ফ্যাশনে বর্ণিল শীতপোশাক
কুয়াশার চাদরে মুড়ি দিয়ে এসে গেছে শীত। ভোরের শিশির, মিঠে রোদ—সব মিলিয়ে শীতকালটা আমাদের দেশে বেশ চমৎকার একটা সময়। তবে হ্যাঁ, এ সময়টা তখনই উপভোগ্য হয়ে উঠবে, যখন আপনার পোশাকটা হবে শীতের উপযোগী। আরাম আর হাল ফ্যাশনকে গুরুত্ব দিয়ে শীতের পোশাকগুলোয় এখন আনা হয়েছে নানা বৈচিত্র্য। ফ্যাশন হাউস কে ক্র্যাফটের প্রধান নির্বাহী শাহনাজ খান বলেন, ‘আমাদের দেশে শীত খুব বেশি পড়ে না। তাই আমাদের দেশে তৈরি শীতের পোশাকগুলোও এ দেশের আবহাওয়া উপযোগী। মেয়েদের জন্য আছে চাদর, শাল, মাফলার, জ্যাকেট, সোয়েটার, কোট প্রায় সব ধরনের পোশাকই পাওয়া যাচ্ছে এখন। তবে তরুণ-তরুণীরা একটু পাশ্চাত্য ঘরানার শীতের পোশাকটাই বেশি পছন্দ করছে। ফতুয়া বা টপসের সঙ্গে চাপা জিনস আর তার ওপর একটা ফিটফাট জ্যাকেট প্রায় সব তরুণীরই পছন্দের।’ ফ্যাশন হাউস একস্ট্যাসির ডিজাইনার আশা হক বলেন, ‘এবার মেয়েদের সোয়েটারটা বেশি চলছে। ক্যাশমেয়ার সুতার ব্যবহার করা হয়েছে এসব সোয়েটারে। সাধারণত শীতে আমাদের ভেতরের পোশাকটা ঢেকে যায় সোয়েটারে, তাই এ দিকটি মাথায় রেখে এবার সোয়েটারগুলোকে করা হয়েছে অনেক বেশি রঙিন। লাল, সবুজ, হলুদ, নীল, আকাশি, গোলাপি, ছাই, কমলা—এসব রঙের পাশাপাশি সবার সব সময়ের পছন্দের রং সাদা আর কালো তো রয়েছেই। সোয়েটারের গলায় ভি আকৃতি, গোল আকৃতি, কলার রাখা হয়েছে, যার কোনো কোনোটির সঙ্গে আবার যুক্ত করা হয়েছে মাফলার।’ বসুন্ধরা সিটির ওয়েসটেকস ওমেনের ফ্যাশন হাউসে শীত উপলক্ষে পোশাকে নানা বৈচিত্র্য দেখা গেল। ওয়েসটেকস ওমেনের এ শাখার প্রধান মোহাম্মদ সেলিম বলেন, ‘আমাদের দেশের শুরুর দিকের শীতটা থাকে হালকা। তাই আমরা এবার হালকা শীতের ও বেশি শীতের দুই ধরনের পোশাক তৈরি করেছি।’ স্যুট, ওভারকোট, ব্লেজারও রাখা হয়েছে পাশাপাশি।তরুণীরা হুডি দেওয়া জ্যাকেটটাও বেশ পছন্দ করছে এবার। এ ছাড়া লাল, নীল, হলুদ, কমলা, গোলাপি বিভিন্ন রঙের বাহার দেখা যাচ্ছে সব মাফলারে। স্কার্ফের ব্যবহার দেখা যাচ্ছে সোয়েটার, ওভারকোট ও ব্লেজারের সঙ্গে। দেশীয় পোশাক শালের রাজত্ব অবশ্য সব শীতেই। শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, জিনস সব পোশাকের সঙ্গেই পরা যায়, এমন সব শাল পেতে চলে আসতে পারেন আড়ং, নিত্য উপহার, কে ক্র্যাফটসহ দেশীয় সব ফ্যাশন হাউসে।দামদরএ ছাড়া নগরের বিভিন্ন শপিং মল, নিউমার্কেট, চাঁদনীচক, বঙ্গবাজার ও বদরুদ্দোজা সুপার মার্কেট ঘুরতে ঘুরতে পেয়ে যেতে পারেন আপনার পছন্দের শীতের পোশাকটি।সাধারণ উলের সোয়েটার পাবেন ৩৫০-৬০০, একটু জমকালো উলের সোয়েটার পাবেন ৮০০-১২০০, ওভারকোট পাবেন ২৫০০-৩৫০০, চামড়ার জ্যাকেট ৪০০০-৪৫০০, ব্লেজার পাবেন ৩৫০০-৪৫০০, হালকা শাল পাবেন ৫০০-৮০০, জমকালো শাল ৮০০-২৫০০, স্কার্ফ ৪৫০-১২৫০ এবং মাফলার ৩৪০-৮৭০ টাকায়।