
খুব সহজ কিছুকে কথায় বলে ‘পানির মতো সোজা’! ছবি বানানো তাঁর কাছে সত্যিই পানির মতো সোজা কি না, তা জানা নেই। তবে কাজটা যদি হয় পানি নিয়ে ছবি বানানো, তা নিশ্চয়ই খুব কঠিন কিছু নয় তাঁর জন্য। তা না হলে বিশ্বের ৪৭টি দেশের ৫৭৬টি শর্ট ফিল্মকে পেছনে ফেলে দর্শকদের ভোটে পুরস্কার জিতে নেওয়া তো চাট্টিখানি কথা নয়! বলা হচ্ছে পানি ও জলজ উৎস সংরক্ষণ নিয়ে কাজ করে চলা স্প্যানিশ সংস্থা ‘উই আর ওয়াটার’ আয়োজিত একটি অনলাইন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবছর দর্শকদের ভোটে পুরস্কার বিজয়ী বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা রায়হান আহম্মেদের কথা।
রায়হান প্রামাণ্যচিত্র নির্মাণের কাজেও যুক্ত হয়েছিলেন শৈশবেই, ‘সেভ দ্য চিলড্রেন’–এর সঙ্গে যুক্ত হয়ে। তারপর ধীরে ধীরে নিজ উদ্যোগে শুরু করলেন একক কাজ। রায়হান বলছিলেন শুরুর দিনগুলোর কথা, ‘শুরুর দিকে ফিল্মের মান তেমন ভালো ছিল না। নিজের কোনো যন্ত্রপাতিই ছিল না। বিভিন্নভাবে নিজেই টাকা জোগাড় করে আর ক্যামেরা ভাড়া করে কাজ শুরু করি। “ইচ্ছে মিডিয়া” নামে একটি সংগঠন গড়ি, যেখানে সম্পাদনার সুবিধাও ছিল।’
সেই আনকোরা হাতে বানানো একটা ছবি তিনি পাঠিয়েছিলেন একটা প্রতিযোগিতায়। কোনো পুরস্কার আসেনি সেবার, কিন্তু অভিজ্ঞতার ঝুলিটা ভরেছিল ভালোই। ২০০৯ সালে বিদেশি একটি দলের চলচ্চিত্র কর্মশালার সঙ্গে যুক্ত হলেন। কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেকেই বানায় একটি করে এক মিনিটের ফিল্ম। রায়হানের ছবিটি সেবছর নেদারল্যান্ডসের একটি উৎসবে মনোনীত হয়। রায়হানকে আমন্ত্রণ জানানো হয় সেখানে এবং সেই নেদারল্যান্ডসেই প্রথমবার পুরস্কার জেতে রায়হানের চলচ্চিত্র।
তারপর প্রাপ্তির ঝুলিতে জমা হয়েছে একের পর এক পুরস্কার। ২০১০ সালে ফিলিপাইনের একটি চলচ্চিত্র উৎসবে জলবায়ু নিয়ে বানানো রায়হানের দুই মিনিটের স্টপমোশন অ্যানিমেশন তৃতীয় স্থান পায়। ২০১১ সালে হোপ নামের শর্ট ফিল্ম দ্বিতীয় স্থান অর্জন করে চতুর্থ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে। এ উৎসবের পরবর্তী প্রতিটা আসরেই জিতেছেন কোনো না কোনো পুরস্কার। শিশু চলচ্চিত্রনির্মাতা হিসেবে এখন পর্যন্ত দেশের বাইরে আমন্ত্রিত হয়েছেন স্পেন, নেদারল্যান্ডস, নরওয়ে ও ইন্দোনেশিয়ায়।
পানি নিয়ে ২০১২ সালে বানিয়েছিলেন ‘ওয়াটার ফর লাইফ’ নামে একটি চলচ্চিত্র, সেটিও জিতেছিল আন্তর্জাতিক পুরস্কার। এবছর বুড়িগঙ্গার দূষণ নিয়ে ছবি বানিয়ে জমা দেন ‘উই আর ওয়াটার’ আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতায়। ৫৭৬ টি ফিল্মের মধ্যে চারটি পৃথক ক্যাটাগরিতে পুরস্কার জেতে চারটি ফিল্ম, রায়হানের ডেডলাইন জেতে দর্শকদের ভোট ক্যাটাগরিতে।
পুরস্কার জয়ের চেয়ে নিজের কাজের মাধ্যমে বিশ্বের মঞ্চে বাংলাদেশের নামটা উচ্চারিত করতে পেরেই তিনি আনন্দিত, ‘চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশের জন্য কিছু করতে পারার স্বপ্ন নিয়েই বেড়ে উঠেছি। সারা বিশ্বে যেন আমাদের চলচ্চিত্র প্রদর্শিত হয়, এমন পর্যায়ে দেশকে নিয়ে যেতে চাই। বিশ্বের বড় বড় সব চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতছে আমাদের ছবি, এই স্বপ্নটা দেখি প্রতিনিয়তই।’
ঢাকার মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এবছরই উচ্চমাধ্যমিক পেরোনো রায়হান চলচ্চিত্রের বাইরে এখন ভাবতে চান না কিছুই। চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করতে যেতে চান দেশের বাইরে। আর ব্যক্তিগত লক্ষ্য? স্বপ্নটা যে অনেক বড় রায়হানের, ‘অস্কার বিজয়ী চলচ্চিত্রনির্মাতা হতে চাই। বানাতে চাই আমার বয়সের চেয়েও বেশিসংখ্যক ফিল্ম।’