
ব্যস্ত জীবনে এত সময় কোথায় যে তিনবেলাই খাবার টেবিলে টাটকা খাবার সাজানো থাকবে। গেরস্থালিতে রেফ্রিজারেটরের কদর এ কারণেই বেশি। তবে অনেকে তো অভিযোগ করে বসেন, ফ্রিজে রাখা অনেক খাবার সতেজ থাকে না। কিন্তু একবারও কি ভেবেছেন খাবারগুলো ফ্রিজে সঠিকভাবে রাখা হচ্ছে কি না? কিংবা আপনি রেফ্রিজারেটরের যেই স্থানে যে খাবারটি রাখছেন, সেটি হয়তো অন্য খাবারের তাক। এতে খাবারটি নষ্ট হয়ে যাচ্ছে অথবা এতে রেফ্রিজারেটরের ক্ষতি হচ্ছে। বলে রাখা ভালো, রেফ্রিজারেটরের দুটি অংশের ওপরেরটিকে ফ্রিজার নিচের অংশটিকে ফ্রিজ বলা হয়।
রেফ্রিজারেটরে খাবার সংরক্ষণের বিষয়ে পরামর্শ দিয়েছেন ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও উদ্যোক্তা বিভাগের সহযোগী অধ্যাপক রিনাত ফওজিয়া।

মাছ-মাংস
মাছ-মাংস পরিষ্কার করে পলিব্যাগে মুড়ে ফ্রিজার অংশে রাখতে হবে। রেফ্রিজারেটরে যাঁদের জায়গা নিয়ে সমস্যা নেই, তাঁরা পলিব্যাগের বদলে বক্স ব্যবহার করতে পারেন। এর ফলে মান ঠিক থাকে এবং সহজে জিনিস বের করা যায়। তবে কোনো অবস্থাতেই উন্মুক্ত কিছু রাখা যাবে না। এর ফলে গন্ধ ছড়ায় এবং রেফ্রিজারেটরও তাড়াতাড়ি মুছতে হয়।

শাকসবজি ও ফল সংরক্ষণ
ফল বা শাকসবজি ভালো করে ধুয়ে পানি শুকিয়ে ফ্রিজে রাখুন। সবজি প্যাকেটে মুড়ে ফ্রিজের নিচের অংশে রাখুন। এতে সবজি থেকে পানি পড়ার সম্ভাবনা থাকবে না। তবে ফল বা সবজি একসঙ্গে না রেখে আলাদা চেম্বারে রাখুন। কাঁচা মরিচের ক্ষেত্রে বোঁটা ফেলে সংরক্ষণ করুন। অন্যথায় পচন ধরতে পারে। ধনেপাতা, পেঁয়াজপাতা বা লেটুসপাতা পলিব্যাগ কিংবা বক্সে করে রাখতে পারেন।

ডিম
ডিম সাজিয়ে রাখার সময় এর সুচালো দিকটা নিচের দিকে রাখুন। বেশি দিন ভালো থাকবে।

দুধ
দুধ, ডেইরি প্রোডাক্ট বা অন্যান্য খাবার প্যাকেটের গায়ে স্টোর তাপমাত্রা লেখা থাকে। সেই তাপমাত্রা অনুযায়ী খাবার ফ্রিজে রাখুন।

রান্না করা খাবার
রান্না করা খাবার রাখার জন্য ঢাকনা দেওয়া পাত্র ব্যবহার করুন। বায়ুরোধক পাত্র এ ক্ষেত্রে বেশি কার্যকর।
অন্যান্য খাবার
বাড়িতে এর বাইরে আরও নানান ধরনের খাবারের উপাদান থাকে; যা অজানাবশত অনেকে ফ্রিজে রাখেন না। চালের গুঁড়া, আটা, বেসন এসবও কৌটায় করে ফ্রিজে রাখতে পারেন দীর্ঘদিন। ফ্রিজারে রাখতে পারেন কফির বয়ামও।
এ তো খাবার সংরক্ষণ সম্পর্কে জানা হলো। আর যে যন্ত্রটিতে খাবার রাখা হচ্ছে, সেটি সম্পর্কেও জানা না থাকলে কি চলে? রেফ্রিজারেটর ব্যবহার সম্পর্কে বলেছেন কারওয়ান বাজারের ট্রান্সটেক ডিজিটালের স্যামসাং এক্সপেরিয়েন্স কনসালট্যান্ট তানভীর আহম্মেদ।
দেশের বাজারে এখন দুই ধরনের রেফ্রিজারেটর পাওয়া যায়। একটি সাধারণ অন্যটি ডিজিটাল ইনভারটর। সাধারণ রেফ্রিজারেটরে স্কেচ পড়ে। তাই রেফ্রিজারেটর বাইরের অংশ ব্যবহারে সতর্ক থাকতে হবে। যাতে কোনো দাগ না পড়ে। এ ধরনের রেফ্রিজারেটরে বরফ জমে বলে কিছুদিন পরপর তা দূর করার জন্য ভালোভাবে মুছতে হবে এবং এই যন্ত্রের নিচে থাকা ট্রেতে জমা পানি নিয়মিতভাবে ফেলে দিতে হবে। অন্যদিকে ডিজিটাল ইনভারটর রেফ্রিজারেটরে কুল প্যাক ১০ ঘণ্টা বিদ্যুৎ ব্যাকআপ দেবে। এতে কম্প্রেসর কখনো বন্ধ হবে না।
ফ্রেশ রুম: ফ্রিজের ফ্রেশ রুম নামের অংশে মিষ্টি, দই এ-জাতীয় খাবার রাখলে গন্ধ ছড়ায় না।
ইজি স্লাইড: ফ্রিজের ভেতরের কোনো হাতল বের করতে যদি বাড়ির কোনো সদস্যের সমস্যা হয় তার জন্য জিনিসপত্র ইজি স্লাইড রাখা যাবে; যাতে একটু টান দিতেই সহজে হাতলটা বেরিয়ে আসবে।
টেম্পার গ্লাস: ইজি স্লাইডের নিচে থাকা টেম্পার গ্লাসটি বিভিন্ন প্রতিষ্ঠানের রেফ্রিজারেটরভেদে ১০০ থেকে ১৫০ কেজি পর্যন্ত ওজন ধরে রাখতে সক্ষম। এতে ভারী জিনিসপত্র রাখতে পারেন।
ময়েশ্চট্ ফ্রেশ: এতে যে ধরনের শাকসবজিই রাখুক না কেন, সাত দিন পর্যন্ত সতেজ থাকবে।
এ ছাড়া দরজার পাশে থাকা পানি রাখার জায়গায় পানির বোতল, ডিম এসব রাখতে পারেন। এতে দরজার কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। আর ফ্রিজার অংশে পচনশীল জাতীয় (মাছ-মাংস) খাবার রাখুন। ডিজিটাল ইনভারটর রেফ্রিজারেটরে কোনো ধরনের বরফ জমবে না। খাবারের মানও ভালো থাকে।