ইউরোপের কোথাও যাব, অথচ রোমে পলাশের সঙ্গে দেখা হবে না, তাই কি হয়? হওয়ার নয়। এবারও তা-ই হলো। রোম আর পলাশের দুর্নিবার আকর্ষণে এথেন্স থেকে শেষ বিকেলে লেওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরে পা রাখলাম। এখানে বলে রাখি, পলাশ আমার রাজশাহীর পড়শি, ছোট ভাই গোলাপের ছেলেবেলার বন্ধু।আগের দুইবারে ভেনিস আর রোম মোটামুটি চষে ফেলেছি, এবার ঠিক হলো, গেঞ্জার গ্রত্তে দি ফ্রাসাসি (ফ্রাসাসি গুহা) দেখব। রোম শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ‘গেঞ্জা’ বেশ বড় পাহাড়ঘেরা গ্রাম। ইতালীয় ভাষায় ‘গেঞ্জা’ অর্থ, দেয়াল তৈরির পাথর। মতান্তরে এলাকায় অবস্থিত অতি প্রাচীন ‘গেঞ্জা’ দুর্গের নামানুসারে এ স্থানের নামকরণ। বিশাল বিশাল পাহাড়ঘেরা এই গেঞ্জার ‘আনকোনা ফ্রাসাসি’ গুহার উদ্দেশে সকাল সাতটা ২০ মিনিটে রোমের সেন্ট্রাল রেলস্টেশন ছাড়লাম। ১০টার কিছু পর আনকোনা পৌঁছালাম। ট্যাক্সি চেপে ‘ফ্রাসাসি গুহার’ জন্য নির্ধারিত পর্যটক-স্টেশন ৩০-৪০ মিনিটের পথ। শাটল ট্রেনও আছে, অপেক্ষা করতে হয় এবং সময়ও বেশি লাগে। ট্যাক্সি ভাড়া বেশি হলেও পথের সৌন্দর্য আপনার পকেট হালকা হওয়ার কষ্ট ভুলিয়ে দেবে। পথের দুই দিকে উঁচু পাথরের পাহাড়। সবুজ আর অসংখ্য নাম না-জানা রং-বেরঙের পাহাড়ি ফুলে ঢেকে থাকা উপত্যকা, গ্রীষ্মের এই নয়নাভিরাম দৃশ্য!পর্যটক-স্টেশনে আসার আগে পর্যন্ত পলাশ আমাকে কী দেখাবে, তার সঠিক ধারণা দেয়নি—হয়তো ইচ্ছে করেই। আগেই সব শুনে ফেললে যদি আগ্রহ কমে যায়। ঘণ্টা খানেক পরে আমার জন্য যে বিস্ময় অপেক্ষা করছিল, তার সম্বন্ধে কিছু শুনে গেলে কোনো ক্ষতি ছিল না, ভ্রমণ শেষে আপনারও তাই মনে হতে বাধ্য। মাথাপিছু সাড়ে ১০ ইউরোর টিকিট কেটে অপেক্ষার পর শাটল বাসে রওনা হলাম ফ্রাসাসি গুহার উদ্দেশে। দুই কিলোমিটার আঁকাবাঁকা পাহাড়ি চড়াই-উতরাই, অবশেষে গুহামুখ। গ্রীষ্মে গরম কাপড় পরা অনেক সাদা চামড়ার পর্যটকদলে আমরা দুজনেই গেঞ্জি গায়ে এশিয়ান! বিভিন্ন ভাষায় লিপিবদ্ধ আছে গুহার বর্ণনা, তাপমাত্রা, দর্শনীয় বিষয় ও তাদের নামকরণের যৌক্তিকতা এবং কোথাও হাত না দেওয়ার জন্য দর্শকদের প্রতি অনুরোধসংবলিত সতর্কতা। ভিন্ন ভিন্ন ভাষাভাষী পর্যটকদের জন্য আছে নির্দিষ্ট গাইড। আমরা ইংরেজি ভাষার গাইডের পিছু নিলাম জনা দশেক লোক।কৃত্রিম সুড়ঙ্গ দিয়ে পর পর দুটি ভারী স্বয়ংক্রিয় দরজা পার হতেই হিমশীতল বিশাল গহ্বর আমাদের গ্রাস করল।গভীর নীল আলোর বন্যায় ভেসে যাচ্ছে প্রকৃতির অদ্ভুত সব সৃষ্টি, স্ট্যালেগমাইট আর স্ট্যালেকটাইটের হাজারো আকৃতির স্তম্ভগুলো। চারদিক সুনসান, প্রায় ২০০ মিটার ওপর থেকে শুধু টুপটাপ পানি পড়ার শব্দ আর নিয়ত পরিবর্তনশীল চুনাপাথরের আকৃতিগুলো! এ সৌন্দর্য আর অনুভূতি প্রকাশ করা শক্ত। কবিতার সঙ্গে কিছুটা মিল পাওয়া যেতে পারে। ‘নিঃশব্দ নীরব গানে, পুষ্প বিকাশের প্রয়োজনে’ এ তুলনা এখানে খাপ খায় না, জানি। তবু মনে হলো, এই নৈঃশব্দ আর টুপটাপ পানি পড়াই এই দৃষ্টি সম্মুখের অপূর্ব সৃষ্টির পূর্বশর্ত। সৃষ্টিকর্তার উদ্দেশে মাথা নত করলাম, এ যেন কোনো স্বপ্নের রাজ্যে, রূপকথার রাজ্যে অনুপ্রবেশ। গাইড বর্ণনা করছিল নির্ধারিত ১৪০ সে. তাপমাত্রার কক্ষগুলোতে চুনাপাথর আর সালফার মিশ্রিত এ স্তম্ভগুলোর কথা। পাহাড়ের ছাদ থেকে নেমে এসেছে স্ট্যালেগমাইট ( গ্রিক ভাষায় অর্থ, তরল পদার্থের ফোঁটা বা ড্রপ)। আর পাহাড়ের তলদেশ থেকে উঠছে স্ট্যালেকটাইট, দুটো মিশে হচ্ছে কলাম বা স্তম্ভ। পাহাড়ের ঘাম বা পানি নিচে পড়ছে, খনিজ পদার্থ (ক্যালসিয়াম, সালফার ইত্যাদি) স্তরে স্তরে জমছে, তার মানে আমাদের সামনে কয়েক লাখ বছর ধরে তৈরি হওয়া সৃষ্টি! আকৃতি দেখে নামকরণ হয়েছে ‘বামন’, ‘মোমবাতির হ্রদ’, ‘পামগাছের গুঁড়ি’, ‘দানব’, ‘মৃত বৃক্ষ’, অথবা ‘স্ফটিক হ্রদ’! হাঁটতে হাঁটতে বিভিন্ন হল ঘুরে ঘুরে দেখছিলাম, আর নামকরণের যৌক্তিকতা যাচাই করছিলাম। কাব্যময় স্বপ্নের জগতে পার্থিব জিনিসগুলোর সঙ্গে তুলনা করা নামকরণগুলো সত্যিই অপূর্ব, সাদৃশ্যপূর্ণ! কোনোটি স্ফটিক দুধসাদা, কোনোটি হলুদ বর্ণের, কোনোটি বা ধূসর। নীল আলোর প্রক্ষেপণ স্তম্ভ তথা সৃষ্টিগুলোর আকৃতি আর রংকে এত সুন্দর আর মায়াবী করেছে, যা বর্ণনায় বোঝানো যাবে না, দেখতে হবে নিজ চোখে।গাইডের বর্ণনায় শুনলাম, এই ফ্রাসাসি গুহা গেঞ্জা আনকোনা এলাকার পর্বতশ্রেণীর আট স্তরে এবং ৩৫ কিলোমিটার বিস্তৃত রাজ্যে আরও অনেক ‘খনিজ গুহার’ সঙ্গে সংযুক্ত। এর মধ্যে এ পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকায় জরিপ ও অনুসন্ধান শেষ হয়েছে। আর আমাদের দেখার জন্য খোলা হয়েছে মাত্র ১ দশমিক ৪ কিলোমিটার। ইউরোপের সর্ববৃহৎ আর সবচেয়ে সুন্দর স্ফটিকের স্বপ্নরাজ্যে ঘোরার নির্ধারিত এক ঘণ্টা কীভাবে শেষ হলো, জানি না। পলাশের কথায় সংবিৎ ফিরল, ‘ভাই, লাখ লাখ বছরে সৃষ্ট এই স্বপ্নজগতে আমাদের এভাবে দল বেঁধে যাওয়া-আসা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, এতে অকৃত্রিম সৃষ্টি বিঘ্নিত হচ্ছে। এ কারণেই বোধহয় ১৩ কিলোমিটারের মধ্যে মাত্র দেড় কিলোমিটার দর্শকের জন্য উন্মুক্ত।’ভাবলাম, পরিবেশের ভারসাম্য নষ্ট করে আর লাভ কী? এবার বরং ফেরার পথ ধরি।