ঈদের আগাম বারতা। এবারও রোজার আগেই বাজল উৎসবের বাদ্য। বর্ণিল ফ্যাশনে বাহারি পোশাকের রংছটা। আলো ঝলমলে মঞ্চে নজরকাড়া ক্যাটওয়াকে দেশি পোশাকের জয়গান। তার সঙ্গে নাচ, মূকাভিনয় আর কথার জাদু। ৬ জুলাই নুরজাহান-আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতার আসর বসেছিল জিইসি মোড়ের কে স্কয়ার মিলনায়তনে। চট্টগ্রামের ফ্যাশন ডিজাইনারদের নিয়ে সবচেয়ে বড় এই আয়োজন এবার পা দিল ১৫ বছরে।সন্ধ্যা নামতেই মিলনায়তন গম গম করছিল ফ্যাশন ডিজাইনার আর দর্শকদের পদচারণে। বাধা হতে পারেনি আষাঢ়ের বৃষ্টি। আগেভাগে আসা দর্শকদের বাড়তি পাওয়া ছিল পুরোনো দিনের সুখস্মৃতি—প্রজেক্টরের পর্দায় আগের অনুষ্ঠানের ভিডিওচিত্র। কখনো আফজাল হোসেন, কখনো শমী কায়সার, কিংবা জয়া আহসান, ফেরদৌস, জুয়েল আইচদের মুখে চট্টগ্রামের ডিজাইনারদের কাজের স্বীকৃতি। ঘড়ির কাঁটা সাতটায় আসতেই বেজে উঠল লালনের চিরচেনা সেই সুর ‘আমি যারে বাসি ভালো’। শুরু হলো কিউ। বাঙালির চিরায়ত পোশাক শাড়ি দিয়ে। একে একে মঞ্চ আলোকিত হয় পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া, ফিউশন, যুগল ও বাচ্চাদের পোশাকের কিউতে। তবে এবারও বড়দের ছাপিয়ে গেছে শিশুদের পর্বটি। ‘ও নদীরে তুই যাস কোথায় রে’ গানের সঙ্গে র্যাম্প মাতান খুদে মডেলরা। ক্যাটওয়াকের ফাঁকে ফাঁকে চলে নাচ।এর আগে উপস্থাপিকা আঁখির আহ্বানে মঞ্চে আসেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রামের ফ্যাশন ডিজাইনারদের পথ মসৃণ করতে আমাদের এই আয়োজন। এর মাধ্যমে উঠে এসেছে নামি অনেক ব্র্যান্ড। যারা এখন ছড়িয়ে গেছে সারা দেশে। বিশ্বজিৎ চৌধুরীর কথার প্রতিফলন দেখা গেছে দর্শকদের মধ্যেও। অনুষ্ঠানে আসা তাহিমনা নবী বলেন, ‘গত তিন বছর ধরে এই ফ্যাশন প্রতিযোগিতায় আসছি। প্রতিবছরই দেখি পোশাকে নানা বৈচিত্র্য। চোখে ধাঁধা লেগে যায়। সব পোশাক নজরকাড়া। আর ঈদের ট্রেন্ডটা কী তা এখান থেকে আগেই জানা যায়।’ক্যাটওয়াক, নাচ আর মূকাভিনয় দর্শকেরা উপভোগ করলেও মঞ্চের ডান পাশটা একেবারে উত্তাপহীন। কারণ, ওই পাশটায় বসেছেন প্রতিযোগী ডিজাইনাররা। তাঁদের চোখেমুখে উৎকণ্ঠা। ক্ষণে ক্ষণে চোখ যাচ্ছে কিছু দূরে বসা বিচারকদের দিকে। দূর থেকে যেন বোঝার চেষ্টা ‘পুরস্কার পাব তো’। এর মধ্যে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত বিচারকেরা। রাত নয়টা বাজতেই ফলাফলের তালিকা হাতে আবার মঞ্চে আসেন বিশ্বজিৎ চৌধুরী। তিনি মাইক্রোফোনে ঘোষণা করেন অতিথি হিসেবে এবার এসেছেন একজন অধ্যাপক, তবে নাম বলেননি। দেখা গেল মঞ্চের দিকে এগিয়ে আসছেন এক নারী। চেনা মুখ। মঞ্চের আলো পড়তেই দেখা গেল তিনি আর কেউ নন, অভিনেত্রী অপি করিম। মিলনায়তনে তখন করতালির ঢেউ।অপি করিম বলেন, ‘আমি চট্টগ্রামকে ভালোবাসি। বারবার আসতে চাই। মেরিন ড্রাইভ সড়কটা চোখ জুড়িয়ে দেয়। তার সঙ্গে কিছু দূর পর পর সবুজ।’ তিনি দেশি কাপড়ের পোশাক পরতে সবাইকে অনুপ্রাণিত করার জন্য ডিজাইনারদের ধন্যবাদ জানান। এ ছাড়া বক্তব্য দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান নুরজাহান গ্রুপের উপমহাব্যবস্থাপক কাজী মোতাহের হোসেন। প্রতিযোগিতায় ১২টি বিভাগে পুরস্কার পেয়েছে ২১ ডিজাইনারের ৪৫টি পোশাক। এবার প্রথম প্রতিযোগিতায় এসেই চারটি পুরস্কার জিতেছেন বুটিক হাউস নিহালস ওয়্যারড্রপের কর্ণধার মাশরুর রহমান। ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে বিবিএর ছাত্র মাশরুরের পোশাক বিক্রির ধরনটাও ভিন্ন। অনলাইনে চলে তাঁর বিক্রি। তিনি বলেন, ‘প্রথম আলোর এ ফ্যাশন প্রতিযোগিতা চট্টগ্রামের ডিজাইনারদের দক্ষতা প্রমাণের বড় প্লাটফরম। পুরস্কার পাওয়া অন্য ডিজাইনারদের পোশাক দেখে আমিও অভিভূত। আমাদের প্রত্যাশা এ আয়োজন আরও এগিয়ে যাবে, উঠে আসবে নতুন নতুন ডিজাইনার।’এবারের আয়োজনে প্রচার সহযোগী চ্যানেল আই। সহযোগিতা করেছে চট্টগ্রাম বন্ধুসভা ও রূপসজ্জায় ছিল পারসোনা।