ফ্লাডলাইটের সন্ধানে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ। রাজধানী ঢাকা পেরিয়ে এবার চট্টগ্রাম এল। প্রথমবার আলোড়ন তোলা এই টুর্নামেন্টটি এবার আর টিভির পর্দায় নয়, মাঠে বসেই উপভোগ করতে পারবেন স্থানীয় দর্শকেরা। না, মূল শহর থেকে অদূরে সাগরিকার স্টেডিয়ামে যাওয়ার দরকার নেই। বহুদিনের জাতীয় ক্রিকেটবিবর্জিত চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামেই বসছে বিপিএল আসর। চট্টগ্রামে বিপিএলের পর্দা উঠছে ২৮ জানুয়ারি। চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।এবার একবার চোখ বুলিয়ে নেওয়া যাক বিপিএলের মতো প্রথম পরীক্ষার প্রস্তুতির ওপর। কেমন হচ্ছে বিপিএল প্রস্তুতি! মন্দ না। তবে কাঠখড় পোড়াতে হচ্ছে স্থানীয় আয়োজক সিজেকেএসকে। কেন? প্রথম বাধা আলো নিয়ে। আলো আমার আলো...। এম এ আজিজ স্টেডিয়ামে ফ্লাডলাইট রয়েছে। কিন্তু সে আলো ভুবন ভরা নয়, অন্তত ক্রিকেটের মতো ছোট বলের জন্য তা চলে না। এই আলো ক্রিকেটের সাদা বলটির চেয়ে বহুগুণ বড় ফুটবল উপযোগী। দারুণ একটা সমস্যা। সমস্যা থেকে উত্তরণের আন্তরিক আগ্রহ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) রয়েছে। কিন্তু তা হলেই তো হচ্ছে না। রাতারাতি এম এ আজিজের বাতি বদলে ফেলাও তো সম্ভব নয়। কিংবা কোনো ডেকোরেটার্সকে বললেই তো আর তাদের লাইট দিয়ে আলোকিত করা যাচ্ছে না। তাহলে উপায়! উপায় একটা বের করেছে সিজেকেএস। অবশ্য তা বিসিবির সমর্থন নিয়েই। সেটাও হয়তো সম্ভব হচ্ছে সিজেকেএস সম্পাদক আ জ ম নাছিরউদ্দিনের কারণে। আ জ ম নাছির সদ্য গঠিত বিসিবির অ্যাডহক কমিটির সদস্য। আবার স্থানীয় আয়োজকদের প্রধান। তাই বিসিবির সঙ্গে কথাবার্তা বলে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের ক্রিকেট উপযোগী আলোকবাতি খুলে এম এ আজিজে লাগানোর একটি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের একক কর্তৃত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তাই বিসিবির ভূমিকাটা এখানে একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেটা উতরানো যাচ্ছে অনেকটা। খেলা শেষে আবার জহুর আহমদ স্টেডিয়ামের লাইট ফেরত যাবে সেখানে। আ জ ম নাছির বলেন, ‘আপাতত সাগরিকার স্টেডিয়াম থেকে লাইট এনে খেলা চালানোর সিদ্ধান্ত নিয়েছি। দেখা যাক কী হয়। আশা করি আমরা পারব।’সাগরিকা স্টেডিয়ামের ভেন্যু ব্যবস্থাপক ফজলে রাব্বী খান বলেন, ‘ফিলিপস কোম্পানিকে লাইটের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সম্ভবত এই স্টেডিয়াম থেকে নিয়েই লাইট লাগাবে। কারণ এ ছাড়া আর কোনো উপায় নেই।’ হয়তো এটাও সম্ভব হয়ে যাবে। আর ২৮ জানুয়ারি প্রথম খেলায় মাঠে নামবে চট্টগ্রামের দল চিটাগং কিং। প্রতিপক্ষ সিলেট রয়েলস। দেখা যাক অন্তত দুটি ম্যাচে ঘরের মাঠের সুবিধা নিয়ে চট্টগ্রাম এবার শীর্ষে স্থান পায় কি না। এর আগে ১৮ জানুয়ারি ঢাকায় পর্দা উঠবে বিপিএলের দ্বিতীয় আসরের।