ফ্যাশনে রঙের মেলা
বৈশাখ মানেই কখনো রোদের আঁচ, উত্তাল মাতাল বৈশাখী হাওয়া।ইদানীং বৈশাখ মানেই ফ্যাশনের এক নবদিগন্ত...। নিত্যনতুন ভাবনায় ডিজাইনাররা সাজিয়ে তুলছেন তাঁদের আঙিনা। তাঁদের পোশাকে আঁকা হচ্ছে আমাদের প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যের নতুন রূপ।ডলস হাউস: নতুন ঢঙে বৈশাখী পোশাক সাজিয়েছেন ডলস হাউস বুটিকসের ফ্যাশন ডিজাইনার আইভি হাসান। বৈশাখ উপলক্ষে ‘ইতি লাবণ্য’ শিরোনামে পোশাক প্রদর্শনীর আয়োজন করেছেন তিনি। গত শুক্রবার চান্দগাঁও আবাসিক এলাকায় এ ব্লকের ২ নম্বর সড়কের ডলস হাউসে প্রদর্শনী শুরু হয়েছে, চলবে নববর্ষের পরেও।আইভি হাসান বলেন, ‘‘বাঙালির সবচেয়ে বড় উৎসব পয়লা বৈশাখ। পঁচিশে বৈশাখ আসে বাঙালিয়ানার নতুন গানে। তাই পঁচিশে বৈশাখকে কেন্দ্র করেই আমার বৈশাখী আয়োজন। রবিঠাকুরের বিখ্যাত উপন্যাস শেষের কবিতার অনুষঙ্গে ‘ইতি লাবণ্য’ থিম নিয়ে তৈরি করেছি বৈশাখের শাড়ি। আমাদের দেশীয় ঐতিহ্যের ঢাকাই আদ্দি, হ্যান্ডলুম, খদ্দর, তাঁত, উপজাতীয়দের খাদি, সুতি প্রভৃতি কাপড়ের তৈরি শাড়িতে তুলে ধরার চেষ্টা করেছি লাবণ্যের সেই বাড়ি, শিলং পাহাড়, কফির পেয়ালা, বটগাছ, প্রকৃতি, এমনকি লাবণ্যের মুখ।’’ শেষের কবিতার কাটাকুটিসমেত পাণ্ডুলিপি থেকে নেওয়া স্ক্রিন প্রিন্টের সঙ্গে জলছাপ, ব্রাশ, হ্যান্ডপেইন্ট প্রভৃতির মিশ্রণে তৈরি শাড়িগুলো যেন হয়ে উঠেছে একেকটা ‘শেষের কবিতা’। রং নির্বাচনের ক্ষেত্রেও তিনি রবীন্দ্রনাথের পছন্দের কথা মাথায় রেখেছেন। তবে বৈশাখের সঙ্গে সঙ্গে দিন ও রাতের অনুষ্ঠানের কথা মাথায় রেখে শাড়িতে অফ হোয়াইট, কফি রং, মেটে রং, সাদা, হলুদ, কালো, সবুজ, নীল প্রভৃতি হরেক রঙের ছোঁয়া রেখেছেন। চিরাচরিত লাল-সাদা রং ও জরি-চুমকি-পুঁতিকে তিনি সযত্নে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তবে শুধু শাড়িই নয়, ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, মেয়েদের সালোয়ার-কামিজ, বিছানার চাদর প্রভৃতিতেও তিনি ‘ইতি লাবণ্য’ এবং রবীন্দ্রনাথের অন্যান্য কবিতার থিম কাজে লাগিয়েছেন। এ ছাড়াও আফ্রিকান মোটিভ, আমাদের লোকজ ঐতিহ্য প্রভৃতি অনুষঙ্গ নিয়েও তিনি পোশাক তৈরি করেছেন। পোশাকের সঙ্গে মিল রেখে গয়নাতেও নিয়ে এসেছেন বৈশাখী আমেজ। উল, রঙিন সুতো, উপজাতীয়দের খাদি পোশাকের সুতো, ছোট ছোট ঘণ্টা, ধাতু, পুঁতি, বোতাম, বাঁশ, দড়ি, ডোকরা প্রভৃতি উপাদানের তৈরি চুড়ি, মালাসহ বিভিন্ন ধরনের গয়নায় তিনি এনেছেন অভিনবত্ব। তাঁর এ ভাবনার ছোঁয়া থেকে বাদ পড়েনি গৃহসজ্জার সামগ্রীও। ক্রেতা মনীষা চৌধুরী বলেন, ‘শাড়িতে অভিনবত্ব তো আছেই, তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে স্টুডিওটা। এই যে একপাশে কর্মীরা কাঠের ফ্রেমে বাঁধা শাড়িতে নকশা করছেন, ফুল তুলছেন, একপাশে ব্লকের কাজ হচ্ছে, একপাশে দর্জি কাপড়-কাটছেন, সেলাই করছেন, আরেক পাশে সাজানো পসরা। আমার কাছে পুরো পরিবেশটাই চমৎকার লেগেছে।’ চারুলতা বুটিকচারুকলা ইনস্টিটিউটের স্নাতকোত্তরের ছাত্রী কামরুন নাহার একটি বুটিক প্রতিষ্ঠান পরিচালনা করেন। জেলা শিল্পকলা একাডেমীতে তাঁর পোশাকের প্রদর্শনী হয়ে গেল ৮ ও ৯ এপ্রিল। ছেলেদের ফতুয়া, পাঞ্জাবি, টি-শার্ট, বাচ্চাদের পোশাক থাকলেও এতে মেয়েদের শাড়ি ও সালোয়ার-কামিজের প্রাধান্য ছিল বেশি। কামরুন নাহার মনে করেন, ‘বাঙালিরা এখন পাশ্চাত্য ফ্যাশনের চেয়ে নিজেদের উৎসবে বাঙালি সংস্কৃতিকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। তাই তিনি এবার ডিজাইনে ফিগার ড্রইং বাদ দিয়ে বরং ফুল, লতা, পাতা এবং লোকজ ঐতিহ্যকে প্রাধান্য দিয়েছেন। এ ছাড়াও মাটি ও বাঁশের তৈরি গৃহসজ্জার কিছু জিনিসপত্রও ছিল।’ বিশদবাঙলানগরের মেহেদিবাগের বিশদবাঙলা সংস্কৃতিপ্রেমীদের মিলনকেন্দ্র হিসেবেই পরিচিত। বৈশাখের আয়োজনে আছে চিরাচরিত বাঙালি ঐতিহ্যের পোশাক, শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবির পাশাপাশি গয়না, মাটির তৈরি জিনিসপত্র ও গৃহসজ্জার সামগ্রী। প্রতিষ্ঠানের পরিচালক আলম খোরশেদ ও মারিয়া আবরার বলেন, ‘আমাদের মূল আয়োজন হলো নববর্ষের দিন বৈশাখী মেলা। দেশি পিঠা, লাবড়া, সন্দেশ, আচার, বাতাসা, মুড়ি-মুড়কি, মিঠাই প্রভৃতি মেলায় থাকবে।’আগমনী বৈশাখী উৎসব ১৪১৮‘আগমনী বৈশাখী উৎসব ১৪১৮’ শিরোনামে শিল্পকলা একাডেমীতে চলছে পাঁচ দিনের পোশাক প্রদর্শনী। এ প্রদর্শনীতে ১৩-১৪টি বুটিক রয়েছে। চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্র প্রশিক্ষণার্থীদের তৈরি পোশাক নিয়েই স্টল সাজিয়েছে। শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, বিছানার চাদরে হাতের কাজের নকশা নজর কাড়ে।পোশাক ছাড়াও চট্টগ্রামের ঐতিহ্য তুলে ধরতে নানা আঞ্চলিক পিঠা যেমন—পাটিসাপটা, সাইন্যা, পুলি,পাক্কইন্যা, বিনি, হাতঝাড়া, নেতানো, আন্তাশা ও চিতই পিঠা এবং হরেক রকমের আচারও ছিল মেলায়।মেলায় নন্দন শৈলী, মৌসুমী বুটিক, স্বর্ণা বুটিক, সাহারা বুটিক, চট্টগ্রাম জেলা পরিষদের আয়োজনে বুটিক, উৎসব বুটিক, বিহঙ্গ ক্র্যাফটস অ্যান্ড ফ্যাশন, মৌ বুটিক, অপসরা বুটিক প্রভৃতি স্টল তাদের তৈরি পোশাক ও মাটির জিনিসপত্র নিয়ে স্টল সাজায়। মিতা বুটিকসের পরিচালক মিতা দেওয়ান বলেন, ‘এক বিদেশি পর্যটক এসেছিলেন চাকমাদের ঐতিহ্যবাহী পোশাক পিনন-খাদি কিনতে। আমি অপেক্ষাকৃত কম দামেই পোশাকটি বিক্রি করেছি, যেন তিনি তাঁর দেশে গিয়ে আমাদের দেশের ঐতিহ্যের কথা বলতে পারেন।’