ফ্রিল্যান্সিংয়ে ভবিষ্যৎ

আউটসোর্সিং কাজ করার সবচেয়ে ভালো মাধ্যম হলো ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে যিনি কাজ করিয়ে নেবেন (এমপ্লয়ার), একটি মাধ্যমের সাহায্যে যাঁরা কাজ করবেন, (কন্ট্রাক্টর) তাঁদের বুঝিয়ে দেওয়া হয়। ফ্রিল্যান্স আর আউটসোর্সিং এক কথা নয়। ফ্রিল্যান্সের ধারণাটি অনেক পুরোনো।
আমি ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের সঙ্গে পরিচিত ছিলাম অনেক আগে থেকে। কম্পিউটারের সঙ্গে সখ্য আমার বেশি দিনের নয়। আমি কম্পিউটার শিখতে খুব আগ্রহী ছিলাম। দরিদ্র পরিবারের সন্তান হওয়ার কারণে আমি আমার ইচ্ছাটাকে বাস্তবে রূপ দিতে পারিনি। কিন্তু এইচএসসি পরীক্ষার পর আমার প্রবল ইচ্ছে ও জেদের কারণে ও আম্মুর সুপারিশে আব্বু আমাকে কম্পিউটার শিখতে দিতে বাধ্য হলেন। আমি তিন হাজার টাকা দিয়ে অফিস প্যাকেজ শিখেছিলাম স্থানীয় এক কম্পিউটার থেকে। আমি প্রচণ্ড আগ্রহী থাকার কারণে এবং আমার দক্ষতার জোরে সেখানে মাসিক ২০০ টাকা বেতনে চাকরি নেই। আসলে টাকার চেয়ে আমার শেখার আগ্রহটাই বড় ছিল। কারণ, আমি বুঝতে পেরেছিলাম, তিন মাস শেষ হয়ে গেলে আমার কম্পিউটার শেখার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।
সেই দোকানে কাস্টমারের কাজ শেষ হওয়ার পরই আমি অন্যান্য কাজ শিখতাম। ইন্টারনেটের প্রথম সংস্পর্শে আসি ২০০৬ সালের শেষের দিকে। সেই সময় ব্রাউজারে www.prothomalo.com দিয়ে অবাক হয়ে দেখতাম, কীভাবে পত্রিকাটি চলে আসত কম্পিউটারের পর্দায়। সেই সময় ইন্টারনেট এত সহজলভ্য ছিল না। কাজের ফাঁকে ফাঁকে আমি ইন্টারনেটে প্রবেশ করতাম, মেইল করতাম। এমনও সময় গেছে, আমি রাত একটা পর্যন্ত দোকানে বসে অনুশীলন করেছি।
পরের গল্পটি অত্যন্ত সহজ। ইউএনও অফিসে ইন্টারভিউ দিয়ে উপজেলা ই-সেন্টারে কাজ করার সুযোগ পাই। তার পর থেকে আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজিবুল ইসলামের সহযোগিতা ও স্নেহে আমি আত্মবিশ্বাসী হতে শিখি। তিনি আমাকে বলেন, আমি অবশ্যই অনলাইনে আয় করতে পারব। আমাকে তিনি চেষ্টা করতে বলেন।
অনলাইনে কাজে আমার শুরুটা আউটসোর্সিং মার্কেটপ্লেস ওডেস্ক থেকে। ওডেস্কে অ্যাকাউন্ট আগে থেকে থাকলেও কোনো কাজ পাচ্ছিলাম না। তারপর আমি আমার বন্ধুদের কথায় খুলনায় ট্রেনিংয়ে থাকা অবস্থায় বিড করি। তারপর আমি কাজটি পেয়ে গেলাম। কাজটি সফলভাবে সম্পন্ন করার পর আমি একটি রেটিং পেলাম ভালো। তারপর একটার পর একটা কাজ পেয়েই যাচ্ছি।
বেশ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠানে চাকরি করার পর বর্তমানে আমার নিজেরই একটি কোম্পানি আছে। আমাদের তৈরি বিভিন্ন ওয়েব অ্যাপ আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করি। এ ছাড়া বিভিন্ন সময় বিভিন্ন ক্লায়েন্টের কাজও করি। এ ছাড়া আমি পারফেক্ট পয়েন্ট মার্কেটিং নামে একটি প্রতিষ্ঠানে অংশীদারি ভিত্তিতে আছি। গ্রামে থেকে ওয়েব ডিজাইন শেখাটা একসময় স্বপ্নের ছিল। গ্রামে নেই কোনো ভালো প্রশিক্ষণ নেওয়ার প্রতিষ্ঠান, নেই কোনো ব্যবস্থা। যখন আমি কাজগুলো একটু করে শেখার চেষ্টা করছিলাম, আমি একটু করে পিছিয়ে পড়তাম। আমি পেতাম না কোনো গাইডলাইন। একটা জিনিস শিখতাম, সেটা ভালো না লাগায়, কোড না বোঝাতে আমি আবার অন্যটাতে চলে যেতাম। তাই অন্য কোডও সঠিকভাবে বুঝতাম না। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এমনই একটা বিষয়, যেখানে ধারাবাহিকভাবে না শিখলে সঠিকভাবে এগোনো যাবে না। তাই আমার শেখাটা হতো খাপছাড়া এবং উল্টাপাল্টা। এভাবে শিখে কাজ পাওয়াটা ছিল অনেক কষ্টের।
মোবাইলের ইন্টারনেট দিয়ে বিভিন্ন টেক্সট টিউটোরিয়াল দেখে শিখতাম এক একটি জিনিস। ছিল না তখন কোনো বাংলা ভিডিও টিউটোরিয়াল। ইংরেজি ভিডিও টিউটোরিয়াল থাকলেও আমার ডাউনলোডের ক্ষমতা ছিল না সেগুলো। আমি যখন আস্তে আস্তে সব শিখে ফেললাম, মার্কেটপ্লেসে মোটামুটি কাজ করছি তখন থেকেই আমার মনে হলো, আমার মতো অনেকেই আছেন। আমাকে যিনি সব সময় প্রতিটি কাজে উৎসাহ জোগাতেন, আমাদের মোহাম্মদ রাজিবুল ইসলাম স্যার এবং আমি সিদ্ধান্ত নিলাম, আমরা এলাকার বেকার যুবকদের প্রশিক্ষণ দেব। সেই প্রশিক্ষণটা হবে বিনা মূল্যে অথবা স্বল্প মূল্যে। শুরু করলাম আমি প্রশিক্ষণ দেওয়া। অনেকেই এখান থেকে বিনা মূল্যে প্রশিক্ষণ নিলেন। এঁদের মধ্যে সঠিক গাইডলাইন পেয়ে তৈরি হলো ফ্রিল্যান্সার। মুখে মুখে ছড়িয়ে পড়ল আমাদের কথা। অনেকেই আমাদের প্রশিক্ষণ নিতে চাইল।
কিন্তু সমস্যা ছিল অনেকগুলো। প্রথমত দূর থেকে এখানে এসে অনেকেই সঠিকভাবে প্রশিক্ষণ নিতে পারছিলেন না। আবার বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়ার কারণে আমাদের বিভিন্ন প্রশিক্ষণের সরঞ্জাম ব্যবস্থা করতে পারছিলাম না। আমাদের এই প্রশিক্ষণের আসনসংখ্যা ছিল তিন মাসে মাত্র ১৫ জন। দূরে হওয়ার কারণে অনেক মেয়ে এই প্রশিক্ষণে আগ্রহ প্রকাশ করলেও অংশগ্রহণ করতে পারত না। আমরা চাইলাম এমন একটা পদ্ধতিতে প্রশিক্ষণ চালু করতে, যার মাধ্যমে ঘরে বসে থেকেই আউটসোর্সিং প্রশিক্ষণ নিতে পারবে সবাই। শুধু বাংলাদেশ থেকে নয়, বিশ্বের যেকোনো স্থান থেকে প্রশিক্ষণ নিতে পারে। আমাদের সেই সিদ্ধান্তের নাম হলো আর আর ফাউন্ডেশন। আমি শুরু করলাম ভিডিও টিউটোরিয়াল তৈরি, আপলোড করতে থাকলাম ইউটিউবে। আস্তে আস্তে আমার করা টিউটোরিয়ালের পরিমাণ বাড়তে থাকল। সবাই দেখতে থাকল। খুব সহজ করে টিউটোরিয়ালগুলো বানানো হয়েছে, দেখে সবাই খুব সহজেই কঠিন কঠিন ব্যাপারগুলো বুঝতে পারল।
আর আর ফাউন্ডেশন (www.rrfoundation.net) একটি সম্পূর্ণ সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকেই আর আর ফাউন্ডেশন হাজারো মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও দোয়া নিয়ে নিঃস্বার্থভাবে সমাজের সর্বস্তরের মেধাবী তরুণ যুবসমাজকে দেশপ্রেমের পবিত্র মন্ত্রে উজ্জীবিত করে সফলভাবে কর্মকাণ্ড চালিয়ে আসছে এবং ভবিষ্যতের একটি সোনালি রূপরেখা বাস্তবায়নের নিমিত্তে আর আর ফাউন্ডেশনের সব সদস্য কাজ করে আসছেন। বর্তমানে আমাদের প্রায় ৪০ হাজার সদস্য সম্পূর্ণ বাংলা ভাষায় আমাদের কাছে থেকে ঘরে বসে কাজ শিখছেন। আমাদের ফেসবুক গ্রুপ থেকে তাঁরা বিভিন্ন সমস্যার সমাধান পাচ্ছেন।
এই কাজগুলো করতে হলে আপনার প্রথমেই প্রয়োজন হবে ধৈর্য। কারণ, আপনি অনেক কাজ শিখেও প্রথমে কোনো কাজ পাবেন না। আপনাকে ধৈর্য ধরে কাজ পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনাকে অবশ্যই পেশাদারি মনোভাবের হতে হবে। আমার মনে আছে, একবার বায়ারের কাছে আমি বলেছিলাম, ‘আপনি যদি আমাকে ভালো রেটিং না দেন, তাহলে আমার খুব মন খারাপ হবে।’ উত্তরে আমার বায়ার আমাকে রেটিং ভালো না দিয়ে বলেছিলেন, ‘তুমি কাজ করেছিলে ভালো। আমি রেটিং এমনিতেই ভালো দিতাম কিন্তু তোমার এসব দুঃখ পাওয়ার কথা প্রমাণ করে, তুমি আনপ্রফেশনাল।’ সুতরাং আপনাকে সব সময় পেশাদারি মনোভাবের হতে হবে। এমপ্লয়ারের সঙ্গে কোনো সময়ই কোনো উল্টাপাল্টা করা যাবে না। তাঁরা আপনার কাছ থেকে শুধু কাজ চান। কাজ ব্যতীত কোনো কিছু তাঁদের সঙ্গে আলোচনা পর্যন্ত করা যাবে না। তবে সব এমপ্লয়ার এক নন। আমার এক ট্রাভেল এজেন্সি এমপ্লয়ারকে আমি আমাদের দেশ সম্পর্কে বলেছি। তিনি তাঁর ট্রাভেল লিস্টে বাংলাদেশের বর্ণনা পর্যন্ত লিখেছেন। এই কাজগুলো করার জন্য আপনাকে ইংরেজিতে ভালো হতে হবে। কারণ, এমপ্লয়ার কাজের বিবরণ আপনাকে ইংরেজিতেই দেবেন। তাঁদের সঙ্গে যোগাযোগ করতে হলেও ইংরেজিতে করতে হবে। তবে আমাদের প্রচলিত ইংরেজির মতো আপনাকে এত গ্রামার না জানলেও চলবে।
রাসেল আহমেদ: মুক্ত পেশাজীবী ও উদ্যোক্তা।