ফ্রেমে আঁটা রঙিন সময়
ছবিও কথা বলে! মানুষের বিশেষ মুহূর্তের কথা মনে করিয়ে দেয়। আর তাই আজকাল অনেকেই বিয়ের সময় আয়োজন করে ছবি তোলেন। কিন্তু বিয়ের সময় ছাড়াও ছবি তোলার আয়োজন হতে পারে। নিজের ছোট্ট বাচ্চাটির কথাই ভাবুন। তার পৃথিবীতে জন্ম নেওয়ার পর থেকে একটু একটু করে বেড়ে ওঠা। প্রথম হামাগুড়ি দেওয়া, প্রথম কথা বলা, প্রথম বসতে শেখা। সবকিছুই ঘটতে থাকে আপনার সামনে। সেই বিশেষ সময়গুলোকে যদি ফ্রেমে বন্দী করে রাখা যায়, কেমন হবে ভাবুন তো? আবার শেষ কবে বাবা-মা, ভাইবোনসহ পরিবারের সবাই একত্র হয়েছেন মনে আছে? চাইলে সবাই একত্র হয়ে আয়োজন করে সময়টাকে ধরে রাখতে পারেন এক ফ্রেমে। আর এমনই রঙিন মুহূর্তগুলোকে আলোকচিত্রে ধারণের কাজ করে যাচ্ছে একটি প্রতিষ্ঠান। ‘আইডিয়াস আর বুলেট প্রুফ’ নামের এই স্টুডিও মূলত ছোট্ট বাচ্চাদের এবং পারিবারিক ছবি তোলার জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিষ্ঠানের প্রধান আলোকচিত্রী আহমেদ শরীফ বলেন, ‘চাকরি ছেড়ে নতুন কিছু করার কথা ভাবছিলাম। ছবি তোলার কথা আসতেই আমার স্ত্রী (আনিকা তামজিদা) আমাকে পূর্ণ সমর্থন দিল। আর প্রথম পরীক্ষামূলক কাজ শুরু করলাম আমার ছোট্ট মেয়ে লাইসাকে দিয়ে। এক বছর ধরে আমি আর আমার স্ত্রী নানাভাবে ভেবে কাজে নামলাম। কয়েক দিনের মধ্যেই দারুণ সাড়া পেতে লাগলাম।’নবজাতক থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চার ছবি তোলা হয় এখানে। তবে বাচ্চাদের নিয়ে কাজ করতে যথেষ্ট বেগ পেতে হয়। প্রতিষ্ঠানের আর্ট ডিরেক্টর আনিকা তামজিদ বলেন, ‘বাচ্চাদের নিয়ে কাজ, তাই সময় নিয়ে বাচ্চার সঙ্গে মিশে যাই আমরা। এরপর সেট ডিজাইন করে তার ভালো লাগা, মন্দ লাগাকে গুরুত্ব দিয়েই আমরা ছবি তোলা শুরু করি। অনেক সময়ে এক সপ্তাহর বাচ্চাদের ছবি তুলি। তখন তাকে মায়ের মতো আদর করে ফটোশুটের জন্য তৈরি করি।’এ ছাড়া পারিবারিক ছবি তুলতেও প্রথমে বুঝে নেওয়া হয় তাদের পরিবারের সবাইকে। এরপর একটা গল্পের মাধ্যমে ছবিগুলোকে তুলে ধরার চেষ্টা চলে। দুজনেরই ভালো লাগে তখন, যখন ছবি তোলার পর গ্রাহকেরা প্রশংসায় ভরিয়ে তোলেন। ‘ছবি তোলার ক্ষেত্রে আইডিয়া অনেক গুরুত্বপূর্ণ। আর তাই আমরা নতুন আইডিয়ার ব্যাপারে সব সময় সচেতন থাকি।’ জানান আহমেদ শরীফ। বাচ্চা এবং পুরো পরিবারের ছবির বাইরে স্বামী-স্ত্রীর মধ্যকার সম্পর্ক, তাঁদের দিনযাপন বা মা হওয়ার আগ মুহূর্তের (গর্ভবতী) ছবিও তোলেন তাঁরা। কেউ চাইলে তাঁর বাসায় অথবা আইডিয়াস আর বুলেট প্রুফের নিজ স্টুডিওতে ছবি তোলা হয়। খরচাপাতিকথা বলে জানা যায়, মোট দুই ধরনের খরচ রয়েছে এখানে ছবি তুলতে। প্রথমত, সেশন ফি অর্থাৎ সেট ডিজাইন থেকে শুরু করে বাচ্চাকে প্রস্তুত করা ইত্যাদি পর্যন্ত। এখানে খরচ অনেকটা সেটের ওপর নির্ভর করে। পাঁচ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত সেট ডিজাইন করা হয়। এ ছাড়া দ্বিতীয় খরচটা প্রডাক্ট ফিস, যা দুই হাজার থেকে ওপরে নানা রকম হতে পারে। ফোন: ০১৭১১০৫৫৫২৪। ওয়েব: www.ideasৎbulletpৎoof.com