ফ্রান্সের রোমা খেদাও অভিযান
যাযাবর রোমা সম্প্রদায়ের লোকজনকে বিতাড়ন শুরু করে হইচই ফেলে দিয়েছে ফ্রান্স। আপদ বিবেচিত রোমাদের (যাদের জিপসিও বলা হয়) দেখলেই দূর দূর করা ইউরোপে নতুন কিছু নয়। কিন্তু এবার এ নিয়ে রাজনৈতিক নেতাদের বিতর্ক বিষয়টিকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।দেশজুড়ে ইতস্তত ছড়িয়ে থাকা রোমাদের অবৈধ বসতি গুঁড়িয়ে দিচ্ছে সারকোজি সরকার। সরকারের বক্তব্য, রোমারা দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাদের অগোছালো, বেপরোয়া জীবনযাপন পরিবেশ নষ্ট করছে।ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রোমাদের বিরুদ্ধে ফ্রান্সের এই কঠোর পদক্ষেপের তীব্র নিন্দা করেছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউর শীর্ষ সম্মেলন চলার সময় রোমা প্রসঙ্গে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল ব্যারোসোর সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজির যে কথাবার্তা হয়, উপস্থিত ইউরোপীয় নেতারা তাকে ‘উত্তপ্ত বাক্যবিনিময়’ বলেই অভিহিত করেছেন। তবে সত্যিকার অর্থে বিস্ফোরক মন্তব্যটি করেন ইইউর বিচার বিভাগীয় কমিশনার ভিভিয়ানা রেডিং। লুক্সেমবার্গের নাগরিক ভিভিয়ানা বলেন, ফ্রান্সের নেওয়া কঠোর ব্যবস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার-সমর্থক পুতুল সরকারের নিপীড়নের কথা মনে করিয়ে দিয়েছে তাঁকে। রোমাদের রুমানিয়া ও বুলগেরিয়ায় ফেরত পাঠানোর বিতর্কিত এ অভিযানের জন্য ফ্রান্সের বিরুদ্ধে ইউরোপীয় আদালতে মামলারও হুমকি দেন তিনি। জবাবে ক্ষুব্ধ ফরাসি প্রেসিডেন্ট সারকোজি ইঙ্গিত করেছেন, চাইলে ভিভিয়ানা নিজের দেশ লুক্সেমবার্গে ওই রোমাদের আশ্রয় দিতে পারেন।ভিভিয়ানা রেডিং অবশ্য তাঁর মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ফ্রান্স সরকারের বর্তমান কার্যকলাপের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিপীড়নের শিকার ব্যক্তিদের তুলনা করা মোটেও তাঁর উদ্দেশ্য ছিল না।ফ্রান্স বলছে, রোমাদের তাড়িয়ে তারা কোনো অন্যায় করছে না। ইউরোপীয় আইনের মধ্যে থেকেই রোমাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ফ্রান্সের ৬৫ শতাংশ নাগরিকের সমর্থন রয়েছে এর পেছনে।এর আগে ২০০৮ সালে ইতালি রোমাদের আঙুলের ছাপ আর ধর্মীয় পরিচয় সংগ্রহ করে নিবন্ধন শুরু করলে ইউরোপীয় কমিশনের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়েছিল।রোমাদের ইউরোপের উন্নত দেশের নাগরিকেরা আপদ হিসেবেই দেখে। তারা প্রায়ই রাস্তাঘাটে ভিক্ষা চেয়ে লোকজনকে বিব্রত করে। অনেকে ছিঁচকে চুরি, নেশাদ্রব্য বেচাকেনাসহ অপরাধের সঙ্গেও জড়িত। একাদশ শতকের দিকে রোমাদের পূর্বপুরুষেরা উত্তর-পশ্চিম ভারত থেকে নানা দেশ ঘুরে ইউরোপে যায় বলে ধারণা করা হয়। ফ্রান্সে কমপক্ষে চার লাখ রোমা রয়েছে।রোমা সম্প্রদায়ের লোকজন বিনা ভিসায় ফ্রান্সে ঢুকতে পারবে, কিন্তু তিন মাসের বেশি থাকতে চাইলে অবশ্যই থাকা ও কাজ করার ব্যাপারে সরকারের অনুমতি নিতে হবে। কিন্তু বেশির ভাগ রোমা এ আইন মানে না।একদল রোমার থানায় হামলা করার জের ধরে এবারের রোমাবিরোধী অভিযানের সূত্রপাত। এ ঘটনার পর তিন মাসের মধ্যে প্রায় ৩০০ অবৈধ শিবির ও বসতি উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়।