ফ্যাশনে দেড় যুগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডায়মন্ড ওয়ার্ল্ড-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতা ২০১৬–এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় ৪ জুন। নগরের হল টোয়েন্টি ফোরে আয়োজিত অনুষ্ঠানের ফ্যাশন কিউতে বাহারি পোশাকে উৎসবের রং ছড়িয়ে দেন মডেলরা l সৌরভ দাশ
ডায়মন্ড ওয়ার্ল্ড-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতা ২০১৬–এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় ৪ জুন। নগরের হল টোয়েন্টি ফোরে আয়োজিত অনুষ্ঠানের ফ্যাশন কিউতে বাহারি পোশাকে উৎসবের রং ছড়িয়ে দেন মডেলরা l সৌরভ দাশ

ফ্যাশনে এগিয়ে চট্টগ্রাম। খটকা লাগল তো? সবদিকে তো রাজধানীকেই এগিয়ে রাখে সবাই। ব্যাপারটা খোলাসা করি। দেড় যুগ আগে প্রথম আলোর আয়োজনে চট্টগ্রামে শুরু হয় ফ্যাশন প্রতিযোগিতা। ঢাকায়ও কয়েকটি প্রতিষ্ঠান আয়োজন করে একই আসর। কিন্তু একে একে সব বাতি নিভে গেছে। টিকে আছে শুধু চট্টগ্রাম। হ্যাঁ, প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতা এবার পা দিল ১৮–তে। ৪ জুন নগরের হল টোয়েন্টি ফোরে বসে চট্টগ্রামের ফ্যাশনজগতের বড় এই আসর।

অনুষ্ঠানে একটি পর্বে প্রদর্শিত হয় ডায়মন্ড ওয়ার্ল্ডের পোশাক ও গয়না l প্রথম আলো
অনুষ্ঠানে একটি পর্বে প্রদর্শিত হয় ডায়মন্ড ওয়ার্ল্ডের পোশাক ও গয়না l প্রথম আলো

এই অঞ্চলে নতুন ডিজাইনারদের উঠে আসার একমাত্র প্ল্যাটফর্ম এটি। এখান থেকে উঠে এসে সারা দেশে সুনাম কুড়িয়েছেন অনেক ডিজাইনার। এই গল্পের শুরুতেই বলতে হয় ফ্যাশন হাউস রমনীয়ার ফারুক ই আজম বীরপ্রতীক, রওশনসের রওশন আরা চৌধুরী, ডলস হাউসের আইভি হাসান, আরিয়ন ফ্যাশনের আমিনা রহমান, মিরনসের মোয়াজ্জেম হোসেন ও মিয়াবিবির সুলতানা নূরজাহানের কথা। তাঁরা এখন প্রতিষ্ঠিত ফ্যাশন ডিজাইনার।

নজরকাড়া পোশাকে র্যা ম্পে শিশু মডেলদের ক্যাটওয়াক
নজরকাড়া পোশাকে র্যা ম্পে শিশু মডেলদের ক্যাটওয়াক

তবে বিশেষভাবে আলোচনায় আসেন ফ্যাশন হাউস শৈল্পিকের কর্ণধার এইচ এম ইলিয়াস ও নিডেলওয়ার্কের নুরেজান্নাত। এই প্রতিযোগিতায় ডিজাইনারের প্রথম স্বীকৃতি পান দুজন। ১৯৯৯ সালে শুরুর প্রতিযোগিতায় অংশ নিয়ে সালোয়ার–কামিজ বিভাগে প্রথম হয় নুরেজান্নাতের পোশাক। তখন তিনি সবে স্কুলের গণ্ডি পেরিয়ে ছিলেন। এরপর আরও দুই বছর প্রতিযোগিতায় অংশ নিয়ে হাত পাকান ডিজাইনে। একসময় পড়াশোনার জন্য চলে যান ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজিতে। সেখানে ২০০৯ সালে কলকাতা ফ্যাশন উইকে তাঁর ডিজাইন করা শাড়ি পড়ে র্যাম্পে হাঁটেন বলিউডের নায়িকা বিপাশা বসু। এ ছাড়া একই বছর মিস কলকাতা প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন হওয়া চিরশ্রীও পরেন তাঁর ডিজাইন করা পোশাক। তিনি কাজ করেছেন কলকাতার খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার মুনা ও পালির সঙ্গে। এখন ঢাকায় রয়েছে তাঁর প্রতিষ্ঠান নিডেলওয়ার্কের দুটি বিক্রয়কেন্দ্র।

ফতুয়ার কিউ,সালোয়ার কামিজ ‘খ’ বিভাগের কিউ
ফতুয়ার কিউ,সালোয়ার কামিজ ‘খ’ বিভাগের কিউ

এদিকে ২০০৩ সালে সেরাদের সেরা হন ইলিয়াস। সেই প্রেরণার শক্তিতে পরে করেন হ্যাটট্রিক—২০০৮, ২০০৯ ও ২০১০ সালেও টানা সেরাদের সেরা হয়ে মাত করে দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে পাস করা ইলিয়াস ডিজাইনে আনেন নতুনত্ব। দিনে দিনে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়েছে। শৈল্পিক হয়েছে দেশের নামী ফ্যাশন হাউসের অন্যতম। সারা দেশে তাঁর এখন ২২টি বিক্রয়কেন্দ্র।
নুরেজান্নাত ও ইলিয়াস দুজনের একই ভাষ্য, বড় কোনো প্ল্যাটফর্মে কাজের প্রথম স্বীকৃতি দিয়েছে প্রথম আলো, যা তাঁদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। নতুনদের উদ্দেশে বলেন, মনোযোগ দিয়ে কাজ করলে সফল হওয়া কঠিন কিছু নয়।
শুধুই কী নুরেজান্নাত ও ইলিয়াস, এই দলে আছেন একেবারে নতুন আসা আরেক উদীয়মান ফ্যাশন ডিজাইনার মাশরুরর রহমানও। বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করার আগেই পোশাক ডিজাইনে হাত পাকিয়েছেন এই তরুণ। ২০১৪ সালে সেরাদের সেরা হন। তাঁর নিজস্ব কোনো বিক্রয়কেন্দ্র নেই। অনলাইনেই চলে বিক্রি। দেশের নামী অনেক প্রতিষ্ঠানের জন্য পোশাক তৈরি করেন তিনি। মাশরুরের ভাষায়, ‘কাজ আমরা সবাই করি। স্বীকৃতিটা জরুরি, যা এগিয়ে যাওয়ার মন্ত্রণা দেয়।’ তাঁর স্বপ্ন বিশ্ব ফ্যাশনে নিজেকে প্রতিষ্ঠিত করা।

ক্যাটওয়াকের ফাঁকে মনোমুগ্ধকর নাচ পরিবেশন করেন রাঙামাটির উজুনি ড্যান্স গ্রুপের শিল্পীরা
ক্যাটওয়াকের ফাঁকে মনোমুগ্ধকর নাচ পরিবেশন করেন রাঙামাটির উজুনি ড্যান্স গ্রুপের শিল্পীরা

মাশরুরের পাশাপাশি বড় ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখছেন নাসরিন সরওয়ার, জয়তুন নাহার, আবদুল্লাহ ইবন সৈয়দ, আমনা হক, ইকবাল হোসেন, মুনাজ্জা মালিহা চৌধুরী, হুমায়রা মেহজাবিনরাও। এই তরুণ-তরুণীরা সবাই এবারের প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতেছেন।
এর মধ্যে মুনাজ্জা মালিহা সবে এসএসসি পাস করেছে। পুরস্কার পেয়ে কেমন লাগছে? উত্তরে মুনাজ্জার জবাব, ‘আমার মূল লক্ষ্য ছিল অংশগ্রহণ করা। পুরস্কার পেয়ে ভালো লাগছে।’ মুনাজ্জার ইচ্ছা ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করে নিজেকে আরও পোক্ত করার।
অনুষ্ঠানের কথামালা পর্বে প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরীও এই ফ্যাশন প্রতিযোগিতা এগিয়ে দেওয়া গল্প শোনান দর্শকদের। তিনি বলেন, ‘ধারাবাহিকভাবে এই আয়োজন করে আসছে প্রথম আলো। তরুণ ফ্যাশন ডিজাইনারদের এগিয়ে নিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। যার ফলে প্রতিবছর এক ঝাঁক ডিজাইনার তৈরি হয়। আশার কথা হচ্ছে তরুণেরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন এবং নিজেদের যাচাই করছেন। আমরাও এই চেষ্টা অব্যাহত রাখতে চাই।’
অনুষ্ঠানে যোগ দিতে আসা িবশিষ্ট কথাসাহিত্যিক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হকও দেড় যুগের পথচলার সহযাত্রীদের সাধুবাদ জানান। তিনি বলেন, ‘চট্টগ্রাম
সব সময় অগ্রগামী। সূর্য সেন ও প্রীতিলতার এই চট্টগ্রাম এখনো এগিয়েই আছে।’

বিচারক
রওশন আরা চৌধুরী
আইভি হাসান
এইচ এম ইলিয়াস
নুরেজান্নাত ও
মোয়াজ্জেম হোসেন
পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান
ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড
সহপৃষ্ঠপোষক প্রতিষ্ঠান
রিজেন্ট এয়ারওয়েজ
প্রচার সহযোগী
বাংলাভিশন
রূপসজ্জা সহযোগী
পারসোনা
কোরিওগ্রাফার
সানজিদা লুনা
মঞ্চসজ্জা
সুব্রত বড়ুয়া
ক্রেস্ট ডিজাইন
মুজিবুল হক