চারতলার বারান্দার কার্নিশে সিগারেটের পোড়া টুকরা। বাড়ির কর্তার চোখে পড়ল এ দৃশ্য। ছেলে কি তাহলে সিগারেট ধরল! প্রশ্ন জাগে মনে। তাই প্রশ্নবাণে জর্জরিত হলো ছেলেটা। কিশোর পুত্রটি কিন্তু এসবের মধ্যে নেই। সে সত্যিই জানে না, কীভাবে বারান্দায় এল এই জিনিস। দীর্ঘ পারিবারিক আলোচনার পর ধারণা করা হলো, সিগারেটের টুকরার উৎস পাঁচতলা। ওপরতলার বাসিন্দার ফেলে দেওয়া সিগারেটের টুকরা চারতলার বারান্দায় পড়াতেই এই বিপত্তি।
২.
রাস্তায় হাঁটছেন আপনি। চট করে কোথা থেকে যেন উড়ে এল ডিমের খোসা। খোসা থেকে খানিকটা তরল ছিটকে পড়ল আপনার পোশাকে। হয়তো বেরিয়েছিলেন অফিসের উদ্দেশে। এমনটা হলে মেজাজ ঠান্ডা রাখা বেশ মুশকিলই হয়ে দাঁড়ায় বটে।
দুটো দৃশ্যেই দৃশ্যমান হচ্ছে শহুরে আধুনিকতায় কেতাদুরস্ত পরিপাটি সমাজের ভীষণ কেতাবিরুদ্ধ একটি দিক। সুউচ্চ ভবনের বাসিন্দাদের কেউ কেউ ভুল করে এমন পরিস্থিতি তৈরি করে ফেলেন অনেক সময়। অথচ একটু সচেতন হলে এমন দৃশ্যের অবতারণাই হতো না। আপনি যদি বাস করেন কোনো আবাসনে ফ্ল্যাট বাড়িতে, তাহলে অবশ্যই খেয়াল রাখুন কিছু বিষয়—
জানালা বা বারান্দা থেকে কিছু ফেলবেন না। রান্নাঘরের ময়লা কিংবা চুল তো নয়ই, কাগজের টুকরাও নয়। আর বারান্দা বা জানালা দিয়ে কফ-থুতু কিংবা ব্যবহৃত মাস্ক না ফেলা তো স্বাস্থ্যবিধিরই অংশ। বারান্দার গ্রিলে কাপড় মেললে কাপড়ের বাড়তি পানি ঝরিয়ে নিন মেলে দেওয়ার আগেই, যাতে কাপড় থেকে পানি নিচে ঝরে না পড়ে।
আপনার বারান্দায় আপনি সিগারেট খেলে অন্য কারও কিছু বলার নেই বটে (অবশ্য পাশেই অন্য বাসার বারান্দা থাকলে ভিন্ন কথা)। মনে রাখবেন, নিজের পাশাপাশি আপনার পরিবারের সদস্যদেরও স্বাস্থ্যঝুঁকিতে ফেলছেন আপনি। বারান্দায় বসে সিগারেট যদি খান, তবে সিগারেটের ছাই আর পোড়া টুকরা অবশ্যই ফেলুন ছাইদানিতে। এটি আপনার নাগরিক দায়িত্ব। শিশুরা কোনো জিনিস নিচে ছুড়ে ফেললে, তাদের বুঝিয়ে বলুন যে এটি ঠিক নয়।
প্রাণবন্ত বারান্দা, সচেতন নাগরিক
বারান্দার গাছে পানি দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করুন যাতে পানি নিচে না যায়। অনেকে বারান্দার গ্রিলের বর্ধিতাংশে টব রাখেন, তাতে বারান্দার জায়গা বাঁচে। তবে খেয়াল রাখবেন, এসব টব থেকে পানি চুইয়ে যেন নিচে না পড়ে। চলার পথে পানি পড়লে তা কারও গায়ে লাগতে পারে কিংবা ভেজা পথে কেউ পিছলে যেতে পারেন, বারান্দা বরাবর ঠিক নিচেই চলার পথ না থাকলেও নিচে কোথাও পানি জমা হয়ে মশার প্রজননক্ষেত্র তৈরি হতে পারে।
আরও যা
করোনাকালে শিশুদের ঘরেই থাকতে হচ্ছে। বাসাতেই ওদের খানিক দৌড়ঝাঁপ, খেলাধুলা। খেলতে দিন ওদের। তবে খেয়াল রাখুন যাতে ভারী কিছু (যেমন ফুটবল) আপনার মেঝেতে জোরালোভাবে না পড়ে। মনে রাখবেন, আপনার ঘরের মেঝেটাই কিন্তু ঠিক নিচের তলার বাসিন্দাদের ছাদ। সেই বাসায় বয়স্ক ব্যক্তি কিংবা রোগী থাকলে এমন আওয়াজে ভীষণ কষ্টে পড়ে যাবেন তাঁরা।
মসলা পেষা বা এ রকম ভারী শব্দের কাজ করতে হলে নিচের বাসিন্দাদের জানানো এবং তাঁদের কষ্টের জন্য অগ্রিম ক্ষমা প্রার্থনা করে নেওয়াই আপনার সৌজন্যবোধের পরিচায়ক। উপরন্তু রাতের বেলা এসব ভারী কাজ না করাই উচিত।
উঁচু ভবনের বাসিন্দাদের লিফট ব্যবহার তো করতেই হয়। লিফটে বাজারসদাই নিয়ে এলে শাকপাতার টুকরা কিংবা মাছ-মাংসের ব্যাগ থেকে রক্ত বা পানি লিফটে যদি পড়েও যায় অসাবধানতাবশত, দ্রুত তা পরিষ্কার করে ফেলার ব্যবস্থা করুন। ময়লা লেগে থাকা হাতে লিফটের বোতাম স্পর্শ করা উচিত নয়।
ওপরের তলার বাসিন্দাদের যদি কোনো পোষা প্রাণী থাকে, তাহলে জানালা ও বারান্দায় নেট দিয়ে রাখা আবশ্যক। নইলে প্রাণীটি ওপর থেকে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে।