ফ্যাশনেবল নোবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেলিং তাঁর নেশা। জীবিকার কারণে এটাকে পুরোপুরি পেশা হিসেবে নিতে পারেননি। তবে যখন পছন্দের এই কাজ করতে যান, তখন তা পেশা হয়ে যায়। নোবেল বর্তমানে এয়ারটেল বাংলাদেশ লিমিটেডে হেড অব করপোরেট অ্যান্ড এসএমই সেলস পদে কাজ করছেন। পুরো নাম আদিল হোসেন। তবে ভক্তমহলে পরিচিত নোবেল নামেই। মডেলিংয়ে যাত্রা শুরু ১৯৯৪ সালে। এর পরের গল্প শুধুই সামনে এগিয়ে চলার...।ব্যক্তি নোবেল ফ্যাশনেবল, আলমারি থেকে বের করা পোশাক দেখেই সেটা বোঝা গেল। চলতি ট্রেন্ড থেকে বেছে নেন মানাসই স্টাইলটি। তবে পরিবার ও সমাজের কাছে গ্রহণীয় নয়, এমন স্টাইল কখনোই করেননি, সামনেও করবেন না। নিজের সাজসজ্জা নিয়ে সব সময়ই কিছুটা সচেতন থাকতে পছন্দ করেন নোবেল। এ বিষয়ে বলেন, ‘আমার স্টাইলে একটু ভিন্নতা আছে। আমি ফ্রেমের মধ্যে থাকতে পছন্দ করি না। এই মুহূর্তে যে কাটের ও রঙের প্যান্টটি পরে আছি, পাঁচ বছর আগে চিন্তা করিনি এ ধরনের পোশাক কখনো পরব।’ ব্র্যান্ডের প্রতি তিনি দুর্বল। তবে ভালো ফিটিং ও কাটের হলে ব্র্যান্ড নয়—এমন পোশাকও পরে ফেলেন। পারফিউমের মধ্যে ইসে মিয়াকে, আরমানি কোড, হুগো বস প্রভৃতি ব্যবহার করেন।স্যুট, বেল্ট, পারফিউম ও রোদচশমার সম্ভার দেখে বোঝা গেল আরমানির প্রতি তাঁর আকর্ষণ বেশি। স্বীকারও করলেন। ফ্যাশন অনুষঙ্গের মধ্যে রোদচশমা ও ঘড়ি খুব পছন্দ। এ পর্যন্ত কতগুলো কিনেছেন জিগ্যেস করতেই ‘আছে কয়েকটা’ বলে হেসে ফেললেন। পর মুহূর্তেই একটু গম্ভীর হয়ে বলেন, ‘আমাকে বেশির ভাগ সময়ই ফ্যাশন-সম্পর্কিত কাজের সঙ্গে জড়িত থাকতে হয়। এ কারণে একটা প্রয়োজন তৈরি হয়। লুকের ভেতর একঘেয়েমি চলে এলে দর্শকও সেটা পছন্দ করবেন না। অপচয় করতে অপছন্দ করি। যেটা লাগবে না, সেটা কখনো কিনি না।’স্যুটের জন্য আরমানি ও হুগো বসে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এ ছাড়া ইয়ুপ (জার্মান ব্র্যান্ড) স্যুট ভালো লাগে। রঙের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কিছু নেই। মাঝেমধ্যে চোখে লাগে এমন ভিন্ন রংও পরে ফেলেন। জিনস পছন্দের তালিকায় আছে। তবে গরমে টি-শার্টের সঙ্গে চিনো প্যান্ট পরবেন বলে ঠিক করেছেন। লোফার জুতা ইদানীং খুব বেশি পরা হয়। জুতা কেনার সময় আরামটা আগে দেখি। কারণ, সারা শরীরের ভার ওখানেই পড়ে। একটু ভালো ব্র্যান্ডের মধ্যে আরাম দেয় এমন জুতাই কেনেন। কেনাকাটা করতে একটু নয়, বেশ ভালোবাসেন। এ ক্ষেত্রে ১ নম্বরে আছে যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক শহর। নিজের কেনাকাটা নিজেই করেন। শার্ট, টি-শার্ট—এগুলোই বেশি কেনা হয়।নিয়মিত ব্যায়াম করেন ঘরেই। ‘জিম, সাঁতার বা খেলার সুযোগ পাই না সবসময়। যখন ফাঁক পাই, তখনই চলে যাই। একটু ব্যায়াম করার মধ্য দিয়ে অনেক রিল্যাক্স হই। যখন বাসায় আসি, মনে হয় আজকে যেতে পারব না। কিন্তু ব্যায়াম করার পর খুব তরতাজা লাগে। মনে হয়, দিন তো মাত্র শুরু হলো।’ গান শুনতে বা গাইতে খুব পছন্দ করেন। বন্ধু ও পরিবারের সঙ্গে আড্ডা মেরে সময় কাটান সুযোগ পেলেই।