ফ্রেমটাও বাহারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মৃতি ধরে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ছবি। তবে ছবি কেবল তুললেই কাজ শেষ হয়ে যায় না, এই ছবি যথাযথভাবে উপস্থাপনের ব্যবস্থাও করা দরকার। ছবি ফ্রেমে ভরে সংরক্ষণ করতে পারেন। আর এক নিমিষেই ফিরে যেতে পারেন সেই সময়ে, যে সময়ের স্মৃতি হয়তো হাতড়ে চলেছেন প্রতিনিয়ত।ডিজাইনার ও চিত্রশিল্পী শৈবাল সাহা বলেন, পুরোনো সময়কে মনের মধ্যে পুনরুজ্জীবিত করে ছবি। আর ছবিটি নান্দনিকভাবে উপস্থাপন করতে পারে ছবি রাখার সুন্দর একটি ফ্রেম। ছবি রাখার ফ্রেম ঘর সাজাতে সহায়ক। কেবল শোবার ঘরই নয়, বসার ঘর, করিডোর কিংবা বারান্দায়ও ঝুলিয়ে, দাঁড় করিয়ে ও হেলান দিয়ে রাখতে পারেন ছবি রাখার ফ্রেম। তিনি বলেন, ছবির ফ্রেম অন্দরসাজের সঙ্গে মিলিয়ে রাখলে এর আবেদন যেন অনেকাংশে বেড়ে যায়। কেউ যদি ফ্রেমটা দেয়ালে ঝোলাতে চান, সে ক্ষেত্রে ফ্রেমের উপাদান নির্বাচন করা গুরুত্বপূর্ণ। আসবাবের সঙ্গে মিলিয়ে কাঠ, বেত, বাঁশ, রট আয়রনের ফ্রেম রাখা যেতে পারে। এখানেই শেষ নয়, অন্যান্য ধাতব পদার্থ কিংবা কাপড়, চামড়ার নকশা করা ফ্রেমও রাখতে পারেন। শৈবাল সাহার নিজের সংগ্রহেই রয়েছে বেশ কিছু ছবি রাখার ফ্রেম। এই ফ্রেম যে কেবল ঘর সাজানোর জন্য, তা কিন্তু নয়; উপহার হিসেবেও বেশ ভালো—এমন পরামর্শই দেন তিনি। ফ্যাশন হাউসগুলোর মধ্যে যাত্রা, আড়ং, বাংলার মেলা, ভার্টিক্যাল ও আইডিয়াসে মিলবে নানা ডিজাইনের নান্দনিক সব ফ্রেম। যাত্রায় পাবেন সম্পূর্ণ দেশি উপকরণে তৈরি গামছা, কাগজ ও বাঁশের তৈরি ছবির ফ্রেম। দাম পড়বে ১৮৫ থেকে ৪৫৫ টাকা। অন্যদিকে আড়ং-এ পাওয়া যাবে বিভিন্ন আকার ও উপকরণে তৈরি ছবির ফ্রেম। এর মধ্যে আছে কাঠের নকশা করা, চামড়ার ওপর পুঁতি আর চুমকির কাজ করা, পিতলের ওপর নকশা করা এবং কাঁথার ফোঁড়ের নকশা করা ছবি রাখার ফ্রেম। এর কোনোটা দাঁড় করিয়ে রাখার ও কোনোটা হেলান দিয়ে রাখার। কোনো ফ্রেম কেবল একটি নয় বরং একসঙ্গে বেশ কয়েকটি ছবি ধরে রাখে। এর আকারও বাহারি—কোনোটা ত্রিকোনা ছবি রাখার জন্য, কোনোটা আবার গোল। আবার কোনোটা চার কোনাবিশিষ্ট ছবি রাখার জন্য। কেনা যাবে ১৫০ টাকা থেকে চার হাজার ৭০০ টাকার মধ্যে। আইডিয়াস ও ভার্টিক্যালে কাঠ ও মাটির তৈরি ফ্রেম পাওয়া যাবে। দাম পড়বে ৫০ থেকে ৩৫০ টাকা। এ ছাড়া গিফট হাউস হলমার্ক, আরচিজ ও আইসকুলে পাবেন কার্টুনের ডিজাইন করা প্লাস্টিক ও কাচের তৈরি ছবি রাখার ফ্রেম। চাইলে নিউমার্কেট থেকে দেয়ালে ঝোলানো ফ্রেম বানিয়ে নিতে পারেন। ছবির ফ্রেম কাঠ দিয়ে বানিয়ে নিতে চাইলে ইঞ্চি হিসেবে ও ছবির আকারের ওপর খরচটা নির্ভর করবে।