নগরের জীবনযাপনে একই ছাদের নিচে অনেকের বসবাস। অনেকের আবার আছে নিজস্ব ফ্ল্যাট। ফ্ল্যাটগুলো আলাদা হলেও ছাদ তো একটাই। কীভাবে ব্যবহার করবেন ফ্ল্যাটের ছাদ। এমন প্রশ্নের উদয় হয় অনেকের মনে।রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সাধারণ সম্পাদক প্রকৌশলী আনিসুজ্জামান ভূঁইয়া বলেন, শহুরে জীবনে নিজের থাকার জায়গার চাহিদা মেটাতে ফ্ল্যাটের স্বপ্ন দেখেন অনেকেই। বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি এখন ফ্ল্যাট বিক্রি করছে। তাই একটি বাড়িতে অনেক মালিকানা তৈরি হচ্ছে। আর এ ক্ষেত্রে সিঁড়ি, লিফট, গ্যারেজের পাশাপাশি ছাদের মালিকানা থাকে সব ফ্ল্যাট-মালিকের।তাই কেউ চাইলেই নিজের মতো করে ফ্ল্যাট-বাড়ির ছাদ একা ব্যবহার করতে পারে না। প্রতিটি ভবনের জন্য তাই থাকে আলাদা অ্যাসোসিয়েশন, যাদের কাজ থাকে ওই বাড়ির প্রতিটি ফ্ল্যাট-মালিকের বাড়িকেন্দ্রিক সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা।অনেকে ভবনের ছাদে আলাদা দেয়াল তুলে ব্যবহার করেন। রিহ্যাবের মতে, এটি সম্পূর্ণ অবৈধ। একটি ভবনে যদি ১০টি ফ্ল্যাট থাকে, তাহলে ছাদে কাপড় শুকানোর জন্য থাকতে হবে প্রত্যেকের জন্য সমান পরিমাণ সুবিধা। কেউ যদি ফুলের টবও রাখে, তাহলে সেটা অ্যাসোসিয়েশনের অনুমতি সাপেক্ষে। অন্যের অসুবিধা হলে সেটা করা যাবে না।অ্যাসোসিয়েশনটি গড়ে উঠবে জমির মালিক ও ফ্ল্যাট-মালিকদের সমন্বয়ে; যাতে করে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে সমস্যা না হয়। ফ্ল্যাট-মালিকদের যদি ছাদ ব্যবহারে কোনো ধরনের অসুবিধা হয় বা কেউ অন্যায় সুবিধা নিয়ে অন্যকে অসুবিধায় ফেলে, তাহলে তারা রিহ্যাবের সাহায্য নিতে পারে। আনিসুজ্জামান ভূঁইয়া বলেন, প্রতিটি বাড়ির জন্যই অ্যাসোসিয়েশন থাকা বাধ্যতামূলক। তাই কেউ যদি অ্যাসোসিয়েশন না করে, তাহলে সে আইনভঙ্গের জন্য দায়ী হবে।