ফ্যাশনের ঝলমলে রাত

সন্ধ্যাবাতি নিভে গেছে অনেকক্ষণ। ঘড়ির কাঁটায় রাত আটটা। উপস্থাপিকার কথায় নড়েচড়ে বসলেন সবাই। মঞ্চের অনুসরণ-আলোর নিশানাও র্যাম্পের ঠিক গোড়ায়। আলো ফুঁড়ে বেরিয়ে এলেন মডেলরা। হাতে প্রদীপ। শুরু হলো ফ্যাশন কিউ। মডেলদের গায়ে বাঙালির চিরায়ত পোশাক শাড়ি। ষোলোআনায় বাঙালি আবহ।
গত শুক্রবার নগরের ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন মিলনায়তনে রাত নেমেছিল ফ্যাশনের জমকালো আয়োজনে। হয়ে গেল নতুন ফ্যাশন ডিজাইনার সুরমা কারারের ডিজাইন করা বাহারি পোশাকের প্রদর্শনী। ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে রং ছড়িয়ে যায় নজরকাড়া নকশার সব পোশাক।
প্রদর্শনীত বেশির ভাগ পোশাকই ছিল মেয়েদের। শাড়ি ছিল তিন ধরনের—ঐতিহ্য, পার্টি ও ক্যাজুয়াল। একইভাবে ছিল সালোয়ার-কামিজও। প্রতিটি কিউতেই ছিল ভিন্নতা। পোশাকের ধরনের সঙ্গে বৈচিত্র্যময় উপস্থাপনায় মডেলদের ক্যাটওয়াক মুগ্ধতার আবেশ ছড়ায়। তবে সব কিউকে ছাপিয়ে যায় বিয়ের পোশাকের প্রদর্শনী। দ্যুতি ছড়ায় আকর্ষণীয় রং বাহারি এসব পোশাক। চমৎকার এই আয়োজনের কোরিওগ্রাফার ছিলেন কাজী কামরুল ইসলাম।

কিউর মাঝে মাঝে অনন্য বড়ুয়া ও তাঁর দলের নাচ ছিল বেশ উপভোগ্য। সব শেষে দর্শকদের সুর সাগরে ভাসান জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। মনোমুগ্ধকর ফ্যাশন কিউর পর হাবিরের গান বাড়তি আনন্দ যোগ করে। হাবিব যখন মঞ্চে ওঠেন, তখন রাত নয়টা। তখনো মিলনায়তন ভরা। হেমন্তের রাতে হাবিব সুর তুললেন—‘নীরবে হায়’। একে একে গেয়ে শোনান ‘তোমাকে ছেড়ে আমি’, ‘মেয়ে, তুমি তো আমার নও চেনা’, ‘মন মুনিয়া’, ‘ভালোবাসব ভালোবাসব রে বন্ধু’, ‘স্বপ্নে হয় তার সঙ্গে দেখা’ প্রভৃতি জনপ্রিয় গান।