
চারদিকে পয়সার ছড়াছড়ি। কারও মাথার চুল, কারও কান, কারও কপাল কিংবা নাক থেকে পয়সা বের করে আনলেন ফরাসি জাদুশিল্পী বনোয়া রোজমন্ট। উপস্থিত দর্শকদের বিস্ময়ভরা হাসি ছড়িয়ে পড়ল মিলনায়তনজুড়ে। ১৪ মার্চ সন্ধ্যায় নগরের আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে ফ্রাঙ্কোফোনি উৎসব উপলক্ষে আয়োজিত হয় এই মনোমুগ্ধকর জাদু প্রদর্শনী।
বাংলাদেশের ফরাসি দূতাবাস এবং এলিট পেইন্টের সৌজন্যে চট্টগ্রামে উদ্যাপিত হচ্ছে ফ্রাঙ্কোফোনি উৎসব। আলিয়ঁস ফ্রঁসেজের কর্মকর্তারা জানান, ১৯৯৫ সাল থেকে প্রতিবছর মার্চ মাসে বিশ্বের বিভিন্ন দেশে আয়োজন করা হচ্ছে ফ্রাঙ্কোফোনি সপ্তাহ বা বিশ্বব্যাপী ফরাসি ভাষা সপ্তাহ। বাংলাদেশে উৎসবে পর্দা ওঠে ১২ মার্চ, ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে। চট্টগ্রামের আলিয়ঁস ফ্রঁসেজে ১৪ মার্চ এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ফ্রোশ।
চট্টগ্রামে ফ্রাঙ্কোফোনি সপ্তাহের প্রথম দুই দিন ছিল বিভিন্ন দেশের চলচ্চিত্র পরিবেশনা। ১২ মার্চ প্রদর্শন করা হয় ফ্রান্সের লে গেকসো এ গুইলাম আ তাবল শিরোনামের চলচ্চিত্র।
এ ছাড়া ছিল ভিয়েতনামের ভিকনাম ওয়েলকাম চলচ্চিত্রের পরিবেশনা। আয়োজনের দ্বিতীয় দিন কানাডার দ্য ডাউনটাউন প্রজেক্ট শিরোনামের চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
১৪ মার্চ ফ্রাঙ্কোফোনি সপ্তাহের তৃতীয় দিনে জাদুর মায়ায় দর্শকদের মাতিয়ে রাখেন জাদুশিল্পী বনোয়া রোজমন্ট।
একে একে তাস, সুতো, রুমাল, প্যাকেট, বাঁশ ও পয়সার কারসাজিতে মুগ্ধ করেন তিনি দর্শকদের। বর্ণ ও অঙ্ক দিয়ে রোজমন্টের মনমাতানো জাদুর পরিবেশনায় শিশুরা তো বটেই, বড়রাও অভিভূত হয়েছিলেন। জাদু পরিবেশনের সময় শিশুদের অংশগ্রহণ মিলনায়তনের পরিবেশকে করে তোলে উচ্ছল, সজীব ও প্রাণবন্ত।
ফ্রাঙ্কোফোনি সপ্তাহের ১০ দিনব্যাপী প্রতিদিন বিকেল পাঁচটা এবং সন্ধ্যা সাতটা থেকে চট্টগ্রামের আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে থাকছে বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন। এ ছাড়া রয়েছে ফরাসি কবিতা আবৃত্তির আয়োজন।