ফ্যাশনের নতুন ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্যাশন ডিজাইনিংয়ে চট্টগ্রামের আলো সবখানে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন তাঁদের  সৌরভ দাশ
ফ্যাশন ডিজাইনিংয়ে চট্টগ্রামের আলো সবখানে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন তাঁদের সৌরভ দাশ

সবার মধ্যে বেশ মিল। বয়সও কাছাকাছি। আপাতদৃষ্টির মিল ছাপিয়ে চিন্তাচেতনায়ও তাঁরা একসূত্রে গাঁথা—দেশি কাপড়ের জয়গানের সুর ফেরি করে বেড়ান। স্বপ্ন বোনেন ফ্যাশন ডিজাইনিংয়ে চট্টগ্রামের আলো সবখানে ছড়িয়ে দেওয়ার। তাঁরা চট্টগ্রামের ফ্যাশনজগতে তৈরি করেছেন নতুন ধারা। পুরস্কার জিতেছেন এবারের নূরজাহান-আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে। সম্প্রতি প্রথম আলো কার্যালয়ে আড্ডায় কথা হয় তরুণ এই ডিজাইনারদের সঙ্গে।
তাঁরা সাতজন—রাহনুমা মরিয়ম, মাশরুর রহমান, জেসমিন চৌধুরী, জয়তুন নাহার, শিমুরা হোসাইন, উম্মে হাবিবা ও হাসনাত করিম। ফ্যাশন প্রতিযোগিতায় প্রথমবার এসেই মাত করেছেন। কেউ জিতেছেন কয়েকটি পুরস্কার। শুরুতে পুরস্কার পাওয়ার কথা পাড়তেই সবার মুখে বিজয়ের হাসি। চোখেমুখে তৃপ্তি।
বুটিক হাউস তুলিস ক্রিয়েশনের রাহনুমা মরিয়ম শুরু করলেন নিজের অনুভূতি দিয়ে। বললেন, ‘চট্টগ্রামের ফ্যাশন ডিজাইনারদের স্বীকৃতির প্লাটফর্ম আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতা। সারা বছরের কাজের মূল্যায়ন হয় এখানে। সেই প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ার আনন্দটা অনেক বেশি। স্বীকৃতি পেয়ে নিজের ওপর আত্মবিশ্বাসটা বেড়ে গেল।’ রাহনুমার কথার সূত্র ধরে নিহাল ওয়্যারর্ডোবের মাশরুর রহমান এগিয়ে নেন কথা। তাঁর মতে, এ ক্ষেত্রটা পুরোপুরিভাবে কাজে লাগাচ্ছেন চট্টগ্রামের ডিজাইনাররা। কারণ, ঢাকায় যেভাবে অনুষ্ঠান হয়, সেভাবে চট্টগ্রামে হয় না। কিন্তু মানের দিক থেকে তাঁদের চেয়ে কোনো অংশে কম নয় তাঁরা, যা ক্রেতাদের আগ্রহ দেখে বোঝা যায়। এখন যেকোনো উৎসবের পোশাক মানেই বুটিক হাউসের ওপর নির্ভরতা। এই জায়গাটা তৈরি করতে সক্ষম হয়েছেন ডিজাইনাররা। এতক্ষণ যাঁরা চুপ ছিলেন, সরব হলেন তাঁরা। বার্নির জেসমিন চৌধুরী দৃঢ়তার সঙ্গেই এগিয়ে রাখলেন চট্টগ্রামের বাজারকে। বললেন, ক্রেতারা এখন অনেক সচেতন। বিদেশি পোশাকের নির্ভরতা নেই বললেই চলে। তা ছাড়া শুধু চট্টগ্রাম নয়, ঢাকার অনেকে আমাদের পোশাক কিনে নিয়ে যাচ্ছেন। দিন দিন বাড়ছে ক্রেতা।’
আড্ডা জমে উঠল। সবাই খুব সিরিয়াস। এই ফাঁকে জানিয়ে দিলেন কারও শোরুম আছে, কারও নেই। আর যাঁদের শোরুম নেই তাঁরা বিক্রি করছেন অনলাইনে! চট্টগ্রামে বসে অনলাইনে কেনাকাটা? মাশরুর বললেন, ‘কোনো কিছুতেই পিছিয়ে নেই আমরা। বেশির ভাগ ডিজাইনারের ওয়েবপেজ রয়েছে।’
সম্ভাবনার কথা অনেক হলো। সমস্যা কি আছে? সবাই একসঙ্গে বলে উঠলেন। শেষে ফ্লোর পেলেন সাফিস ডিজাইন কালেকশনের জয়তুন নাহার। ‘কাপড়ের দাম নিয়ে সব সময় শুনতে হয়—এত দাম! কিন্তু বুঝতে চান না যত্ন করে একটা পোশাক বানাতে কী পরিমাণ সময় দিতে হয়। তার ওপর আছে কারিগরের সমস্যা। এসব মোকাবিলা করে আমাদের টিকে থাকতে হচ্ছে।’ বললেন জয়তুন। অবশ্য এদিকটায় আশাবাদী সুই-সুতার উম্মে হাবিবা। তাঁর মতে, দিন বদলাচ্ছে। একটা সময় গিয়ে হয়তো ক্রেতারা আরও বেশি আগ্রহী হয়ে উঠবেন বুটিকের কাপড়ের প্রতি। সে দিনের অপেক্ষায় তাঁরা।
এতক্ষণের মুগ্ধ শ্রোতা হানিডিউ ফ্যাশন হাউসের শিমুরা হোসাইন মুখ খুললেন। এখনো বিশ্ববিদ্যালয়ের চৌকাঠ না পেরোনো মেয়েটি বয়সেও সবার ছোট। তবে চেহারায় এগিয়ে যাওয়ার দ্যুতি। বললেন, প্রাতিষ্ঠানিকভাবে পড়াশোনা করে নতুনরা আসছে এই পেশায়। তার একটাই কারণ, বাজারটা প্রতিবছর তার পুরোনো সীমা অতিক্রম করছে। তাঁর কথায় সায় দিলেন ভ্যালিন্ডার হাসনাত করিমও।
শেষ দিকে এসে সবার এক দাবি। বললেন একই সুরে, ‘আলোকিত ফ্যাশন প্রতিযোগিতা বছরে দুবার হোক। ঈদের পাশাপাশি পয়লা বৈশাখেও প্রতিযোগিতার আয়োজন করলে আরও নতুন ডিজাইনার উঠে আসত।’