ফ্যাশনের জমকালো আয়োজন

অন্ধকার মঞ্চে আলোর ফোয়ারা। বেজে উঠল ‘খুব জানতে ইচ্ছে করে’ গানের সুর। গানের তালে তালে র্যাম্পে
দ্যুতি ছড়ালেন মডেলরা। পরনে বাঙালির চিরায়ত পোশাক শাড়ি। শুধু কি শাড়ি? একে একে প্রদর্শিত হয় পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, শার্ট ও পশ্চিমা ধাঁচের পোশাক।

১৮ অক্টোবর নগরের তাভা রোস্তোরাঁ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই ফ্যাশন শো। ঈদ, পূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ফিউশন এন্টারটেইনমেন্ট। এতে প্রধান পৃষ্ঠপোষক ছিল সিঅ্যান্ডএ টেক্সটাইল লিমিটেড। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সহসভাপতি কাজী আবুল মনসুর। অতিথি ছিলেন ডিজাইনারস ফোরামের উপদেষ্টা রওশন আরা চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রনি বড়ুয়া, মহানগর পূজা কমিটির সদস্য শৈবাল দাশ, সাংবাদিক বিশ্বজিৎ বণিক ও সিঅ্যান্ডএ টেক্সটাইলের চেয়ারম্যান গাজী গোলাম জাকারিয়া।
শুভেচ্ছা বক্তব্য দেন ফিউশন এন্টারটেইনমেন্টের পরিচালক সাইফ আজাদ। তিনি বলেন, দেশি পোশাকের প্রসারে আমাদের এই আয়োজন। উৎসবপ্রিয় বাঙালিকে আরও ফ্যাশন–সচেতন করতে এখানে প্রদর্শিত হয়েছে দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের পোশাক।
অনুষ্ঠানে ফ্যাশন কিউর ফাঁকে চলে নৃত্য পরিবেশনা। এতে নাচ পরিবেশন করেন রিয়া দাশ, শরীফ ও নির্ঝর।
ফ্যাশন শোতে প্রদর্শিত নক্ষত্র, আই ফ্যাশন, ব্র্যান্ড অ্যাভিনিউ, ম্যানহুড, রওশনস, ওয়েস্ট উড ও সিঅ্যান্ডএ টেক্সাটাইলের পোশাক।