ফ্যাশনে চার দশক
বাংলাদেশের ৪০ বছর। আর এই হিসাবে এ দেশের ফ্যাশনেরও চার দশক পার। কেমন ছিল এই চার দশকে বাংলাদেশের ফ্যাশন জগৎ! সেই চিত্রই ফুটে উঠল রিলা’স ফ্যাশন বুটিকের সৌজন্যে ১০ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা ক্লাব টেনিস কোর্টে। ঢাকা ক্লাবের ১০০ বছর পূর্তির উদ্যাপন হিসেবে এই আয়োজনটি উপভোগ করে ক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা। চার দশকের বাংলাদেশের ফ্যাশনকে চারটি ধাপে উপস্থাপন করা হয়। সত্তরের সংগ্রহ: দেশ স্বাধীন হওয়ার পর দেশের ফ্যাশনের একমাত্র মাধ্যম হিসেবে বাংলা চলচ্চিত্রকে এখানে প্রাধান্য দেওয়া হয়। হালকা রঙের শাড়ির সঙ্গে রঙিন কাজ। সেই সঙ্গে আরও ছিল লম্বা বেণি করে চুল বাঁধা। আশির দশক: দেশের কারুশিল্প, তাঁতশিল্পের জাগরণ এবং ঢাকাই চলচ্চিত্রের ফ্যাশনের সঙ্গে অনুসরণ করা হয় বলিউড ফ্যাশন।শাড়িতে হালকা জরির কাজ এবং ব্লাউজের কাটেও আসে বৈচিত্র্য। লম্বা হাতার কামিজের সঙ্গে তখন চুড়িদার পাজামা দেখা যায় মডেলদের উপস্থাপনায়।নব্বইয়ের দশক: তাঁতের সঙ্গে দেশের তৈরি পোশাকশিল্প প্রসারিত হতে থাকে। জামদানি ও সিল্কের শাড়িতে নতুন ফ্যাশনের অগ্রযাত্রা ছিল এই দশকে। নতুন শতকের প্রথম দশক: ২০০০ সালে শুরু হওয়া নতুন ওই দশকে প্রতিবছরই ফ্যাশনে যোগ হয় নতুন মাত্রা। সম্পূর্ণ নতুন আঙ্গিকে ফিরে আসে এই অঞ্চলের পুরোনো ঐতিহ্য মসলিন, কাতান, সিল্ক ও জামদানি। ছেলেদের ফ্যাশনেও যোগ হয় নতুন নতুন পোশাক। ফতুয়া, শাড়িতে চুমকি, পুঁতি, পাথরের চমৎকার কারুকার্য। চুলের বাহারি কাট লক্ষ করা যায় নতুন দশকের এই উপস্থাপনায়।‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানের মাধ্যমে শুরু হওয়া ফ্যাশন শো চার দর্শক ঘুরে এসে শেষ হয় জর্জ হ্যারিসনের বাংলাদেশ গানের মাধ্যমে। রিলা’স ফ্যাশন বুটিকের ব্যবস্থাপনা পরিচালক মানতাশা এ মুহিত জানান, ‘আমরা চেষ্টা করেছি দেশের ৪০ বছরের ফ্যাশনকে এই অল্প সময়ের মধ্যে উপস্থাপন করতে।’ লুনার কোরিওগ্রাফিতে জমজমাট এই ফ্যাশন শোতে মডেলদের বিভিন্ন লুকে সাজিয়ে দেয় পারসোনা এবং গয়না সরবরাহে ছিল ডায়মন্ড ওয়ার্ল্ড। অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘স্বাধীনতার এই চার দশক উপলক্ষে ঢাকা ক্লাব এবং রিলা’স ফ্যাশন বুটিকের এই আয়োজন অন্য রকম এক উদ্যোগ বলে মনে করি।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, সাংসদ সারাহ্ বেগম কবরী, ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট সাদাত সেলিমসহ অনেকে।