
বাহারি পোশাক। নজরকাড়া নকশার বুনন। দেশি আবার পাশ্চাত্যের ধাঁচ—দুয়ে মিলে নিজস্ব নকশা আর আধুনিকতার মেলবন্ধন। রঙে উৎসবের ছোঁয়া। এই আয়োজন জানিয়ে দিল ঈদের বাদ্য বাজল বলে! কী হবে এবারের ট্রেন্ড—দর্শকদের আগাম ধারণা দিল ডায়মন্ড ওয়ার্ল্ড-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতা।

২৬ জুন সন্ধ্যায় চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বসেছিল এই প্রতিযোগিতার ১৬তম আসর।

ঘড়ির কাঁটা সন্ধ্যা সাতটায় আসতেই মঞ্চে জ্বলে উঠল মশাল। একঝাঁক শিল্পী নাচের ছন্দে সেই নতুন আলো ছড়িয়ে গেলেন দর্শকের মনেও। নাচ শেষে বেজে উঠল গান, ‘লাজুক পাতার মতো লজ্জাবতী’। শাড়ি দিয়েই শুরু হলো ফ্যাশন কিউ। মডেলদের ক্যাটওয়াকে দ্যুতি ছড়াল রং-বাহারি পোশাক। চোখ-ধাঁধানো ফ্যাশন কিউতে প্রদর্শিত হলো পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফিউশন, যুগল, শার্ট ও টি-শার্ট এবং বাচ্চাদের পোশাক। এবার পোশাকের নকশা ও প্যাটার্নে পরিবর্তন দেখা গেছে। চুমকি-জরির কাজ নেই। সেখানে জায়গা করে নিয়েছে পশ্চিমা ঢং।
অনুষ্ঠানে বেশ উপভোগ্য ছিল শিশুদের কিউ। চোখে-মুখে রাজ্যের চঞ্চলতা আর দুষ্টুমি নিয়ে শিশুরা কখনো সাগরের ঢেউ খেলাল আবার কখনো প্রজাপতি হয়ে পাখা মেলল।
কিউর ফাঁকে বাড়তি আকর্ষণ ছিল শিল্পী রাজীব, সুবর্ণা ও পীযূষের কণ্ঠে বাংলা চলচ্চিত্রের তিন সময়ের গান এবং সৃজনশীল নৃত্যাঙ্গনের শিল্পীদের নাচ। আর উপস্থাপনায় কথার জাদুতে মাতিয়ে রাখেন নাবিলা ও ইমতু।
এবারও উড়ল নবীনের জয়পতাকা। সেরাদের সেরা হয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ডেল্টার ছাত্র মাশরুর রহমান। ছয়টি বিভাগে জিতেছে তাঁর পোশাক। এই কাতারে আছেন নবীন ডিজাইনার তাসনিম আনিকা, বিথুন রহমান, আবদুল্লাহ ইবনে সৈয়দ, উম্মে হাবিবা, শিমুরা হোসাইনরাও।
মাশরুর রহমান বলেন, ‘নিজেকে দেশের সেরা ডিজাইনারদের একজন হিসেবে দেখতে চাই।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। তিনি বলেন, ‘দীর্ঘ ১৬ বছর ধরে এই আয়োজনের ধারাবাহিকতা ধরে রেখেছে প্রথম আলো। নবীন ডিজাইনারদের উঠে আসার পথ সুগম করতে এই যাত্রা অব্যাহত থাকবে।’
নাচ, গান, ফ্যাশন শো—মিলনায়তনে এত কিছু হচ্ছে কিন্তু মঞ্চের বাঁ পাশটা একেবারে নিরুত্তাপ। কিছুই যেন ছঁুতে পারছে না তাঁদের। নিশ্চয় বুঝে গেছেন তাঁরা কারা। হ্যাঁ, ডিজাইনাররা। অপেক্ষা ফলাফলের। তার আগে কথামালার পর্বে যোগ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মডেল ও উপস্থাপক শারমিন লাকি। তিনি বলেন, ‘এটা তরুণ ডিজাইনারদের উঠে আসার চমৎকার প্ল্যাটফর্ম।
অনুভূতি জানান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালও।
অবশেষে এল সেই ক্ষণ। একে একে ঘোষণা করা হলো বিজয়ীদের নাম। ১২টি বিভাগে পুরস্কার জেতেন ৩৮ জন ডিজাইনার।
এবারের আয়োজনে প্রচার সহযোগী মাছরাঙা। রূপসজ্জায় ছিল পারসোনা। সার্বিক সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা। কোরিওগ্রাফার ছিলেন সানজিদা আরেফিন।
