ফ্রান্সে যাজকের আকাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু হাঁড় কাঁপানো ফরাসি শীতের জন্যই নয়, আরও একটি কারণে প্রায়ই দেশের জন্য মন কেমন করে এতিয়েন রুহাতিজুলির। রুয়ান্ডার মানুষ এতিয়েন পূর্ব ফ্রান্সের দিজোঁ শহরের স্যাকরি ক্যাও-সাঁ জঁ বোসকো ক্যাথলিক গির্জার যাজক। রোববারে প্রায় খালি গির্জা দেখে মনটা কষ্টে ভরে যায় তাঁর। অথচ রুয়ান্ডার গির্জাগুলো দেখতেন কানায় কানায় পূর্ণ ও প্রাণবন্ত। এতিয়েন বলেন, ‘ফ্রান্সের গির্জাগুলো শূন্য থাকে। এগুলোকে মনে হয় প্রাণহীন।’গত বছর ফ্রান্সে ৯০ জন ব্যক্তি যাজকের পেশা গ্রহণ করেন। অথচ এক দশক আগেও এই হার ছিল বছরে ১১২। ফ্রান্সের বিশপস কনফারেন্স এই পরিসংখ্যান প্রকাশ করেছে। পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে সে দেশের ন্যাশনাল ভোকেশনস সার্ভিসেস একটা বিজ্ঞাপন প্রচার করছে; ঠিক কঠিন প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে কোনো রুগ্ণ প্রতিষ্ঠান যেমনটা করে। মাধ্যমিক থেকে স্নাতক পাস যুবকেরা এ বিজ্ঞাপনের লক্ষ্য। গত এপ্রিল ও মে মাসে ফ্রান্সজুড়ে বিভিন্ন পানশালা, প্রেক্ষাগৃহ ও রেস্তোরাঁয় ৭০ হাজার পোস্টকার্ড বিতরণ করা হয়েছে। ওই পোস্টকার্ডে পরিপাটি এক যুবকের ছবি, যার কোটের পিনে লেখা: ‘যিশু আমার গুরু’। যাজকের চাকরি সবার জন্যই—এ রকম বার্তা দিয়ে গির্জা কর্তৃপক্ষ ফেসবুকে ‘হোয়াই নট মি’ (আমিই বা না কেন?) শিরোনামে একটি পেজ খুলেছে। পোস্টকার্ড প্রচারণার দায়িত্বে ছিলেন বিজ্ঞাপন নির্বাহী ফ্রেদারিক ফঁফ্রোয়াদে দো লাফোঁ। তিনি বলেন, ‘লোকে যাজকদের সমাজের বাইরের জীব মনে করে। তাই গির্জাও আধুনিক এবং প্রত্যেকের জন্য—এই বার্তাটি পৌঁছে দেওয়া আমার জন্য বড় চ্যালেঞ্জ ছিল।’বিজ্ঞাপনী অভিযান যাজক হতে আগ্রহী তরুণের সংখ্যা বাড়াতে যদি সফলও হয়, তবু পুরো যাজক হতে দীর্ঘ সময়ের প্রশিক্ষণ লাগে বলে কয়েক বছরে গির্জাগুলো বড় সংকটে পড়বে। রুহাতিজুলির মতো একজন যাজক হতে সাত বছর লাগে।ফলাফল, যে ফ্রান্স এক শতাব্দী আগেও হাজার হাজার ধর্মপ্রচারক পাঠিয়েছে আফ্রিকার বিভিন্ন দেশে, আজ তাকে নিজেদের গির্জার জন্য যাজক আমদানি করতে হচ্ছে। ফ্রান্সে বর্তমানে এক হাজার ৩১৬ জন বিদেশি যাজক আছেন। এর মধ্যে সাড়ে ছয় শরও বেশি গেছেন আফ্রিকা থেকে। তাঁদের বেশির ভাগই টোগো, মাদাগাস্কার ও বুর্কিনা ফাসোর মতো দরিদ্র দেশের। ওসব দেশের গির্জায় হয় পর্যাপ্ত যাজক আছেন অথবা তাঁদের বেতন দেওয়ার পয়সা কর্তৃপক্ষের নেই। কোরিয়া, ভিয়েতনাম ও ভারত থেকেও কিছু গেছেন। তবে ফ্রান্সের এখনো আরও যাজক প্রয়োজন। ফ্রান্সের গ্রামগুলোর অনেক মানুষ জীবিকার তাগিদে প্যারিসসহ বিভিন্ন শহরে পাড়ি দিচ্ছে। ফলে গ্রামগুলোতে নতুন যাজক বেরিয়ে আসার সম্ভাবনা কমে যাচ্ছে। প্রয়োজনীয়সংখ্যক যাজক না থাকায় আঙুর চাষের জন্য বিখ্যাত বারগান্ডির কোট দো এলাকার গথিক গির্জাগুলো কেবল পর্যটকদের দর্শনীয় স্থান হিসেবে ব্যবহূত হচ্ছে।গির্জাগুলোতে প্রার্থনা করতে যাওয়া মানুষের সংখ্যাও অত্যন্ত কমে গেছে। বিশপস কনফারেন্সের তথ্য অনুযায়ী, ফ্রান্সে চার কোটি ২০ লাখের মতো ক্যাথলিক খ্রিষ্টান আছে। এর মধ্যে মাত্র ২০ লাখ গির্জায় যায়। দিজোঁর কাছের ছোট্ট গ্রাম ব্র্যাজি-অন-প্লেইনে যাজক হিসেবে কঙ্গো প্রজাতন্ত্র থেকে এসেছেন জোসেফ কুকা। তিনি বলেন, ‘আমি এখন ১৯টি প্যারিশের (যাজকীয় বিভাগ) যাজক। ভাবা যায়?...আমি দুই থেকে তিন মাস পরপর প্রতিটি বিভাগে যাই।’ প্রায় চার বছর ধরে ফ্রান্সে থাকা রুহাতিজুলি স্বীকার করেন, বিয়ে না করা এবং কৌমার্য রক্ষার মতো কঠিন নিয়মনীতির কারণে নতুন যাজক পাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘যুবকেরা চায় পূর্ণ স্বাধীনতা। তারা শুনতে চায় না এটা নিষিদ্ধ-ওটা নিষিদ্ধ।’ রুহাতিজুলি ও কুকা দুজনেই যাজক হওয়ার উত্সাহ দিয়ে তাঁদের এলাকায় পুস্তিকা বিতরণ করছেন। এতে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। বিশেষ করে তরুণদের দলে টানার কাজটা কতটা কঠিন তা বোঝা যাবে এ উদাহরণ থেকেই: গত মে মাসে কেউ একজন ফেসবুকে ‘হোয়াই নট মি’ শিরোনামে আরেকটি পেজ খুলেছে। এখানে ছবির যুবকের কোটের পিনে লেখা—‘শয়তান আমার গুরু’।টাইম সাময়িকী থেকে