপর মায়াবী ডান্স হোমের শিল্পীরা ‘আমি বাংলার গান গাই’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। হানিফ খন্দকারের পরিচালনায় এ নৃত্যে মূর্ত হয়ে ওঠে বাঙালি ঐতিহ্য ও সমৃদ্ধ অতীত। এবার বাহারি ডিজাইনের ঝলমলে শাড়ির কিউ। মঞ্চে এলেন মডেল নুসরাত, নাবিলা, প্রিয়াম, লিমা, কেয়া, ঐশী, সাদিয়া, রুপা ও শাম্মা। গতিময় ছন্দে মনের আনন্দে তাঁরা শাড়ির বৈচিত্র্য তুলে ধরলেন দর্শকের সামনে। এরপরই খাটো, দীর্ঘ, শেরওয়ানি ডিজাইনের পাঞ্জাবি পরে দাপিয়ে বেড়ালেন মডেল ইমরান, রিগেল, রাজু, সাকি, আবরার, তাহসিন, তুষার ও কামরুল। আবার যোগ দেন শাড়ি পরা পরিরাও। সম্মাননা পর্বে প্রখ্যাত ডিজাইনার চন্দ্রশেখর সাহা, এমদাদ হক ও সংবর্ধেয় ডিজাইনার জুলেখা খানকে উত্তরীয় পরিয়ে দেন রওশন আরা চৌধুরী। তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন শিল্পী আহমেদ নেওয়াজ, কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী এবং ডিজাইনার আইভি হাসান।চন্দ্রশেখর সাহা বলেন, ‘আজ আমার জীবনের একটি অসাধারণ দিন। আগামী দিনে চট্টগ্রাম ফ্যাশনের জগতে নতুন ইতিহাস সৃষ্টি করবে। এখানকার ডিজাইনারেরা অমিত সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছেন।’এমদাদ খান বলেন, ‘চট্টগ্রামকে আমরা ভালোবাসি। ভালোবাসি দেশকে। আপনারাও দেশকে ভালোবাসবেন।’জুলেখা খান বলেন, ‘যখন প্রথম বুটিক হাউস শুরু করি তখন তা চিন্তাই করা যেত না। বুটিকের উপকরণ কেনার জন্য সকাল ছয়টা চল্লিশের ট্রেনে ঢাকা যেতাম, বিকেল চারটার ট্রেনে ফিরতাম। এখন নতুনেরা অনেক ভালো ডিজাইন করছে। তাদের শৈল্পিক দক্ষতা আছে।’বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম একটি পিছিয়ে পড়া নগর ছিল। সবাই মিলে এটিকে আধুনিক নগর করতে চাই। ডিজাইনার্স ফোরাম তারই অংশ। আজ সমাজের কিছু গুণী মানুষকে একত্রিত করেছে এ ফোরাম।’এরপর ঘোষণা দেওয়া হলো ‘এখন উপভোগ করবেন সালোয়ার-কামিজের কিউ।’ কিন্তু এ কী! জামদানি কাপড়ের লেহেঙ্গা, শাড়ি পরা মেয়েরা আর পাঞ্জাবি, শার্ট পরা ছেলেরা যুগল কিউতে দাপিয়ে বেড়াচ্ছিলেন মঞ্চ। ততক্ষণে উপস্থাপিকা ঘোষণা সংশোধন করলেন।আবার নাচ। মায়াবী ড্যান্সের নাচের পরে চমৎকার দুইটি কিউ। একটি সালোয়ার-কামিজের অন্যটি ডিজিটাল ক্যানভাসের টি-শার্টের। শেষের কিউটি ছিল ফিউশন। মনে রাখার মতো ক্যাটওয়াক করেছেন মডেলরা। ঘড়ির কাঁটায় তখন রাত ১১টা। মঞ্চে এলেন ডিজে সাদিউল। তাতে মেতে উঠলেন সবাই।