ফ্লোরেন্সের সকাল
শৈশবে খবরের কাগজের প্রিয় পাতা ছিল দাদাভাই পরিচালিত কচি-কাঁচার আসর। সেখানে ধারাবাহিকভাবে ছাপা হতো ভাস্কর শিরোমণি মিকেল্যাঞ্জেলোর ছোটবেলার জীবনকাহিনি ‘ফ্লোরেন্সের সকাল’ শিরোনামে। সেই প্রথম এই জাদুময় শহরটির নামের সঙ্গে পরিচয়। কেমন যেন মন অবশ করা ভালো লাগা নামের এই শহর, ফ্লোরেন্স! শুনলেই নাকে এসে লাগে এক অজানা ফুলের সুবাস। বুকের ভেতরটা অজানা আবেগে তিরতির কেঁপে ওঠে। ম্যাকিয়াভেলি, লিওনার্দো দ্য ভিঞ্চি আর মিকেল্যাঞ্জেলোর শহর ইতালির ফ্লোরেন্স। চিত্রকলা আর নান্দনিকতার প্রমাণ হিসেবে বিশালাকৃতির ক্যাথেড্রাল এবং বিশ্বখ্যাত জাদুঘর আর আর্ট গ্যালারিগুলো এখানে অবস্থিত। আর সেই সঙ্গে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ভাস্কর্য মিকেল্যাঞ্জেলোর ডেভিড! ফ্লোরেন্স দর্শনের সৌভাগ্য হয়েছিল ২০০৮ সালের ২৬ ডিসেম্বর। একেবারে কাকভোরে ফ্লোরেন্সে পৌঁছালাম ট্রেনে করে। সঙ্গী ইতালির বোলগনাতে পিএইচডিরত মণি ভাই। শীতের দেরি করে ওঠা সূর্য খানিকটা পরে হলেও ক্রমেই দখল করে নিচ্ছে আকাশের সিংহভাগ; কিন্তু বাতাসে শীতের আমেজটা থেকেই গেছে। স্টেশন থেকে পদব্রজেই রওনা হলাম আমরা। সর্বক্ষণের সঙ্গী সেই শহরের মানচিত্র। এই সাতসকালেও পর্যটকের দল ভিড় করে এগিয়ে যাচ্ছে শহরের কেন্দ্রের দিকে। সেই দলে ক্যামেরায় ঝপাঝপ ছবি তুলতে থাকা চীনা আর জাপানিদের সংখ্যাই বেশি। ধারণা করা হয়, স্বয়ং জুলিয়াস সিজার খ্রিষ্টপূর্বাব্দ ৫৯ সালে আরনো নদীর তীরে এই অপরূপা নগরের গোড়া পত্তন করেন। শহরের প্রায় সব রাস্তার মোড়েই চোখে পড়া অতি প্রাচীন সব স্থাপত্য সেই সুপ্রাচীন গৌরবময় অতীতের কথাই মনে করিয়ে দিচ্ছে। বেশ অলিগলি ঘুরে হঠাত্ই বুঝতে পারলাম আমরা একেবারে শহরের কেন্দ্রস্থলে পৌঁছে গেছি। দৃশ্যপটে আবির্ভাব ঘটেছে ফ্লোরেন্সের প্রতীক বলে খ্যাত নয়নাভিরাম ফ্লোরেন্স ক্যাথেড্রালের। চোখের সামনে আকাশকে পর্যন্ত আড়াল করে দেওয়া বিশ্বের চতুর্থ বৃহত্তম এই ক্যাথেড্রালটির মূল নির্মাণকাজ সম্পন্ন হয় ১৫০ বছরে। এই বিশালাকার তোরণ, সুউচ্চ খিলান আর টাওয়ার। সেই সঙ্গে সত্যিকার অর্থে দানবাকৃতির গম্বুজ মনের অজান্তেই শ্রদ্ধায় মাথা নুইয়ে দেয় রেনেসাঁর সেই মহান প্রকৌশলী আর কারিগরদের প্রতি। প্রতিটি দরজায়ই কাঠ আর ধাতুর সমন্বয়ে অতি নিখুঁতভাবে বাইবেলে নানা ঘটনার চিত্ররূপ ফুটিয়ে তোলা হয়েছে। বেশি সকাল বিধায় সিংহদ্বার বন্ধ। গেট খুলবে দুপুর দেড়টায়। তাই রওনা হলাম গ্যালারি দেল একাডেমিয়ার উদ্দেশে। এ-গলি সে-গলি ঘুরে অবশেষে বিশ্বখ্যাত এই জাদুঘরের বিশাল টিকিট-লাইনের সন্ধান পেলাম। এই সকালেও শিল্পপ্রেমীদের উত্সাহের কমতি নেই। ঢোকার পরপরই একটা লম্বাকৃতি বারান্দাজাতীয় ঘরের দুই পাশেই মাইকেল অ্যানজেলোর অসমাপ্ত বেশ কিছু ভাস্কর্য খুঁটিয়ে দেখার চিন্তা করছি। এ সময়ই চোখ গেল সামনের দিকে। চোখ কপালে তুলে বিস্ময়ে বোবা হয়ে থাকলাম কয়েক মুহূর্ত। সংবিত ফেরার পর গুটি গুটি এগোলাম সেই বারান্দাকক্ষের শেষ মাথায়। উঁচু এক বেদির ওপর সেখানে মাথা উঁচু করে কাঁধের ওপর দিয়ে তাকিয়ে আছে ভূলোকের সবচেয়ে বিখ্যাত আর নান্দনিক ভাস্কর্য মিকেল্যাঞ্জেলোর ডেভিড। এ এক অপরূপ বিস্ময়ের আধার। চোখের সামনে দেখেও বিশ্বাস করতে মন চায় না, কোনো মানুষ ৫০০ বছর আগে কেবল ছেনি-হাতুড়ি সম্বল করে অখণ্ডিত একটিমাত্র বিশাল পাথরের টুকরো থেকে এত জীবন্ত, এত সতেজ, এত নিখুঁত কোনো মানবমূর্তি তৈরি করতে পারে! পাঁচ মিটারেরও উঁচু দৈত্যকার কিশোর ডেভিড প্রস্তুতি নিচ্ছে শত্রু গোলিয়াথ বধের। তার আগমুহূর্তের কল্পিত চিত্র থেকে এই সুমহান সৃষ্টি গড়েছেন মিকেল্যাঞ্জেলো মাত্র ২৯ বছর বয়সে। মনে হলো, যেকোনো সময় বেদি থেকে নেমে ডেভিড হাঁটা শুরু করবে। একটু লক্ষ করলেই তার হাত, পা, কাঁধ—সর্বত্রই ছড়ানো রক্ত পরিবহনকারী শিরা-উপশিরা, পরিষ্কার বোঝা যায় অবিকল মানুষের মতো! এটাও সেই হাতুড়ি-ছেনিরই কাজ। হয়তো আরেকটু ভালোমতো খেয়াল করলে দেখা যেত সেই শিরা-উপশিরা দিয়ে রক্ত চলাচলও করছে। আরও অনেক কিছুই ছিল দর্শনীয় গ্যালারি দেল একাডেমিয়ায়। নানা ভাস্কর্য, বিখ্যাত রেনেসাঁ শিল্পী জ্যোত্তের কাজের বিশাল সংগ্রহ; কিন্তু আমাদের মনেপ্রাণে ডেভিড এমন এক গভীর মুগ্ধতায় সম্মোহনী প্রভাব ফেলেছে যে আর অন্য কিছুতে কোনোভাবেই মনোযোগ গেল না। জয়তু ডেভিড! জয়তু মিকেল্যাঞ্জেলো!!পরবর্তী গন্তব্য বিশ্বের অন্যতম বিখ্যাত আর্ট গ্যালারি ফ্লোরেন্সের উফিজি। অবশ্য গন্তব্য এই শিল্পতীর্থে ৫০টির অধিক বিশালাকার কক্ষে অন্তত দেড় হাজার চিত্রকর্ম আছে, যার যেকোনো একটা পেলেই যেকোনো জাদুঘর বা দেশ বর্তে যাবে। মূলত ফ্লোরেন্সের মধ্যযুগের শাসনকর্তা মেদিচ্চি পরিবারের ব্যক্তিগত সংগ্রহই এখানে স্থান পেয়েছে, যা ১৭৪৩ সালে মেদিচ্চিদের শেষ বংশধর আন্না মারিয়া লুডোভিকা এই শর্তে দান করেন যে, এই অমূল্য সম্পদ কখনো তাঁর ভালোবাসার ফ্লোরেন্স শহরের বাইরে যাবে না! আমরা খানিকক্ষণ ঘোরাঘুরি করে সোজা ১০ নম্বর কক্ষে চলে গেলাম। যেখানে বিশ্বের অন্যতম সেরা রেনেসাঁ চিত্রকর বতিচেল্লির উল্লেখযোগ্য ১৫টি কাজ স্থান পেয়েছে। সে এক অবাক করা অসামান্য গুপ্তধনের ভুবন। দরজা দিয়ে প্রথমেই চোখে পড়ল বতিচেল্লির অমর সৃষ্টি বিশালাকৃতির প্রাইমাভেরা (বসন্ত)। দেয়ালজোড়া এই চিত্রকর্মের আছে বেশ কজন পৌরাণিক দেব-দেবী। আর এঁদের মধ্যে কোলের আঁচড় থেকে ফুল ছড়াতে ছড়াতে এগিয়ে যাচ্ছেন বসন্তের দেবী। এর পাশের দেয়ালে সম্ভবত চিত্রকরের সবচেয়ে বিখ্যাত সৃষ্টি। বার্থ অব ভেনাস! কী যে জাদু এই অপরূপ ক্যানভাসে! সমুদ্রে ভাসমান ঝিনুকের ওপর দাঁড়ানো ভেনাস-সুন্দরী দুই হাতে লজ্জা ঢাকতে ব্যস্ত। এলোচুল উড়ছে বাতাসে। মাথাটা মৃদুভাবে ডান দিকে কাত করা। চোখে অপার বিষণ্ন দৃষ্টি। বাতাসের দেবতা জোরালো ফুঁ দিয়ে ঝিনুকটিকে ডাঙায় নিয়ে যাওয়ার চেষ্টায় রত। আর অন্য দেবী এগিয়ে আসছেন এক জমকালো বস্ত্রখণ্ড দিয়ে তাকে আবৃত করতে। পৃথিবীতে আজ পর্যন্ত লাখো লেখক চেষ্টা করছেন বতিচেল্লির ভেনাসের সৌন্দর্য তাঁদের লেখনীর মাধ্যমে তুলে ধরতে; কিন্তু কেউই যে কিছুমাত্র সফল হননি, তা ভেনাসের চোখে চোখ পড়া মাত্রই বুঝে গেলাম। এই অপরূপ বোবা সম্মোহনী বিষণ্ন দৃষ্টি কি কলমের মাধ্যমে ফোটানো সম্ভব? মাথাটা আলতো কাত করে, চোখে চোখ রেখে ভেনাস যেন শুধাচ্ছেন—বোকা ছেলে, কোথায় ছিলে এত দিন? সেই কবে স্কুলজীবনে কাজী আনোয়ার হোসেনের অনূদিত অসাধারণ ছোটগল্প জালিয়াত-এ প্রথম জেনেছিলাম এই অপরূপ সৌন্দর্যের আধারের কথা। আজ নয়ন সার্থক হলো। আরও ছিল মেডাল হাতে যুবকের। পুরাণের জীব অশ্বাকৃতি মানব সেন্টরের অনন্যসাধারণ সুবিখ্যাত সব চিত্রকর্ম।জোর করেই পা বাড়ালাম সামনের দিকে। ওই ঘরের এক দেয়ালে ঝোলানো লিওনার্দো দ্য ভিঞ্চির তিনটি সুবিখ্যাত সৃষ্টি। অ্যাডোরেশন অব ম্যাজাই, অ্যানিসিয়েশন আর যিশুর ব্যাপ্টিজম (পেইন্টিংটি আসলে লিওনার্দোর গুরু ভেরোচ্চিওর আঁকা। শুধু বাঁ পাশের একটা দেবদূত তত্কালীন শিক্ষানবিশ লিওনার্দোর আঁকা; কিন্তু গোটা চিত্রকর্মটি দেখলে ক্যানভাস জুড়ে থাকা যিশু বা অন্যরা নন, কেবল সেই হাঁটু গেড়ে থাকা দেবদূতটার দিকেই চোখ চলে যায় তাঁর ভিন্ন আঁকার ভঙ্গি আর স্বর্গীয় সৌন্দর্যের কারণে। কিংবদন্তি বলে, এই দেবদূত দেখার পর গুরু ভেরোচ্চিও ছবি আঁকা ছেড়ে দিয়েছিলেন!)। একেক কক্ষে একেক বিস্ময়। দীর্ঘ বারান্দাগুলোতেও ভাস্কর্যের সারি। মাঝে কাচের জানালা দিয়ে একচিলতে ফ্লোরেন্স আর আরনো নদী দেখা যায়। নদীর বুকে নানা বাহারি সেতু, মেঘের ফাঁক গলে মায়াবী সোনাঝরা রোদে ফ্লোরেন্সকে মনে হয় এক টুকরো স্বর্গ। সেই সৌন্দর্য-সুধা উপভোগের পর প্রথম কক্ষে ঢুকতেই চক্ষু চড়কগাছ! দেয়ালে শোভা পাচ্ছে মিকেল্যাঞ্জেলোর দ্য হলি ফ্যামিলি। বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাস্কর মিকেল্যাঞ্জেলো যে সেই যুগের অন্যতম সেরা স্থপতি, কবি, যন্ত্রবিদের সঙ্গে সঙ্গে যে সর্বকালের অন্যতম সেরা চিত্রকরও ছিলেন, এর অন্যতম প্রমাণ দ্য হলি ফ্যামিলি। পেইন্টিংটি এত ঝকঝকে উজ্জ্বল রঙে আঁকা যে, বলা হয় এটা এখনো ততটাই উজ্জ্বল, যতটা ছিল আঁকার সময়, ১৫০৬ সালে।পরে গ্যালারিতে রাফায়েলের জয়জয়কার। বিশেষ করে তারুণ্যে তার আত্মপ্রতিকৃতিটা চোখে লেগে থাকে। এর পরে তিনতোরেত্তো, ফ্রানসেসকা, পোনতোর্মো, জ্যোত্তো, ডোনা টেল্লো, ফিলিপ্পো লিপ্পি, ফ্লোরেন্টিনো, দেল সার্তো জগত্কাঁপানো সব শিল্পীর সৃষ্টির সমাহার। শিল্পকলার এমন অমূল্যসম্ভার এক প্যারিসের ল্যুভ ছাড়া অন্য কোথাও দেখেছি বলে মনে পড়ছে না। এক কক্ষে দেখি টিটিয়ানের ১১টি অমর সৃষ্টি, যার মধ্যমণি হয়ে আছে উরবিনোর ভেনাস। টিটিয়ানের সুবিখ্যাত এই ভেনাস কেন জানি শুধু অ্যাডওয়ার্ড মানের অলিম্পিয়ার কথা মনে করিয়ে দেয়। যাওয়ার পথে চোখ বুলিয়ে গেলাম পিটার পল রুবেনস আর রেমব্রান্টের আলো-ছায়া নিয়ে কাজ করা অনন্যসাধারণ চিত্রকর্মগুলোতে। নিচতলায় বের হওয়ার আগমুহূর্তে চোখে পড়ল সুরাপাত্র হাতে বাক্কাসের পেইন্টিং। সামনে অস্বাভাবিক রকমের বাস্তব ফলের ঝুড়ি। এমন ফলের ঝুড়ি তো কেবল একজনই আঁকতে পারতেন—এমন সাত-পাঁচ ভেবে এগোচ্ছি। দেখি তা-ই, কারাভ্যাজ্জিরও আঁকা পানরত বাক্কাসসহ সুবিখ্যাত অন্যান্য পেইন্টিং। অবশেষে বিদায় বলার পালা উফিজিকে। এ জাদুঘরের ভেতরই কয়েক মাইল হাঁটায় খিদে পেয়েছে বেশ। কাছেই এক রেস্তোরাঁয় ফ্লোরান্টিনো পাস্তা জলপাইতেল দিয়ে তারিয়ে তারিয়ে খেলাম আরামে বসে। কাছেই ভেক্কিও প্রাসাদ। সামনে ডেভিডের বহুল প্রচারিত নকল ভাস্কর্য (আসল ডেভিডের সামনে ছবি তোলা নিষেধ, কাজেই দর্শনার্থীদের নকলটার সঙ্গেই ছবি তুলে দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়) সমুদ্রদেবতা নেপচুনের অপরূপ ঝরনা। আর পার্সিউসসহ নানা জগদ্বিখ্যাত ভাস্কর্যের নকল। আরও সব বিখ্যাত জাদুঘর। আর্ট গ্যালারির সমারোহ ফ্লোরেন্সে; কিন্তু দুই বন্ধু মিলে ঠিক করলাম আর নয়, এক দিনে এত বেশি এত চমত্কার স্মৃতি মাথায় সইবে না। আবার আসা যাবে দিনক্ষণ বুঝে। তাই ট্রেন স্টেশনের পথে মনে মনে ভাবছি, আবার কেন বারবার আসব। সুযোগ পেলেই ছুটে আসব অপরূপা ফ্লোরেন্সে। এমন জাদুমাখা শিল্পসমৃদ্ধ শহর আর দুটি আছে নাকি!