ফ্রিকোয়েন্সি রিলে সিস্টেমের খাঁড়া লোহাগাড়ায়
লোহাগাড়ায় বিদ্যুতের মোট চাহিদা ১০ মেগাওয়াট। ফ্রিকোয়েন্সি রিলে সিস্টেম চালু থাকায় চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। অথচ এ ফ্রিকোয়েন্সি রিলে সিস্টেম দক্ষিণ চট্টগ্রামের একমাত্র লোহাগাড়াতেই চালু আছে। পাশের সাতকানিয়া, দোহাজারী, চন্দনাইশ ও বাঁশখালীতে এ পদ্ধতি চালু নেই। স্থানীয় লোকজন জানান, ‘ফ্রিকোয়েন্সি রিলে সিস্টেম পর্যায়ক্রমে বিভিন্ন উপজেলায় চালু করার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। ফলে লোহাগাড়ার গ্রাহকদের এ পদ্ধতির ভোগান্তি পোহাতে হচ্ছে।’গ্রাহকেরা জানান, ‘দিনে দুই-তিন ঘণ্টা এবং রাতে এক-দেড় ঘণ্টার বেশি থাকে না। গরমে শিশুসহ বয়সী লোকজন আক্রান্ত হচ্ছে নানা রোগে। শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।’ মোস্তফিজুর রহমান কলেজের অধ্যক্ষ মো. মফিজুর রহমান জানান, ‘গ্রামীণ এলাকায় বিদ্যুতের মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের কষ্ট হচ্ছে সবচেয়ে বেশি। তারা প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে পারছে না। একদিকে লোডশেডিং অন্যদিকে কেরোসিনের ঊর্ধ্বমূল্যের কারণে গরিব শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। শাহপীর পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্র মেহেদি হাসান ও মোছাম্মৎ ইয়াসমিন জানায়, ‘এভাবে বিদ্যুৎ থাকার চেয়ে না থাকাই ভালো। ইতিমধ্যে আমরা কেরোসিন ও মোমবাতির আলোতে পড়াশোনায় অভ্যস্ত হয়ে গেছি।’ লোহাগাড়া দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বাণিজ্যকেন্দ্র। এখানে রয়েছে পোশাক কারখানা, প্লাইউড ও তেল কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান। পদুয়ার শিল্পোদ্যোক্তা নুরুল কবির জানান, ‘দিনে ও রাতের বেশির ভাগ সময় জেনারেটর দিয়ে কারখানা চালু রাখতে হচ্ছে। এতে পণ্যের উৎপাদন খরচ বেড়ে গেছে। পাশাপাশি কারখানায় দুই পালার বদলে এক পালা চালু রয়েছে।’ শিল্পোদ্যোক্তা নাজমুল মোস্তফা আমিন জানান, ‘বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে লোহাগাড়ায় অনেক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে।’ স্থানীয় উদ্যোক্তাদের অনেকে জানান, মারাত্মক লোডশেডিংয়ের কারণে কারখানাগুলো পর্যায়ক্রমে চট্টগ্রাম শহরে স্থানান্তরের চিন্তা-ভাবনা করছেন তাঁরা।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শফিকুর রহমান জানান, ‘লোডশেডিংয়ের কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসা, ফ্রিজ চালাতে না পারায় নষ্ট হচ্ছে বিভিন্ন রোগের টিকা।’লোহাগাড়া পল্লী বিদ্যুতের ডিজিএম পরিতোষ সরকার প্রথম আলোকে জানান, ‘লোহাগাড়ায় পিক আওয়ারে সাত মেগাওয়াট চাহিদা রয়েছে। কিন্তু আমরা ওই সময়ে বিদ্যুৎ পাই না বললেও চলে। ফলে বাধ্য হয়ে লোডশেডিং করতে হয়।’ তিনি আরও জানান, গ্রিড নিয়ন্ত্রণ করে পিডিবি, লোডশেডিং তাঁদের নিয়ন্ত্রণে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল সিংহ জানান, ‘বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নের জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।’