ইন্টারনেটে মুক্ত পেশাজীবীরা (ফ্রিল্যান্সার) কাজ করেন নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে। সারা বিশ্বেই এ পেশা বর্তমানে বেশ জনপ্রিয়। বাংলাদেশও এ ক্ষেত্রে পিছিয়ে নেই। ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখায় আউটসোর্সিংয়ের কাজ পাওয়ার ওয়েবসাইট অর্থাৎ অনলাইন মার্কেটপ্লেসগুলোতে বাংলাদেশের মুক্ত পেশাজীবীদের অবস্থান প্রথম সারিতেই।চলতি বছর বিশ্বসেরা মার্কেটপ্লেসগুলো বাংলাদেশে তাঁদের প্রতিনিধি নিয়োগ দেওয়া বা কর্মকাণ্ড শুরু করেছে।শীর্ষ মার্কেটপ্লেস ওডেস্ক (www.odesk.com), ইল্যান্স (www.elance.com) এবং ফ্রিল্যান্সার ডট কম (www.freelancer.com) বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ দিয়েছে। আর এই ফ্রিল্যান্সার ডট কমের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন নাবিলা খোরশেদ।ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি। এরপর কাজ করেন বিভিন্ন প্রতিষ্ঠানের বাজার গবেষক ও ব্র্যান্ড পরামর্শক হিসেবে। সব শেষে যোগ দেন ফ্রিল্যান্সার ডট কমে। গত বছরের শেষ দিকে ফ্রিল্যান্সার কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা শুরু। আর এ বছরের জানুয়ারিতে নিয়োগ চূড়ান্ত হয় নাবিলার। এর আগে ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে জড়িত না থাকলেও এখন সেটা নিয়ে ভাবছেন তিনি। বাবা চাকরিজীবী খোরশেদ আলম এবং মা শিরিন আফরোজ কলেজের শিক্ষক। এক ভাই ও এক বোনের মধ্যে ছোট নাবিলা অনেক দিন ধরেই তরুণদের নিয়ে কাজ করেন। যুক্ত ছিলেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের সঙ্গেও।ফ্রিল্যান্সিংকে সারা দেশে ছড়িয়ে দিতে বেশ কিছু পরিকল্পনা আছে নাবিলার। তিনি বলেন, এখন সময় এসেছে ফ্রিল্যান্সকে পেশা হিসেবে নেওয়ার। এটা শুধু যে সময় কাটানোর কাজ নয়, সেটি এখন ভাবা উচিত। এ কাজে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, নির্দিষ্ট একটি জায়গায় কাউকে না থাকলেও সমস্যা নেই। দেশের যেকোনো প্রান্তে বসেই কাজটি করা সম্ভব।’নাবিলা চান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফ্রিল্যান্সিংয়ের কাজটাকে আরও ছড়িয়ে দিতে। বিশেষ করে, ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থীরা আরও বেশি আউটসোর্সিংয়ে যুক্ত হতে পারেন। তাঁর মতে, নিজের জন্য পড়াশোনা অবশ্য প্রয়োজন। ডিগ্রি অর্জন শেষে যে কাজটি করতে চান, সেটি শিখতে হবে। তবেই যুক্ত হতে পারেন ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে। অর্থাৎ, কাজ না শিখে ফ্রিল্যান্সিং নয়, বরং কাজ শিখেই আউটসোর্সিং করতে হবে। পাশাপাশি নিজেকে নানা ধরনের ডিজিটাল মাধ্যমে যুক্ত করতে হবে। কেননা, নাবিলার সঙ্গে ফ্রিল্যান্সার কর্তৃপক্ষের যোগাযোগ হয়েছে ডিজিটাল মাধ্যমেই। তাই নিজেদের সব সময় হালনাগাদ রাখতে সবাইকে, বিশেষ করে তরুণদের ডিজিটাল মাধ্যমে যুক্ত থাকতে হবে।বিশ্বসেরা মার্কেটপ্লেসগুলোর বাংলাদেশ প্রতিনিধিদের মধ্যে একমাত্র নারী নাবিলা খোরশেদ নিজেকে নারী কিংবা পুরুষ হিসেবে আলাদা ভাবেন না। তিনি বলেন, ‘বিষয়টা যোগ্যতার। আমাকে যখন ফ্রিল্যান্সার কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে, আমি নারী নাকি পুরুষ, সেটা বিবেচ্য ছিল না।’ সব মিলিয়ে এখন নতুন দায়িত্ব নিয়ে সারা দেশে কাজ করে যেতে চান নাবিলা।