ফ্যাশনেও বিশ্বজিৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চওড়া গলার একটি টি-শার্টের ওপরে চাপানো জ্যাকেট। জিনস আর জুতায় পা গলানো। মুখে ফ্রেঞ্চকাট দাড়ি আর ভুবনভোলানো হাসি। তিনি হলেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। গানের পাশাপাশি তাঁর নিজস্ব স্টাইলও ফ্যাশন সচেতন মানুষের কাছে অনুসরণীয়। সব সময়ে ফিটফাট থাকতেই ভালোবাসেন। ফ্যাশন বলতে কুমার বিশ্বজিৎ মনে করেন, ‘সময়, স্থান আর কারণ বুঝে নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে যে স্টাইল, তা-ই হচ্ছে ফ্যাশন। তবে অবশ্যই ব্যক্তি যে পোশাকই পরুক না কেন, সেটা তার সঙ্গে মানানসই হওয়া চাই।’কোন পোশাক পরতে বেশি পছন্দ করেন কুমার বিশ্বজিৎ। উত্তরটা ছোটখাটো, ‘জিনস আর টি-শার্ট, সঙ্গে একটি জ্যাকেট। ক্যাজুয়াল লুকটাই আমার বেশি পছন্দের।’ কুমার বিশ্বজিতের সঙ্গে কথা হচ্ছিল ঢাকার উত্তরায় তাঁর নিজের বাড়িতে। বাড়িটাও সাজিয়েছেন নিজের মতো করেই। ঘরের ভেতরেই আছে কৃত্রিম ঝরনাসহ অনেক কিছু। ছাদে ছোট্ট সুইমিং পুল। আছে দোলনা, আর বেশ কিছু গাছও। সব মিলিয়ে অনেকটা ছবির মতো করেই সাজানো।কথায় কথায় জানা গেল ক্যাজুয়াল পোশাকের সঙ্গে জুতা পরেন কুমার বিশ্বজিৎ। কেডস খুব একটা পছন্দ নয় বলেই পরা হয় না। গলায় একটি সোনার চেইন, ডান হাতে সোনালি বালা আর বাম হাতে পরেন ঘড়ি। জানালেন, হাতে বালা পরেন ছোটবেলা থেকেই। ব্র্যান্ডের তালিকায় বেশি পরেন পিয়ারে কার্ডিনের জিনিস। ঘড়ির ব্র্যান্ডের তালিকায় আছে আরমানি, পিয়ারে কার্ডিন, ক্যানিকোল ইত্যাদি। জুতার ব্র্যান্ডে আছে পিয়ারে কার্ডিন ও ক্যানিকোল। রোদচশমা পরেন মাঝেমধ্যে। তবে রোদচশমার কাচের রংটা হওয়া চাই হালকা বা ঘন কালো। পলিস, রেভেন, প্রাডা ইত্যাদি ব্র্যান্ডের চশমা কেনেন। শখ করে মাঝেমধ্যে পাঞ্জাবি পরেন। হালকা রঙের পাঞ্জাবির সঙ্গে কখনো সিল্কের লুঙ্গি, কখনো বা পাজামাও পরেন। সঙ্গে মিলিয়ে স্যান্ডেল। ফরমাল পোশাক পরেন বিশেষ অনুষ্ঠানে। বিশ্বজিৎ জানালেন, ‘যেখানে যেমন সাজ, সেখানে সেভাবেই নিজেকে সাজাতে পছন্দ করি। খেয়াল রাখি সেটা আমার সঙ্গে কতটা মানানসই। শার্টের ওপর ব্লেজার বা কোর্ট, সঙ্গে টাই। প্যান্টের সঙ্গে পরা হয় কালো জুতা। এই তো আমার ফরমাল।’ বলতে বলতেই সেই চিরচেনা হাসি।ফ্রেঞ্চকাট দাড়ির স্টাইলটা বদলে ফেলেছেন সম্প্রতি। জানালেন, একদিন হুট করেই দাড়ির কাটে নতুনত্ব এনেছিলেন শেভ করতে গিয়ে। সেটাই ছিল ফ্রেঞ্চকাটের পেছনের গল্প। এখন আবার বদলে ফেলেছেন স্টাইল। শখ আছে পারকাশান (বাদ্যযন্ত্র) সংগ্রহের। যে দেশেই যান, নিয়ে আসেন নতুন কোনো যন্ত্র। সংগ্রহে আছে কাউবেল, ক্রাচের, আফ্রিকান পারকাশান, দুই রকমের সেকার, বেল, উডেন কাউবেল, কাঠের স্টিক ইত্যাদি। আলমারিতে তাঁর নানা রঙের জ্যাকেট বা ব্লেজারের বাহার। ব্লেজারের প্রতি আছে তাঁর বিশেষ দুর্বলতা। মাঝেমধ্যে ওয়েস্ট কোটও পরেন। শীতে পরেন জ্যাকেট। জিনসের ভেতরে গসের জিনস তাঁর পছন্দের। ভি বা গোল গলার টি-শার্টের রং যেটাই হোক, তাতে লেখা থাকতে পারবে না। চুল নিয়ে কথা বলতে গিয়ে জানা গেল মজার কথা। কুমার বিশ্বজিতের চুল প্রকৃতিগতভাবে কোঁকড়া নয়। গোসলের পরে তোয়ালে দিয়ে নাকি কয়েকটি ঘষা দিলেই চুল এমন হয়ে যায়। আবার সেই চিরচেনা বিশ্বজিতের হাসি। পোশাকের পাশাপাশি কুমার বিশ্বজিৎ নিজের স্বাস্থ্য নিয়েও সচেতন। খাবারটা সব সময় খান পরিমিত। সময় পেলেই ব্যায়াম এবং সাঁতার কাটেন। তবে সবকিছুর ওপরে যে তাঁর গান। গানকে ভালোবেসেই যে এত দূর আসা।